'বন্দিজীবন' চান না রাষ্ট্রপক্ষের সাক্ষীরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সারাক্ষণ পুলিশ প্রহরায় ‘বন্দিজীবনে’ থাকতে চান না সাঈদীর মামলার রাষ্ট্রপক্ষের সাক্ষীরা। স্বাভাবিক জীবনযাপন করতে চান তাঁরা। তবে পুলিশ বলছে, নিরাপত্তার স্বার্থে তাঁদের আরও কিছুদিন এভাবেই থাকতে হবে।
রাষ্ট্রপক্ষের ১ নম্বর সাক্ষী মাহবুবুল আলম হাওলাদারের সঙ্গে মুঠোফোনে কথা হয়। তিনি প্রথম আলোকে বলেন, ‘তিন দিন ধরে পুলিশ লাইনে আছি। বাড়িতে বাজার করার মতো লোক নেই। নিরাপত্তার কারণে কয়েক দিন ধরে ছেলেমেয়েদের বিদ্যালয়ে যাওয়া বন্ধ আছে।’
নিজের ও পরিবারের এমন জীবনযাপন নিয়ে আক্ষেপ করে মাহবুবুল আলম হাওলাদার বলেন, ‘আমাদের বাড়িতে ভয়ে কোনো লোকজন আসেন না। পুরো পরিবার নিয়ে পুলিশ প্রহরায় বিন্দজীবন কাটাচ্ছি। আমরা আগের মতো স্বাভাবিক জীবন চাই। এভাবে আর কতকাল চলব?’
এ বিষয়ে পিরোজপুরের অতিরিক্ত পুলিশ সুপার আবু আশ্রাফ গতকাল বৃহস্পতিবার প্রথম আলোকে বলেন, ‘সাঈদীর মামলার ১০ সাক্ষীর পরিবারকে সার্বক্ষণিক নিরাপত্তা দেওয়া হচ্ছে। তাদের নিরাপত্তার বিষয়টি আমরা গুরুত্ব দিয়ে দেখছি।’
জামায়াতে ইসলামীর নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদীর মামলায় রাষ্ট্রপক্ষের নয়জন সাক্ষীকে নিরাপত্তার স্বার্থে তিন দিন ধরে পিরোজপুর পুলিশ লাইনে রাখা হয়েছে। আপিল বিভাগের রায় ঘোষণার আগের দিন থেকেই তাঁরা সেখানে রয়েছেন। তাঁদের সঙ্গে রাখা হয়েছে দুর্বৃত্তের হামলায় নিহত আরেক সাক্ষী মোস্তফা হাওলাদারের ছেলে মো. হাফিজুরকেও। ১০ সাক্ষীর বাড়ি পিরোজপুরের জিয়ানগর উপজেলায়। সাঈদীর মামলায় রাষ্ট্রপক্ষের মোট সাক্ষী ২৮ জন।
গত বছরের ৯ ডিসেম্বর দুর্বৃত্তের হামলায় মোস্তফা হাওলাদার নিহত হন। ওই ঘটনার পর মামলার নয় সাক্ষী ও নিহত মোস্তফার পরিবারকে নিরাপত্তা দিয়ে আসছে পুলিশ। মুক্তিযুদ্ধকালে মানবতাবিরোধী অপরাধের দায়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ সাঈদীকে মৃত্যুদণ্ড দিয়েছিলেন। গত বুধবার আপিল বিভাগের রায়ে আমৃত্যু কারাবাস দেওয়া হয় সাঈদীকে।
সাক্ষীদের নিরাপত্তার বিষয়ে পিরোজপুরের জেলা পুলিশ সুপার (এসপি) মো. শাহ আবিদ হোসেন বলেন, যাঁরা নিরাপত্তা চেয়ে আবেদন করেছেন পুলিশের পক্ষ থেকে তাঁদের সবাইকে নিরাপত্তা দেওয়া হচ্ছে। এ ছাড়া যাঁদের নিরাপত্তার প্রয়োজনীয়তা আছে বলে মনে করা হচ্ছে, পুলিশের উদ্যোগে তাঁদেরও নিরাপত্তা দেওয়া হচ্ছে।
আরেক সাক্ষী আলতাফ হাওলাদার বলেন, ‘সারাক্ষণ পুলিশ প্রহরায় থাকতে হয়। তার পরও ভয়ে-আতঙ্কে কাটে প্রতিটি সময়। আমার সুপারির ব্যবসা ছিল। সেই ব্যবসা এখন বন্ধ। ছেলের চাকরির আয়ে কোনোরকমে সংসার চলছে।’
সাঈদীর মামলায় আপিল বিভাগের রায়ে হতাশা প্রকাশ করেছেন আরেক সাক্ষী মধুসূধন ঘরামি (৮৮)। তিনি জানান, রায় কেন এমন হলো? তাঁর আশঙ্কা, ভবিষ্যতে রাজনৈতিক প্রেক্ষাপট বদল হলে সাক্ষীদের ভাগ্যে কী ঘটবে কেউ জানে না।
নিহত মোস্তফা হাওলাদারের ছেলে মো. হাফিজুর (২৪) বলেন, ‘গত মঙ্গলবার বিকেল থেকে পুলিশ লাইনে আছি। আরও কয়েক দিন এখানে থাকতে হবে। কয়েক দিন দোকান বন্ধ থাকায় বাড়িতে বাজার হয়নি।’