'বজরঙ্গি ভাইজান' মুসার বিরুদ্ধে ফের মামলা
বজরঙ্গি ভাইজানখ্যাত বরগুনার জামাল ইবনে মুসার বিরুদ্ধে এবার বাড়িতে হামলার অভিযোগে মামলা করেছেন ভারত থেকে পাচার হয়ে আসা শিশু সনুর আশ্রয়দাতা হাসি বেগম। বেতাগী থানায় গত রোববার মুসাসহ সাতজনের বিরুদ্ধে এই মামলা করা হয়।
দিল্লি থেকে ছয় বছর আগে পাচার হয়ে বাংলাদেশে আসা শিশু সনুকে মা–বাবার কাছে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করে দেওয়ায় ভারতীয় গণমাধ্যম মুসাকে ‘বজরঙ্গি ভাইজান’ আখ্যা দিয়েছে।
মামলায় মুসা, তাঁর ছেলে ফেরদৌস, দুই শ্যালক জাহাঙ্গীর খলিফা, নান্না খলিফাসহ সাতজনকে আসামি করা হয়। এর আগেও সনুকে অপহরণের অভিযোগ এনে গত ২১ ফেব্রুয়ারি মুসাসহ সাতজনের বিরুদ্ধে মামলা করেন হাসি বেগম।
মামলার আরজিতে হাসি বেগম বলেন, গত ১১ এপ্রিল সকাল নয়টার দিকে আসামিরা পূর্বশত্রুতার জের ধরে তাঁর (হাসি) বাড়িতে ঢুকে লাঠিসোঁটা নিয়ে হামলা চালান।
এদিকে, দিল্লি থেকে রোববার বাংলাদেশে ফিরে আসা জামাল ইবনে মুসা মঙ্গলবার প্রথম আলোকে বলেন, ‘যশোরে কিশোর আশ্রয়কেন্দ্রে গিয়ে সনুর সঙ্গে দেখা করেছি। এরপর সেখানকার কর্মকর্তাদের কাছে সনুর মা–বাবার ছবি, পরিচয়পত্র, সনু হারিয়ে যাওয়ার পর দিল্লির সীমাপুরি থানায় করা জিডির কপি, ওই সময়ে দিল্লির স্থানীয় কয়েকটি সংবাদপত্রে সনুর হারিয়ে যাওয়া–সংক্রান্ত কয়েকটি সংবাদের কপিসহ বিভিন্ন তথ্যপ্রমাণ জমা দিই।’
নতুন মামলার তদন্ত কর্মকর্তা বেতাগী থানার উপপরিদর্শক (এসআই) আবদুল জলিল বলেন, ‘মুসা ও তাঁর ছেলে খুব খারাপ। ওঁদের অত্যাচারে হাসি বেগম ও তাঁর পরিবার টিকতে পারছে না।’
আরও পড়ুন:
বাংলাদেশের বজরঙ্গি ভাইজান