'বদমাশ' ছাত্রনেতাদের ক্ষমা প্রার্থনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেটের মদনমোহন কলেজে স্নাতক সম্মান শ্রেণীতে ভর্তি কার্যক্রম সামনে রেখে তৎপর হয়ে ওঠা ‘বদমাশ’ ছাত্রনেতারা শিক্ষক লাঞ্ছনার ঘটনায় ক্ষমা চেয়েছেন। গতকাল বুধবার দুপুরে কলেজের শিক্ষক মিলনায়তনে মদনমোহন কলেজ ‘শিক্ষক পর্ষদ’ আয়োজিত যৌথ সভায় কলেজ ছাত্রলীগের সভাপতি অরুণ দেবনাথ ও ছাত্রদলের সভাপতি কাজী মেরাজ উপস্থিত হয়ে ক্ষমা প্রার্থনা করেন। পরে যৌথ সভার সিদ্ধান্ত অনুযায়ী কলেজের শিক্ষকদের চলমান কর্মবিরতি কর্মসূচি প্রত্যাহার করা হয়।
কলেজ সূত্র জানায়, ভর্তি কার্যক্রম সামনে রেখে শিক্ষক মিলনায়তনে ১৭ নভেম্বর অনুষ্ঠিত সভায় ছাত্রলীগের অরুণ দেবনাথ ও ছাত্রদলের কাজী মেরাজের নেতৃত্বে ছাত্রনেতাদের হাতে লাঞ্ছিত হন একজন অধ্যাপক। এ ঘটনার প্রতিবাদে পরদিন এক ঘণ্টার কর্মবিরতি পালন করেন শিক্ষকেরা। কর্মসূচিতে কলেজের কর্মকর্তা ও কর্মচারীরাও একাত্ম হয়ে জড়িত ছা
ত্রনেতাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান এবং লাগাতার কর্মবিরতির ঘোষণা দেন। এর পরিপ্রেক্ষিতে গতকাল যৌথ সভা আহ্বান করা হয়।
‘শিক্ষক পর্ষদ’ গতকাল সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জানায়, কলেজের অধ্যক্ষ আবুল ফতেহ ফাত্তাহর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় কলেজের উপাধ্যক্ষ সর্ব্বানী অর্জ্জুন, উপাধ্যক্ষ (একাডেমিক) মো. রফিকুল ইসলাম, জ্যেষ্ঠ শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন। সভার একপর্যায়ে অরুণ দেবনাথ ও কাজী মেরাজ উপস্থিত হয়ে শিক্ষক লাঞ্ছনার জন্য দুঃখ প্রকাশ করে ক্ষমা প্রার্থনা করেন। পরে শিক্ষক পর্ষদ কর্মবিরতি কর্মসূচি প্রত্যাহার করে নেয়।
সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে শিক্ষক পর্ষদ সম্পাদক মো. মবশ্বীর আলী জানান, অপ্রীতিকর ওই ঘটনার পরিপ্রেক্ষিতে তাঁরা (ছাত্রলীগ-ছাত্রদলের নেতারা) ক্ষমা প্রার্থনা করায় কর্মবিরতির কর্মসূচি প্রত্যাহার করে নেওয়া হয়েছে। তবে ভবিষ্যতে এ ঘটনার পুনরাবৃত্তি ঠেকাতে কলেজ কর্তৃপক্ষের কাছে তাঁরা ছয় দফা দাবি পেশ করেছেন।
কলেজের অধ্যক্ষ আবুল ফতেহ ফাত্তাহ বলেন, ‘ভবিষ্যতে এ ধরনের অপ্রীতিকর ঘটনার পুনরাবৃত্তি যাতে না ঘটে, সে ব্যাপারে ছাত্রনেতা ও সাধারণ শিক্ষার্থীরা সতর্ক থাকবেন বলে আমরা আশা করি।’
মদনমোহন কলেজ পরিচালনা পর্ষদের সভাপতি অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। গত ২৪ সেপ্টেম্বর তিনি সংবাদ সম্মেলন করে কলেজে ছাত্রনেতাদের ভর্তি-বাণিজ্যে প্রায় ৭০ লাখ টাকা লুটপাট হওয়ার তথ্য প্রকাশ করেন। এ কাজ ছাত্রনেতারা করেছেন উল্লেখ করে তিনি ছাত্রনেতাদের ‘বদমাশ’ বলে অভিহিত করেন। এর পর থেকে কলেজের ভর্তিসংক্রান্ত যাবতীয় লেনদেন অনলাইনের মাধ্যমে শুরু হয়।