‘বছরের প্রথম দিন শঙ্কা নিয়ে ঘুম ভেঙেছে। আতঙ্ক আর ভয় সঙ্গী করে অবরোধের মধ্যে অফিসে এসেছি। আমার ৪০ বছরের জীবনে কখনোই বছরের প্রথম দিনটিতে এমন শঙ্কা তৈরি হয়নি।’ কথাগুলো বলছিলেন সিলেট নগরের পাঠানটোলা এলাকার বাসিন্দা ব্যাংক কর্মকর্তা সুব্রত রায়।
গতকাল বুধবার দুপুরে বছরের প্রথম দিনে কথা হয় নগরের বিভিন্ন শ্রেণী-পেশার অন্তত ২৫ জন ব্যক্তির সঙ্গে। প্রত্যেকের অভিন্ন মত, চলমান রাজনৈতিক অস্থিরতার কারণে মানুষের আনন্দ-উচ্ছ্বাসে ভাটা পড়েছে। হাতে টাকা না থাকায় নববর্ষের আনন্দও ফিকে হয়ে এসেছে।
জিন্দাবাজার এলাকার ব্যবসায়ী আবদুর রব বলেন, অন্যান্য বছর নববর্ষের দিনে প্রচুর বেচাকেনা হতো। এবার বিক্রিতে ভাটা পড়েছে। অবরোধের কারণে এ অবস্থার সৃষ্টি হয়েছে। সকাল থেকে দুপুর পর্যন্ত ১০ হাজার টাকার বিক্রি হয়েছে। অন্য সময়ে ৩০ থেকে ৩৫ হাজার টাকার বিক্রি হতো।
শিবগঞ্জ এলাকায় কথা হয় নির্মাণশ্রমিক সুহেল আহমদের সঙ্গে। তিনি বলেন, ‘গরিব মাইনষের লাগি সব সমান। গত বছর যে-লা হরতাল-অবরোধে কামকাজ বন্ধ রাইখ্যা বইস্যা আছলাম, এই বছরও ইতার অই লক্ষণ দেখতাছি।’ শিক্ষক দেবাশীষ কুমার সরকারের সঙ্গে কথা হয় কুমারগাঁও বাসস্ট্যান্ড এলাকায়। তিনি বলেন, ‘দুই নেত্রীর একগুঁয়েমির কারণে দেশে অরাজক পরিস্থিতি বিরাজ করছে। দুই নেত্রীর মধ্যে শুভবোধের উদয় হোক—নতুন বছরে এটাই প্রত্যাশা।’