'বন্দর রক্ষার নামে অরক্ষার আন্দোলন হচ্ছে'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এই যন্ত্রটির নাম ‘ওয়াটার মাস্টার-ক্ল্যাসিক ফোর’। এটি জলে ও ডাঙায় চলতে পারে। খাল ও নদী খননের জন্য যন্ত্রটি কিনেছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। যন্ত্রটি দিয়ে গতকাল চট্টগ্রামের রাজাখালী খালের ভরাট হয়ে যাওয়া কিছু অংশ খনন করা হয় l ছবি: প্রথম আলো
এই যন্ত্রটির নাম ‘ওয়াটার মাস্টার-ক্ল্যাসিক ফোর’। এটি জলে ও ডাঙায় চলতে পারে। খাল ও নদী খননের জন্য যন্ত্রটি কিনেছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। যন্ত্রটি দিয়ে গতকাল চট্টগ্রামের রাজাখালী খালের ভরাট হয়ে যাওয়া কিছু অংশ খনন করা হয় l ছবি: প্রথম আলো

চট্টগ্রাম বন্দর রক্ষার জন্য যাঁরা আন্দোলন করছেন, তাঁরা আসলে বন্দর অরক্ষার আন্দোলন করছেন। গতকাল শনিবার চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ আয়োজিত এক অনুষ্ঠানে নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান এ কথা বলেছেন।
মহিউদ্দিন চৌধুরীর প্রতি ইঙ্গিত করে নৌমন্ত্রী বলেন, যাঁরা বলছেন চট্টগ্রাম বন্দর মাফিয়াদের খপ্পরে পড়েছে, তাঁরা সত্যি কথা বলছেন না।
চট্টগ্রাম বন্দর রক্ষা পরিষদের ব্যানারে নগর আওয়ামী লীগের সভাপতি ও সাবেক মেয়র মহিউদ্দিন চৌধুরী এক মাস ধরে সমাবেশ, অনশনসহ বিভিন্ন কর্মসূচি পালন করছেন। বন্দরের অনিয়ম, শর্ত ভঙ্গ করায় ঠিকাদারি প্রতিষ্ঠান সাইফ পাওয়ার টেক লিমিটেডের (কনটেইনার ওঠা-নামার কাজে যুক্ত) সঙ্গে বন্দর কর্তৃপক্ষের চুক্তি বাতিলের দাবিতে এ আন্দোলন করছেন তিনি।
মন্ত্রী বলেন, ‘আমাদের শ্রদ্ধেয় মহিউদ্দিন চৌধুরী চট্টগ্রাম বন্দর রক্ষায় ১০ দফা দাবি দিয়েছিলেন। আমরা তাঁর সঙ্গে বসেছিলাম। তিনি আলোচনায় দাবিগুলোর ব্যাপারে কোনো জবাব দিতে পারেননি। এবারও তিনি ১০ দফা দাবি দিয়েছেন। ওনার দাবিগুলো অযৌক্তিক।’

এ বিষয়ে মহিউদ্দিন চৌধুরীর বক্তব্য জানতে তাঁর সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হয়। কিন্তু তিনি পবিত্র হজের উদ্দেশে এখন সৌদি আরব থাকায় তাঁর বক্তব্য পাওয়া যায়নি।
চট্টগ্রাম শহরের জলাবদ্ধতা নিরসন এবং কর্ণফুলী নদীদূষণ রোধকল্পে খাল ও নদী খনন কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান। নগরের রাজাখালী খালসংলগ্ন মাঠে গতকাল এ অনুষ্ঠানের আয়োজন করে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের উদ্যোগে কেনা ‘ওয়াটার মাস্টার-ক্ল্যাসিক ফোর’ খননযন্ত্র দিয়ে রাজাখালী খালের মোহনার কিছু অংশ এ সময় খনন করা হয়।
অনুষ্ঠানে চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র মন্জুর আলম বলেন, ‘জলাবদ্ধতা চট্টগ্রাম নগরের বিরাট সমস্যা। এটি নিয়ে আমরা রাজনীতি করি। কথা বলি। যেহেতু আমি সৎভাই, তাই জলাবদ্ধতা নিরসনে আমি কি করেছি, তা কেউ বলে না।’
জাতীয় নদী রক্ষা কমিশনের চেয়ারম্যান আতাহারুল ইসলাম বলেন, জলাবদ্ধতা দূর করতে ও জনদুর্ভোগ সহনীয় করতে সবাইকে সমন্বয়ের মাধ্যমে কাজ করতে হবে। নদীর নাব্যতা রক্ষা ও দখলমুক্ত করা সবার দায়িত্ব।
সভাপতির বক্তব্যে চট্টগ্রাম বন্দর চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল নিজামউদ্দিন আহমেদ বলেন, চট্টগ্রাম নগরের ৫২টি খাল কর্ণফুলী নদীতে পতিত হয়েছে। এসব খালে অবৈধ দখলদারেরা স্থাপনা নির্মাণ করেছেন। এতে খালগুলো সংকুচিত হয়েছে। পর্যায়ক্রমে এসব খাল পরিষ্কার ও খনন করা হবে। এ জন্য করপোরেশন, সিডিএ, ওয়াসা, জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরসহ সবার সহযোগিতা প্রয়োজন।
অনুষ্ঠানে আরও বক্তৃতা দেন চট্টগ্রাম-১৪ আসনের সাংসদ নজরুল ইসলাম চৌধুরী, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান আবদুচ ছালাম, চট্টগ্রাম নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দিন প্রমুখ।