'বড় হতে বড় চিন্তা করতে হবে'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ছোট ছোট চিন্তা করলে কখনো বড় হওয়া যাবে না। সব সময় চিন্তার জায়গাটা বড় করতে হবে। তাহলেই জীবনে বড় কিছু করা সম্ভব। তবে আর্ট-কালচারকে বাদ দিলে হবে না। কারণ, এগুলোও জীবনের অংশ। এসব মনের চোখ খুলে দিতে সহায়তা করে।
শিক্ষার্থীদের উদ্দেশে এসব কথা বলেন বাংলাদেশ গণিত অলিম্পিয়াড কমিটির সাধারণ সম্পাদক ও প্রথম আলোর যুব কর্মসূচির সমন্বয়কারী মুনির হাসান। গতকাল শনিবার খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আন্তবিশ্ববিদ্যালয় টেক ফিয়েস্তা অনুষ্ঠানের সেমিনারে তিনি এসব কথা বলেন। সেমিনারে আরও বক্তব্য দেন প্রথম আলোর ক্রীড়া সম্পাদক উৎপল শুভ্র এবং বিশ্ববিদ্যালয়ের তড়িৎ ও ইলেকট্রনিক কৌশল বিভাগের প্রধান আশরাফুল আলম ভূঁইয়া।
দুই দিনব্যাপী আন্তবিশ্ববিদ্যালয় টেক ফিয়েস্তার আয়োজন করে খুলনা প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের তড়িৎ ও ইলেকট্রনিক কৌশল বিভাগ। এতে দেশের ৩০টি সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের প্রায় ৪০০ জন প্রতিযোগী অংশ নেন। প্রতিযোগিতার সার্বিক সহায়তায় ছিল প্রথম আলো।
সেমিনার শেষে অনুষ্ঠিত হয় সমাপনী পর্ব। এ পর্বে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন এনার্জিপ্যাক খুলনা অঞ্চলের ডেপুটি ম্যানেজার মোস্তাফিজুর রহমান, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মুহাম্মদ আলমগীর প্রমুখ। পরে টেক ফিয়েস্তা প্রতিযোগিতার বিজয়ীদের নাম ঘোষণা ও তাঁদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।
এর আগে সকাল নয়টার দিকে বিশ্ববিদ্যালয় মিলনায়তনে শুরু হয় পোস্টার উপস্থাপন ও হার্ডওয়্যার প্রদর্শনী। সকাল ১০টায় তড়িৎ ও ইলেকট্রনিক কৌশল বিভাগে শুরু হয় সফটওয়্যার প্রদর্শনী। একই সময়ে মিলনায়তনে শুরু হয় আকর্ষণীয় ডুয়েল অব রোবট প্রতিযোগিতার ফাইনাল রাউন্ড। কোয়ালিফায়ার রাউন্ড থেকে আসা ১৬টি দলের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হয়। এ রাউন্ডে সিলেটের মেট্রোপলিটন ইউনিভার্সিটির দল জেনার ডায়োড প্রথম, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের দল সাস্ট এসেস দ্বিতীয় ও খুলনা প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের দল ইলেকট্রোস্কলারস তৃতীয় হয়।
সফটওয়্যার দলগুলোর মধ্যে বিজয়ীরা হলো খুলনা প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের ল্যাপটাচ, ঢাকার নর্থ সাউথ ইউনিভার্সিটির দল আনটাইটেল্ড ও ঢাকা আহসানউল্লাহ ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির মারখোর। হার্ডওয়্যার দলগুলোর মধ্যে বিজয়ীরা হলো ঢাকা আহসানউল্লাহ ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির কনস্ট্যান্ট, গ্রিন টেক ও খুলনা প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের অ্যামিকেবল বট।
পোস্টার উপস্থাপনে বিজয়ী তিনটি দলই খুলনা প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের। এগুলো হলো অ্যাকুয়াহিটার, টিএইউ ও হযবরল কুয়েটিয়ানস।