'বন্দরে বিদেশি বণিক'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কাঠের তৈরি পালতোলা জাহাজ এগিয়ে যাচ্ছে চট্টগ্রাম বন্দরের দিকে। এই জাহাজের নাবিকেরা এ অঞ্চলের মানুষের কাছে অচেনা। কেউ পাল টেনে চলেছেন। কেউবা দুরবিন দিয়ে তীর দেখার চেষ্টা করছেন। কোনো জাহাজের নাবিকদের চোখেমুখে হিংস্রতা। কারও হাতে অস্ত্র। কখনো জাহাজ থেকে আসছিল কামানের শব্দ। কখনো শান্তির বাণী। কখনো বাণিজ্যের বার্তা। ইতিহাস ও ঐতিহ্য তুলে ধরার পর ছিল আতশবাজির আলোকছটা।
আরব, চীন, পর্তুগিজ, মোগল ও ইংরেজদের আগমনের চিত্র তুলে ধরা হয়েছে গতকাল বৃহস্পতিবার রাতে বন্দর স্টেডিয়ামে। অষ্টম শতকের পালের জাহাজ থেকে শুরু করে ইংরেজদের বাষ্পীয় জাহাজ আগমনের দৃশ্য ফুটিয়ে তোলা হয়েছে ‘লাইট অ্যান্ড সাউন্ড’ শিরোনামে আয়োজিত অনুষ্ঠানে।
চট্টগ্রাম চেম্বারের শতবর্ষ উপলক্ষে পাঁচ দিনব্যাপী উৎসবের প্রথম দিনে গতকাল চট্টগ্রামের ইতিহাস ও ঐতিহ্য তুলে ধরা হয়। অনুষ্ঠানের শুরুতে বক্তব্য দেন উৎসব উদ্যাপন কমিটির চেয়ারম্যান সাংসদ এম এ লতিফ, চট্টগ্রাম চেম্বারের সভাপতি মাহবুবুল আলম ও জ্যেষ্ঠ সহসভাপতি নুরুন নেওয়াজ।
অনুষ্ঠানে বণিকদের চট্টগ্রামে আগমনের দৃশ্য ফুটিয়ে তুলতে স্টেডিয়ামের শেষ প্রান্তে সমুদ্রতীর ও গাছগাছালির ছবিযুক্ত বড় ব্যানার টানানো হয়। সন্ধ্যা সোয়া ছয়টায় মাইকে বন্দরে বিদেশি বণিকদের আগমনের ইতিহাসের ধারা বর্ণনা শুরু হয়। প্রতিটি অধ্যায়ের সঙ্গে মঞ্চে ছিল সেই সময়কার আবহ। তখনকার জাহাজ ও নাবিকদের বেশভূষা তুলে ধরা হয় মঞ্চে। প্রথমেই ছিল চট্টগ্রামে আরবদের আগমনের ইতিহাস। আরবদের পর এ অঞ্চলে ব্যবসা আসে চীনারা। এরপর নোঙর করে পর্তুগিজরা। ১৫১৭ সালে লোপা সোয়ানা জাহাজ নিয়ে চট্টগ্রাম বন্দরে নোঙর করেন পর্তুগিজ ক্যাপ্টেন জোয়াও দ্য সিলভেইরা। এই জাহাজের নাবিকদের আচরণে কেউ ভয়ে পালাল, কেউবা বিস্মিত চোখে চেয়ে দেখল। শুধু বাণিজ্য নয়, এ অঞ্চলের নিয়ন্ত্রণ নেওয়ারও লক্ষ্য ছিল তাদের। নাবিকদের হাতে হাতে বন্দুক, চোখের হিংস্রতায় তাদের আগ্রাসী মনোভাবের চিত্রও তুলে ধরা হয়। এরপরই মোগল জাহাজের আগমন।
সবশেষে বাষ্পচালিত জাহাজ নিয়ে এগিয়ে আসে ইংরেজরা। বাংলার প্রধান বন্দরের নিয়ন্ত্রণ ইস্ট ইন্ডিয়া কোম্পানির হাতে চলে যাওয়ার ইতিহাসও তুলে ধরা হয়। অনুষ্ঠানের ধারা বর্ণনায় বলা হয়, এ অঞ্চলের সম্পদের প্রাচুর্যই এ বন্দরের দিকে টেনেছে বিদেশি বণিকদের।
স্টেডিয়ামের গ্যালারি ও মাঠে বসে ব্যবসায়ী, বন্দর কর্মকর্তা-কর্মচারী ও স্কুলশিক্ষার্থীরা এক ঘণ্টার এ আয়োজন উপভোগ করেন।