‘বনদস্যু’ আখ্যায়িত করায় গতকাল সোমবার জাতীয় সংসদের অধিবেশন থেকে কয়েক মিনিটের জন্য ওয়াকআউট করেছেন একমাত্র স্বতন্ত্র সাংসদ ফজলুল আজিম। তাঁকে ‘বনদস্যু’ আখ্যায়িত করে স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুনের দেওয়া ওই বক্তব্য স্পিকার আবদুল হামিদ এক্সপাঞ্জ করেন।২০১০-১১ অর্থবছরের সম্পূরক বাজেটের ছাঁটাই প্রস্তাবের ওপর আলোচনায় অংশ নিয়ে ফজলুল আজিম তাঁর নির্বাচনী এলাকা হাতিয়ায় বনদস্যুদের উৎপাত এবং নোয়াখালীর পুলিশ সুপারের বিরুদ্ধে অভিযোগ উত্থাপনের পরও ব্যবস্থা না নেওয়ায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সমালোচনা করেন।এর জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘এই সংসদ সদস্যের চরিত্র সম্পর্কে কী বলব, গত জোট সরকারের আমলে তিনি ৪০০ বনদস্যু হত্যার সঙ্গে জড়িত ছিলেন। তিনি নিজেও একজন বনদস্যু। এখন সংসদে এসে বিরোধী দলের নেতাদের গ্রেপ্তারের সমালোচনা করছেন।’স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের প্রতিবাদ জানাতে ফজলুল আজিম ফ্লোর চাইলেও স্পিকার ফ্লোর না দিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য এক্সপাঞ্জ করেন। তিনি বলেন, ‘মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী, আপনি বলেছেন, মাননীয় সংসদ সদস্য বনদস্যু হত্যা করেছেন, আবার বলেছেন তিনি নিজেই বনদস্যু। তা তো হতে পারে না।’স্পিকারের এ বক্তব্যের আগেই ওয়াকআউট করেন ফজলুল আজিম। কয়েক মিনিট পর ফিরে এসে অন্য ছাঁটাই প্রস্তাবের আলোচনায় তিনি বলেন, ‘আমার শিক্ষা ও পারিবারিক ঐতিহ্য কী, তা দেখেন। আমি যদি বনদস্যু হই, তাহলে এই ৩০০ সংসদ সদস্য কী? স্বরাষ্ট্রমন্ত্রীর এ বক্তব্যে সকল সংসদ সদস্যকেই অপমান করা হয়েছে।’ এ সময় স্পিকার বলেন, ‘মন্ত্রীর বক্তব্য এক্সপাঞ্জ করা হয়েছে।’