'বন্দিশালা' থেকে মুক্তির আনন্দ ২৫ বাংলাদেশির

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিদেশে গেলে জীবন বদলে যাবে—এমন আশায় নারায়ণগঞ্জের যুবক তাজু মিয়া (২৫) গিয়েছিলেন আফগানিস্তানে। কিন্তু ভাগ্য বদলানো তো দূরের কথা, উল্টো ঘোর অন্ধকার নেমে আসে তাঁর জীবনে। কাজ নেই, পর্যাপ্ত খাবার নেই। টানা এক বছর একটি ভবনে কেটেছে প্রায় বন্দিজীবন।
গতকাল বৃহস্পতিবার ঢাকায় ফিরে তাজু মিয়া কাঁদতে কাঁদতে প্রথম আলোকে বলেন, ‘বন্দিশালা থেকে মুক্তি পাইছি রে ভাই। আমার জীবনে সবচেয়ে আনন্দের দিন আজ।’
আফগানিস্তানে একটি কারখানায় বন্দিদশা থেকে মুক্ত হয়ে গতকাল সকালে ভাগ্যবিড়ম্বিত যে ২৫ জন যুবক ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামেন, তাঁদের একজন তাজু মিয়া। বিমানবন্দর থেকে তাঁদের নেওয়া হয় উত্তরার একটি হোটেলে। পরে সেখান থেকে তাঁরা নিজ নিজ বাড়িতে ফেরেন। এর আগে প্রথম আলোর সঙ্গে আলাপকালে কিশোরগঞ্জের নাজমুল হক, ময়মনসিংহের ফারুক হোসেন, বরগুনার শাহ আলম হাওলাদার, মানিকগঞ্জের হারুন মিয়া, টাঙ্গাইলের সোহেল রানাসহ ফেরত আসা সবাই বললেন, দেশে ফিরে তাঁরা আনন্দিত।
আইওএমের ঢাকার জাতীয় কর্মসূচি কর্মকর্তা মোহাম্মদ শাকিল মনসুর প্রথম আলোকে বলেন, কাজের সন্ধানে গিয়ে আফগানিস্তানের হেরাত প্রদেশে বন্ধ হয়ে যাওয়া একটি ইস্পাত কারখানায় এই ২৫ বাংলাদেশি আটকা পড়েছিলেন। পররাষ্ট্র মন্ত্রণালয় ও আইওএম তাঁদের দেশে ফিরিয়ে এনেছে। গতকাল সকাল সোয়া ১০টায় ফ্লাই দুবাইয়ের একটি ফ্লাইটে তাঁরা ঢাকায় আসেন। সেখান থেকে তাঁদের উত্তরার একটি হোটেলে নেওয়া হয়। পরে তাঁরা বাড়ি ফিরেছেন।