‘বঞ্চিতদের কান্না থামাতে সহায়তার হাত বাড়াতে হবে’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আমরা আর বঞ্চিতদের কান্না শুনতে চাই না। তাদের দিকে সহায়তার হাত বাড়াতে হবে। বন্ধুত্বের শক্তিকে মানুষের কল্যাণে ব্যবহার করতে হবে। এই অঙ্গীকারের মধ্য দিয়ে অনুষ্ঠিত হলো সুবিধাবঞ্চিত মানুষের সেবায় নিয়োজিত আন্তর্জাতিক নারী সংগঠন ইনার হুইল ক্লাব ডিস্ট্রিক্ট-৩২৮-এর আইএসও মিট-২০১০। গতকাল শুক্রবার রাজধানীর নভো কনভেনশন সেন্টারে মিলিত হন সারা দেশের ইনার হুইল ক্লাবের সদস্যরা। অনুষ্ঠানের শুরুতে অধ্যাপক ও লেখক মুহম্মদ জাফর ইকবাল ক্লাবের ওয়েবসাইট ও একটি প্রকাশনার উদ্বোধন করেন। ওয়েবসাইটটির মাধ্যমে ইনার হুইল ক্লাব সমাজের সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণে আরও সক্রিয়ভাবে কাজ করতে পারবে বলে আশা প্রকাশ করেন তিনি। সংগঠনের সদস্য শিল্পী ফেরদৌসী রহমান বলেন, ‘আমাদের পুতুল খেলার দিন শেষ হয়ে গেছে। সংসারও গোছানো হয়েছে। এখন আমাদের চার পাশে যারা সুবিধাবঞ্চিত আছে, তাদের দিকে চোখ ফেরাতে হবে। যাদের কান্না আমরা শুনতে চাই না, তাদের দিকে বন্ধুত্বের হাত বাড়িয়ে দিতে হবে।’ ইনার হুইলের ডিস্ট্রিক্ট চেয়ারম্যান তাহেরা মুজাফ্ফর সম্প্রতি প্রকট হয়ে দেখা দেওয়া মেয়েদের উত্ত্যক্ত করার সমস্যাটি প্রতিরোধে সবাইকে একযোগে সুষ্ঠু পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান। সংগঠনের জাতীয় প্রতিনিধি সোফিয়া কবির বলেন, ‘বন্ধুত্ব দিয়ে এই সংগঠনের সৃষ্টি, বন্ধুত্বের মধ্য দিয়েই এর প্রাপ্তি ঘটবে।’ সংগীতশিল্পে বিশেষ অবদানের জন্য ইনার হুইলের সদস্য মহসিনা আখতার খান (লীনা তাপসী) এবং নারী ও শিশু অধিকার রক্ষায় ভূমিকা রাখায় অ্যাডভোকেট সালমা আলীকে সংবর্ধনা দেওয়া হয়।