'বদমাশ' ছাত্রনেতাদের গ্রেপ্তারে প্রথম অভিযান ব্যর্থ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের নির্দেশে সিলেটের মদনমোহন কলেজের ‘বদমাশ’ ছাত্রনেতাদের গ্রেপ্তারে পুলিশের প্রথম অভিযানই ব্যর্থ হয়েছে। চাঁদা না পেয়ে কলেজ অধ্যক্ষের কক্ষ ভাঙচুরের মামলায় প্রধান আসামি ছাত্রলীগের নেতা অরুণ দেবনাথকে গ্রেপ্তারে গত শুক্রবার রাতে অভিযান চালায় পুলিশ।
গত শুক্রবার বিকেলে অর্থমন্ত্রী সিলেট অবস্থানকালে মদনমোহন কলেজ পরিদর্শনে গিয়ে কলেজ অধ্যক্ষের দায়ের করা মামলায় আসামি গ্রেপ্তারে পুলিশকে নির্দেশ দেন। নির্দেশ পেয়ে শুক্রবার রাত নয়টার দিকে অরুণ দেবনাথকে গ্রেপ্তারে দক্ষিণ সুরমার গ্রামের বাড়িতে অভিযান চালিয়েছিল সিলেট কোতোয়ালি থানার পুলিশের একটি দল। তাঁকে বাড়িতে না পেয়ে পুলিশ ফিরে এসেছে। কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান গ্রেপ্তার অভিযান অব্যাহত রয়েছে জানিয়ে গতকাল শনিবার বিকেলে প্রথম আলোকে বলেন, ‘গ্রেপ্তার না হওয়া পর্যন্ত অভিযান অব্যাহত রাখা হবে।’
স্থানীয় সাংসদ হিসেবে অর্থমন্ত্রী মদনমোহন কলেজ পরিচালনা কমিটির সভাপতি। ছাত্রলীগ ও ছাত্রদলের নেতাদের একটি চক্র কলেজে ভর্তি-বাণিজ্য করে প্রায় ৭০ লাখ টাকা লোপাট করে। গত বছরের ২৪ সেপ্টেম্বর সংবাদ সম্মেলন করে অর্থমন্ত্রী লুটপাটের এ তথ্য প্রকাশ করে ভর্তির টাকা লুটপাটকারী ছাত্রনেতাদের ‘বদমাশ’ বলে ভর্ৎসনা করেছিলেন। কলেজ সূত্রে জানা গেছে, ভর্তি-বাণিজ্যে কলেজ ছাত্রলীগের সভাপতি (বর্তমানে স্থগিত করা হয়েছে) অরুণ দেবনাথ ও জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি কাজী মেরাজের নেতৃত্বে একটি পক্ষ সক্রিয় রয়েছে। গত ২৬ জানুয়ারি ছাত্রলীগের অরুণ দেবনাথের নেতৃত্বে একটি পক্ষ চাঁদা না পেয়ে কলেজ অধ্যক্ষের কক্ষ ভাঙচুর করে। এ ঘটনায় অরুণকে প্রধান আসামি করে অধ্যক্ষ সিলেট কোতোয়ালি থানায় মামলা করেন। ওই ঘটনার পর গত শুক্রবার অর্থমন্ত্রী সিলেট এলে বেলা তিনটায় তিনি কলেজ পরিদর্শনে যান। ভাঙচুর করা কলেজ অধ্যক্ষের কার্যালয়সহ বিভিন্ন কক্ষ পরিদর্শনকালে অর্থমন্ত্রী আসামি গ্রেপ্তারে পুলিশকে নির্দেশ দেন।