'বড় স্বপ্ন দেখার জন্য বই পড়া দরকার'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশ্বসাহিত্য কেন্দ্রের সভাপতি অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদ বলেছেন, আর্থিকভাবে প্রতিষ্ঠিত হওয়ার জন্য পাঠ্যবই পড়ার প্রয়োজন আছে। কিন্তু বিকশিত হওয়ার জন্য, বড় স্বপ্ন দেখার জন্য অন্য সৃজনশীল বই পড়া দরকার। পৃথিবীতে বড় মানুষেরা কেবল পাঠ্যবই পড়ে বড় হননি।
শিক্ষা মন্ত্রণালয় ও বিশ্বসাহিত্য কেন্দ্রের যৌথভাবে পরিচালিত ‘সেকেন্ডারি এডুকেশন কোয়ালিটি অ্যান্ড অ্যাকসেস এনহান্সমেন্ট প্রজেক্ট’ (সেকায়েপ)-এর অধীনে পাঠাভ্যাস উন্নয়ন কর্মসূচির ঢাকা বিভাগের ‘সেরা সংগঠক উদ্দীপনা পুরস্কার বিতরণ অনুষ্ঠান’-এ আবদুল্লাহ আবু সায়ীদ গতকাল শনিবার এসব কথা বলেন। বিশ্বসাহিত্য কেন্দ্রের ইস্ফেন্দিয়ার জাহেদ হাসান মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
প্রধান অতিথি শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেন, ১৯৭১ সালে যে লক্ষ্য নিয়ে দেশ স্বাধীন হয়েছিল, নতুন প্রজন্মের বড় দায়িত্ব সে লক্ষ্য অর্জন করা। আধুনিক জ্ঞান ও প্রযুক্তিনির্ভর জনশক্তির মাধ্যমে সেটা সম্ভব। এ জন্য পাঠ্যবই ভালোমতো পড়তে হবে। পাশাপাশি শিক্ষার্থীদের অন্য বইও পড়তে হবে। অনুষ্ঠানে আরও বক্তৃতা করেন বাংলা একাডেমির মহাপরিচালক শামসুজ্জামান খান।
অনুষ্ঠানে জানানো হয়, ২০১০ সালে পাঠাভ্যাস উন্নয়ন কর্মসূচির আওতায় ৯৫ হাজার ৩৪ জন শিক্ষার্থী বই পড়ত। ২০১৪ সালে এ শিক্ষার্থীর সংখ্যা বেড়ে হয় ৮ লাখ ১১ হাজার ৯৬২। ২৬ উপজেলার এক হাজার শিক্ষাপ্রতিষ্ঠানে শুরু হওয়া এ কর্মসূচি এখন ২১৫টি উপজেলার ৯ হাজার ৬১৮টি শিক্ষাপ্রতিষ্ঠানে ছড়িয়ে পড়েছে। সারা দেশে ৬ হাজার ৬৬৮ জন সংগঠক ‘পাঠাভ্যাস উন্নয়ন কর্মসূচি’ পরিচালনা করেন, তাঁদের মধ্যে ৬৭২ জন সেরা সংগঠক নির্বাচিত হয়েছেন। এর মধ্যে ঢাকা বিভাগের ১২১ জনকে গতকালের অনুষ্ঠানে পুরস্কৃত করা হয়। পরে বাকিদের হাতে পুরস্কার তুলে দেওয়া হবে।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক ফাহিমা খাতুন এবং সেকায়েপ প্রকল্প পরিচালক ও অতিরিক্ত সচিব মো. মাহামুদ-উল-হক। স্বাগত বক্তব্য দেন বিশ্বসাহিত্য কেন্দ্রের পরিচালক শরিফ মো. মাসুদ।
অনুষ্ঠানে পাঠাভ্যাস উন্নয়ন কর্মসূচির একটি অনলাইন পোর্টাল উদ্বোধন করেন শিক্ষামন্ত্রী। www.drh-seqaep.org ওয়েব ঠিকানায় গিয়ে বিভিন্ন ধরনের বাইরের বই ছাড়াও মাধ্যমিক পর্যায়ের পাঠ্যবইগুলো ডাউনলোড করে পড়া যাবে।