'বন্দুক হাতে আমাদের বলবেন নিরাপত্তা বলয় তৈরি করতে?'

রাজশাহী সদর আসনের সাংসদ ফজলে হোসেন বাদশা বলেছেন, ‘পুলিশ প্রশাসনের সর্বোচ্চ কর্তাব্যক্তিরা বলেন, নিজের নিরাপত্তা বলয় নিজেরা তৈরি করুন। আপনারা চলবেন বন্দুক হাতে, আর আমাদের বলবেন নিরাপত্তা বলয় নিজেরা তৈরি করতে! এটা প্রজাতন্ত্রের কোনো কর্মচারীর বক্তব্য হতে পারে না।’
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এ এফ এম রেজাউল করিম সিদ্দিকী হত্যার প্রতিবাদে ও দোষী ব্যক্তিদের শাস্তির দাবিতে আয়োজিত মানববন্ধনে ফজলে হোসেন বাদশা এসব কথা বলেন। রাজশাহী বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির আয়োজনে আজ শনিবার বেলা ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনের সামনে এ মানববন্ধন হয়। ২৩ এপ্রিল নগরের শালবাগান এলাকায় অধ্যাপক রেজাউল করিমকে হত্যা করে দুর্বৃত্তরা।
সাংসদ বলেন, ‘আপনি পুলিশপ্রধান হতে পারেন, কিন্তু আপনি প্রজাতন্ত্রের কর্মচারী—এটা ভুলে যাবেন না এবং এ দেশের জনগণের ট্যাক্সের টাকায় আপনার বেতন, ভাতা, যাবতীয় পরিচালিত হয়ে থাকে। তাই জনগণের প্রতি দায়িত্বশীল হয়ে কথা বলা উচিত।’
ফজলে হোসেন বাদশা বলেন, ‘অধ্যাপক রেজাউল হত্যার আগে তিনজন শিক্ষককে হত্যা করা হয়েছে। হত্যা করার জন্য তারা দিন দিন আমাদের দিকে এগিয়ে আসছে। রেজাউল হত্যায় আমরা শোক পেয়েছি, কষ্ট পেয়েছি। সে শোককে শক্তিতে পরিণত করতে হবে। আমি মনে করি, এর বিরুদ্ধে একটা সর্বাত্মক সংগ্রাম গড়ে তোলার কোনো বিকল্প নেই।’
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সব বিভাগ, সংগঠনকে ঐক্যবদ্ধভাবে আন্দোলন করার আহ্বান জানিয়ে বলেন, ‘এ আন্দোলনকে বেগবান করতে আপনারা শিক্ষক-শিক্ষার্থীরা একটা মঞ্চ তৈরি করবেন। সেই মঞ্চে শিক্ষকেরা নেতৃত্ব দেবেন। সেই মঞ্চের কর্মসূচিকে আমরা সর্বাত্মকভাবে সমর্থন করে যাব। কারণ, এই মৃত্যুই যেন শেষ মৃত্যু হয়, এটা আমরা কামনা করি।’
পুলিশ প্রশাসনের সমালোচনা করে সাংসদ বলেন, ‘আমরা অতীতে বইমেলার পাশে হত্যা করতে দেখেছি, টিএসসির পাশে দেখেছি। কিন্তু তদন্তের দীর্ঘসূত্রতা, বিচারের দীর্ঘসূত্রতা সেসব ঘটনাকে মানুষের স্মৃতি থেকে মুছে দেওয়ার একটা ষড়যন্ত্রমূলক কৌশল আজকে প্রশাসন অবলম্বন করছে।’ তিনি আরও বলেন, ‘আমরা শুধু কথায় শুনি যে জঙ্গিবাদের সঙ্গে জিরো টলারেন্স। কিন্তু আমরা আজকে যদি জনগণের পক্ষে জিরো টলারেন্স ঘোষণা করতে পারি, তবে সেটাই কার্যকর জিরো টলারেন্স হবে। কোনো প্রশাসনের জিরো টলারেন্সের বক্তব্য কার্যকর হচ্ছে না।’
মানববন্ধনে শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক শাহ আজমের সঞ্চালনায় বক্তব্য দেন সমিতির সভাপতি মো. শহীদুল্লাহ্, লোকপ্রশাসন বিভাগের সভাপতি আওয়াল হোসেন মোল্যা, আইন বিভাগের সভাপতি আবু নাসের মো. ওয়াহিদ, আইন অনুষদের সাবেক ডিন বিশ্বজিৎ চন্দ, বাংলা বিভাগের সভাপতি অমৃত লাল বালা, বাংলা বিভাগের সফিকুন্নবী সামাদী প্রমুখ। সমাবেশে বিচারের দাবিতে বক্তারা সরকারের দৃষ্টি আকর্ষণ করেন।

এর আগে সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের শহীদুল্লাহ কলাভবনের সামনে থেকে একটি মৌন মিছিল বের করেন ইংরেজি বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা। পরে মিছিলটি ক্যাম্পাস প্রদক্ষিণ করে তাঁরা ‘সাবাস বাংলা’ ভাস্কর্য কালো কাপড় দিয়ে ঢেকে দেন। পরে সেখান থেকে তাঁরা ‘মুকুল প্রতিবাদ ও সংহতি মঞ্চে’ গিয়ে সমাবেশ করেন। এ সমাবেশে অর্থনীতি বিভাগ, লোকপ্রশাসন বিভাগ, আইন বিভাগ, ইনফরমেশন সায়েন্স অ্যান্ড লাইব্রেরি ম্যানেজমেন্ট বিভাগ মিছিল নিয়ে এসে যোগ দেয়। পরে সমাবেশ শেষে বেলা ১১টায় শিক্ষক সমিতির মানববন্ধনে যোগ দেন শিক্ষক-শিক্ষার্থী। এ সময় প্যারিস রোডে প্রায় দুই হাজার শিক্ষার্থী অংশ নেন।
এ ছাড়া বিশ্ববিদ্যালয়ে মিছিল করেছে ফলিত গণিত বিভাগ, পরিসংখ্যান বিভাগ, ভাষা বিভাগ, বাংলা বিভাগ, প্রগতিশীল ছাত্রজোট ও বঙ্গবন্ধু ছাত্র পরিষদ। এদিকে দুপুর ১২টায় প্যারিস রোডে হত্যাকারীদের শাস্তির দাবিতে অরণী সাংস্কৃতিক জোট প্রতিবাদী সাংস্কৃতিক অনুষ্ঠান করেছে।