'বদরগঞ্জ জুনের মধ্যে বাল্যবিবাহ মুক্ত হবে'
রংপুরের বদরগঞ্জ উপজেলার নিকাহ নিবন্ধকেরা (কাজি) বাল্যবিবাহ নিবন্ধন না করার শপথ নিয়েছেন। এদিকে আগামী বছরের জুন মাসের মধ্যে এ উপজেলাকে বাল্যবিবাহমুক্ত করার অঙ্গীকার করলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ফজলে রাব্বি।
উপজেলা প্রশাসনের আয়োজনে গতকাল বুধবার বেলা ১১টার দিকে বাল্যবিবাহ, যৌতুক, সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্য (এমডিজি) বিষয়ক দিনব্যাপী কর্মশালার আয়োজন করা হয়। এ অনুষ্ঠানে কাজিরা এই অঙ্গীকার করেন।
উপজেলা পরিষদ হলরুমে ওই কর্মশালায় সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত ইউএনও আরিফ বেগ। বক্তব্য দেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সাইদুল ইসলাম ও রুবিনা আক্তার, গভর্নেন্স প্রজেক্টের রংপুর জেলা সমন্বয়কারী জাহাঙ্গীর হোসেন, উপজেলা মহিলাবিষয়ক কর্মকর্তা লায়লা আক্তার প্রমুখ।
মানববন্ধন: মেয়েদের বিয়ের বয়স ১৮ বছর বহাল রাখার দাবিতে গতকাল বিকেলে উপজেলার শহীদ মিনার চত্বরে মানববন্ধন হয়েছে। ওই মানববন্ধনের আয়োজন করেন বেসরকারি সংস্থা নাগরিক উদ্যোগ।