'বন বিনষ্ট করে ঋতু-বন্দনা অসম্ভব'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মানসিকভাবে আমরা জাতি হিসেবে কতটুকু অসহিষ্ণু, সেটা দেশের প্রকৃতির দিকে খেয়াল করলেই বোঝা যাবে। কোনো কারণ ছাড়াই নির্বিচারে প্রকৃতিকে ধ্বংস করছি। অথচ এ দেশ ঋতুবৈচিত্র্যের দেশ হিসেবে পরিচিত। একদিকে সুন্দরবন বিনষ্ট করা হচ্ছে, অন্যদিকে শরৎ-বন্দনা হচ্ছে। এই দ্বৈত চরিত্র কাম্য নয়।

গতকাল শুক্রবার বিকেলে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে সাংস্কৃতিক সংগঠন শ্রুতির উদ্যোগে আয়োজিত ‘শরৎ উৎসব’ অনুষ্ঠানে বক্তারা এসব কথা বলেন। তাঁরা বলেন, বনকে বিনষ্ট করে ঋতু-বন্দনা অসম্ভব। তাই নিজেদের অস্তিত্বের জন্যই প্রকৃতি ও প্রকৃতির সৌন্দর্য রক্ষা করা উচিত।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন আয়োজক সংগঠনের সদস্যসচিব সুকান্ত গুপ্ত এবং পুরো অনুষ্ঠান সঞ্চালনা করেন সুমন্ত গুপ্ত। অনুষ্ঠান শুরুর আগে সদ্যপ্রয়াত লেখক সৈয়দ শামসুল হকের স্মরণে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়।

আমন্ত্রিত অতিথিদের মধ্যে গণতন্ত্রী পার্টির কেন্দ্রীয় কমিটির সভাপতি মো. আরশ আলী, সিলেট সিটি করপোরেশনের সাবেক মেয়র বদরউদ্দিন আহমদ কামরান, মুক্তিযোদ্ধা সংসদ সিলেট মহানগর ইউনিটের কমান্ডার ভবতোষ রায় বর্মণ, বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) সিলেটের সাধারণ সম্পাদক আবদুল করিম কিম এবং শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক সরকার সোহেল রানা অনুষ্ঠানে বক্তব্য দেন।

আলোচনা শেষে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেখানে শ্রুতি সিলেটের শিল্পীরা সংগীত পরিবেশন করেন এবং ছন্দ নৃত্যালয়ের শিল্পীরা পরিবেশন করেন দলীয় নৃত্য। এর বাইরে স্থানীয় গীতিকারদের লেখা সংগীত পরিবেশন করেন শিল্পী লাভলী দেব, প্রদীপ মল্লিক, লিংকন দাশ, সোনিয়া রায়, সুবর্ণা দাশ প্রমুখ। অনুষ্ঠানে আসা ব্যক্তিদের শিউলি ফুল, কাশফুল আর পদ্মফুল দিয়ে বরণ করে নেওয়া হয়।