'বদমাশ' ছাত্রনেতারা ফের তৎপর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেটের মদনমোহন কলেজের সেই ‘বদমাশ’ ছাত্রনেতারা এবার কলেজ অধ্যক্ষের কক্ষ ভাঙচুর করেছেন। গত রোববার বিকেলে কলেজ ছাত্রলীগের সভাপতি অরুণ দেবনাথের নেতৃত্বে ছাত্রলীগের একটি পক্ষ অধ্যক্ষের দপ্তরে গিয়ে মোটা অঙ্কের চাঁদা দাবি করে। অধ্যক্ষ চাঁদা দিতে অস্বীকৃতি জানালে ভাঙচুর করা হয়।

এ ঘটনার পরিপ্রেক্ষিতে গত সোমবার রাতে কলেজ পরিচালনা কমিটির জরুরি সভা হয়। এতে ঘটনার নিন্দা জানিয়ে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত হয়েছে। সিলেটের ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান মদনমোহন কলেজে ভর্তির ৭০ লাখ টাকা মেরে দেওয়ার একটি ঘটনা গত বছরের সেপ্টেম্বর মাসে উন্মোচিত হয়। সেই ঘটনা প্রকাশ করে স্থানীয় সাংসদ হিসেবে কলেজ পরিচালনা কমিটির সভাপতির দায়িত্বে থাকা অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত গত ২৪ সেপ্টেম্বর সিলেটে সংবাদ সম্মেলন করেন। তিনি বলেন, ‘মদনমোহন কলেজের ছাত্রনেতা বদমাশ।’

কলেজ সূত্র জানায়, রোববার বেলা সাড়ে তিনটার দিকে কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি অরুণ দেবনাথ কলেজ অধ্যক্ষকে জরুরিভিত্তিতে ক্যাম্পাসে আসার অনুরোধ জানান। ওই দিন কলেজের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী থাকায় ক্যাম্পাস বন্ধ ছিল। অরুণের ফোন পেয়ে কলেজের অধ্যক্ষ তাৎক্ষণিকভাবে ক্যাম্পাসে আসেন। এ সময় অরুণ আসন্ন পূজা উপলক্ষে অধ্যক্ষের কাছে পূজার জন্য কলেজ তহবিল থেকে চাঁদা চান। পূজার বাজেট কলেজ পরিচালনা কমিটির অনুমোদন ব্যতীত ও পূজা উদ্যাপন কমিটি গঠনের আগে কোনো ধরনের টাকা দিতে অধ্যক্ষ অস্বীকৃতি জানান। এতে ক্ষুব্ধ হয়ে অরুণ বিভিন্ন শিক্ষকদের নাম ধরে গালাগাল করেন। একপর্যায়ে তাঁর সঙ্গে থাকা ছাত্রলীগের কর্মীরা অধ্যক্ষের কক্ষ, চেয়ার ও জানালার কাচ ভাঙচুর করেন। পরদিন সোমবার সকালে কলেজ অধ্যক্ষের অপসারণ দাবি করে কলেজ ছাত্রলীগের সভাপতি অরুণ দেবনাথ ও কলেজ ছাত্রদলের সহসভাপতি হেলাল আহমদের নেতৃত্বে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল হয়।

অরুণ দেবনাথ প্রথম আলোর কাছে দাবি করেন, তিনি ভাঙচুরের সঙ্গে সম্পৃক্ত ছিলেন না। এর পরও ঘটনার জন্য গতকাল মঙ্গলবার কলেজে গিয়ে দুঃখ প্রকাশ করে এসেছেন। ভাঙচুরে না থেকে তাহলে দুঃখ প্রকাশ করলেন কেন—এমন প্রশ্নে অরুণ বলেন, ‘আমি সেখানে গিয়েছিলাম। কিন্তু পূজার চাঁদা দিতে স্যার (অধ্যক্ষ) রাজি না হওয়ায় রাগ করে ফিরে এসেছি। পরে শুনেছি ভাঙচুর হয়েছে। আমি গিয়েছিলাম বলে ঘটনার জন্য দুঃখ প্রকাশ করেছি।’ এ ঘটনার পরিপ্রেক্ষিতে সোমবার রাতে শিক্ষক মিলনায়তনে কলেজ পরিচালনা কমিটি জরুরি সভা হয়। অধ্যক্ষের কক্ষ ভাঙচুরকারী ছাত্রলীগ কর্মীদের ‘বহিরাগত ও অছাত্র’ অভিহিত করে তাঁদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত হয় সভায়। অধ্যক্ষ জানান, রাতেই ঘটনাটি পুলিশকে জানানো হয়েছে।

সিলেট কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান বলেন, ‘সোমবার রাতে ঘটনাস্থল পরিদর্শন করে এসেছি। দোষীরা কোন রাজনৈতিক দলের সঙ্গে সম্পৃক্ত, এটা বিবেচনায় না নিয়ে আইনগত ব্যবস্থা নিতে কলেজ পরিচালনা কমিটি পুলিশকে বলেছে।’