চট্টগ্রাম বন্দরের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলে সিটি করপোরেশনের সাবেক মেয়র এ বি এম মহিউদ্দিন চৌধুরী অভিযোগ করেছেন, বন্দর-সংশ্লিষ্ট নয়, এমন বহিরাগত লোকজন বন্দরের ভেতরে অবাধে যাতায়াত করছে। কিছু প্রভাবশালী লোকজন বন্দরকে তাঁদের বাবার সম্পত্তি বানিয়েছেন। তাঁরা বন্দরকে মাদক, অবৈধ অস্ত্র ও নিষিদ্ধ পণ্য আমদানির ঘাঁটিতে পরিণত করেছেন। তাঁদের কথায় চট্টগ্রাম বন্দরের ঊর্ধ্বতন কর্মকর্তারা চলেন। বিনিময়ে তাঁরা পাহাড়সমান সম্পদের মালিক হয়েছেন।
গতকাল বুধবার সকালে চট্টগ্রাম বন্দরের এমপিবি ফটকে শ্রমিক সমাবেশে এসব অভিযোগ করেন মহিউদ্দিন চৌধুরী। বন্দরের বার্থ, টার্মিনাল ও শিপ হ্যান্ডলিং অপারেটর শ্রমিক-কর্মচারী ইউনিয়নের উদ্যোগে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর গোলাম মোহাম্মদ চৌধুরীর সভাপতিত্বে ও শ্রমিকনেতা মোহাম্মদ হাসানের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য দেন জহুর আহমদ, জাহাঙ্গীর আলম চৌধুরী প্রমুখ।
সমাবেশে মহিউদ্দিন চৌধুরী চট্টগ্রাম বন্দরে তালিকাভুক্ত শ্রমিক-কর্মচারী ছাড়া অবাঞ্ছিত লোকজনের প্রবেশাধিকার নিষিদ্ধ করারও দাবি জানান। বন্দরে নিশ্ছিদ্র নিরাপত্তা বলয় নিশ্চিত করারও দাবি তুলেছেন তিনি। তাঁর দাবি, এটি করা না হলে চট্টগ্রাম বন্দর মাফিয়া ও লুটেরাদের স্বর্গরাজ্যে পরিণত হবে। বার্থ, টার্মিনাল ও শিপ হ্যান্ডলিং অপারেটর শ্রমিক-কর্মচারী ইউনিয়নকে রেজিস্ট্রেশন দেওয়ায় গড়িমসি করার অভিযোগ এনে ক্ষোভ প্রকাশ করেন নগর আওয়ামী লীগের সভাপতি মহিউদ্দিন চৌধুরী। তিনি বলেন, শ্রমিক সংগঠনকে রেজিস্ট্রেশন দেওয়ার ক্ষেত্রে গড়িমসি করা আদালত অবমাননার শামিল। এটি শ্রমিকবান্ধব সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন করার অপপ্রয়াস। সবচেয়ে লজ্জার বিষয়, একটি স্বাধীন দেশে শ্রমিকের ট্রেড ইউনিয়ন করতে বাধা দেওয়া হচ্ছে। সাত দিনের মধ্যে রেজিস্ট্রেশন দেওয়া না হলে যুগ্ম শ্রম-পরিচালকের দপ্তরে লাগাতার অবস্থান কর্মসূচি পালন করার ঘোষণা দেন তিনি।
বন্দর অব্যবস্থাপনার সমালোচনা করে মহিউদ্দিন চৌধুরী বলেন, বন্দরে প্রতিদিন ৬০ হাজার শ্রমিক-কর্মচারী কাজ করেন। অথচ তাঁদের কাজের পরিবেশ নেই। শ্রমিকদের বৃষ্টিতে ভিজতে হয়, রোদে পুড়তে হয়। তাঁদের চিকিৎসা নেই, আবাসন সুবিধা নেই, সন্তানদের শিক্ষার ভাতা নেই। বন্দরে শুধু নেই আর নেই। তিনি অভিযোগ করেন, চট্টগ্রাম বন্দরের ১ থেকে ১৩ নম্বর জেটিতে ফুটবল খেলা যাবে। সেখানে কোনো জাহাজ ভিড়তে দেওয়া হয় না। অথচ নিউমুরিং কনটেইনার টার্মিনালে জাহাজ ভিড়তে বাধ্য করা হয়। এ কারণে অন্যান্য জেটিগুলোতে শ্রমিকেরা বেকার ও অলস সময় কাটাচ্ছেন।