'বন্দুকযুদ্ধের' নামে হত্যাকাণ্ড হয় কেশবপুরে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গোপন সংবাদের ভিত্তিতে আসামি গ্রেপ্তার। সেই আসামির তথ্যের ভিত্তিতে তার সহযোগীদের খুঁজতে অভিযান। উপস্থিতি টের পেয়ে সহযোগীদের গুলিবর্ষণ। আর সেই যুদ্ধে খোদ আসামির মৃত্যু। পরম্পরা ঠিক রেখে সব ‘গল্প’ এ রকম, গৎবাঁধা।
এবারের কথিত ‘বন্দুকযুদ্ধে’ নিহত ব্যক্তির নাম রজব আলী। অভিযান পরিচালনা করে যশোরের কেশবপুর থানা পুলিশ। গত ১৬ ফেব্রুয়ারি ঘটা এই ঘটনাকে হত্যাকাণ্ড বলেছে জাতীয় মানবাধিকার কমিশন।
প্রথমবারের মতো কমিশন এই ‘বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের’ তদন্ত করে। পুলিশের বর্ণিত ঘটনার নানা অসংগতিও চিহ্নিত করে কমিশন প্রতিবেদনে বলেছে, এই কথিত বন্দুকযুদ্ধের ঘটনার কোনো সত্যতা নেই।
কমিশনের চেয়ারম্যান মিজানুর রহমান প্রথম আলোকে বলেছেন, এটি একটি হত্যাকাণ্ড। যারা আসামিকে গ্রেপ্তার করেছিল তাদেরকেই এর দায় নিতে হবে। তিনি এদের বিচারের কাঠগড়ায় দাঁড় করানোরও দাবি করেন।
কেশবপুরের মির্জানগর গ্রামের মো. রজব আলী ওরফে কালা রজব (৪১) পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত হওয়ার পর কমিশন স্বতঃপ্রণোদিত হয়ে তদন্ত করে। কমিশনের একজন পরিচালকের নেতৃত্বে তিন সদস্যের একটি দল গত মাসের তৃতীয় সপ্তাহে তদন্ত শেষ করে। তার ভিত্তিতে কমিশনের ‘সরেজমিন তদন্ত প্রতিবেদন’ গত সোমবার স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খানকে দেওয়া হয়।
কমিশন রজবের আত্মীয়স্বজন, কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক, যশোর জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক, ডোম, লাশের গোসলদানকারী ব্যক্তি, স্থানীয় জনসাধারণ এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সাক্ষ্য নেয়। পাশাপাশি ঘটনাসংশ্লিষ্ট সব নথিপত্র পর্যালোচনা করে।
কমিশনের প্রতিবেদনে বলা হয়, মামলার এজাহার, সুরতহাল প্রতিবেদন পর্যালোচনা করে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে কেশবপুর থানার একদল পুলিশ শনিবার রাত (১৫ ফেব্রুয়ারি) পৌনে ১১টার দিকে ঝিকরগাছা উপজেলার বাঁকড়া এলাকা থেকে ডাকাত রজব আলী বিশ্বাসকে গ্রেপ্তার করে। এরপর অস্ত্র উদ্ধারের জন্য পুলিশ তাঁকে নিয়ে রাত পৌনে দুইটার দিকে মির্জানগর গ্রামে যায়। এ সময় রজবের সহযোগীরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছুড়লে পুলিশও পাল্টা গুলি চালায়। এজাহারে উল্লেখ আছে ‘সেই সুযোগে ধৃত রজব আলী পালানোর চেষ্টাকালে পুলিশ-সন্ত্রাসীদের গোলাগুলির মাঝখানে পড়িয়া গুলিবিদ্ধ হয়। ঐ সময় তাহার সহযোগী অপরাপর সন্ত্রাসীরা চারদিক হইতে বাগানের মধ্য দিয়া পালাইয়া যায়।’
কথিত সন্ত্রাসীদের আক্রমণে পুলিশের উপপরিদর্শক সুব্রত কুমার সরকার, এস আই শেখ আকরাম হোসেন এবং এসআই কৃষ্ণপদ গাইন জখমপ্রাপ্ত হন। গুলিবিদ্ধ রজব আলীকে গুরুতর জখম অবস্থায় কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে রাত দুইটা ১০ মিনিটে কর্মরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
রজব আলী গ্রেপ্তার ও পরবর্তী সময়ে বন্দুকযুদ্ধের অভিযানে নেতৃত্ব দেন কেশবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল জলিল।
কমিশনের প্রতিবেদনে বলা হয়, ‘পুলিশের ভাষ্যমতে ১৫ ফেব্রুয়ারি (২০১৪) রাত পৌনে ১১টায় রজব আলীকে গ্রেপ্তার করা হয় ঝিকরগাছার বাকড়া পুলিশ ক্যাম্পের সহায়তায়। কিন্তু বাকড়া পুলিশ ক্যাম্পের জিডি পরীক্ষা করে এ জাতীয় কোনো প্রমাণ পরিলক্ষিত হয়নি।’
‘জিডির ভাষ্যমতে রজব আলীকে ১৫ ফেব্রুয়ারি রাত পৌনে ১১টায় গ্রেপ্তার করা হয়, আর কথিত বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে ১৬ ফেব্রুয়ারি রাত পৌনে দুইটায়। মাঝের তিন ঘণ্টা রজব আলী কোথায় ছিল এ বিষয়টি জিডিতে উল্লেখ নেই’ বলে প্রতিবেদনে বলা হয়।
ওই বন্দুকযুদ্ধের বিষয়ে পুলিশ ১৬ ফেব্রুয়ারি একটি মামলা করে। তাতে আসামি কলামে প্রথমে ‘অজ্ঞাতনামা’ লিখা হয়। পরে তা কেটে দিয়ে মৃত রজব আলীসহ অজ্ঞাতনামা ব্যক্তিদের নাম দেওয়া হয়।
প্রতিবেদনে বলা হয়, সাক্ষীদের বক্তব্য পর্যালোচনা করে বন্দুকযুদ্ধের কোনো প্রমাণ পাওয়া যায়নি। এর কোনো সত্যতাও নেই।
কমিশনের প্রতিবেদনটি পাওয়ার কথা স্বীকার করে গতকাল মঙ্গলবার স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী প্রথম আলোকে বলেন, ‘যদি সত্যিকার অর্থেই এ ধরনের হত্যার ঘটনা ঘটে তবে অভিযুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেব। আমি সিরিয়াসলি দেখব।’
তবে যশোরের পুলিশ সুপার জয়দেব ভদ্র প্রথম আলোকে বলেন, রজব আলী বন্দুকযুদ্ধেই নিহত হন। কমিশনের প্রতিবেদন সঠিক নয়। তাঁর কথা, ঠান্ডা মাথায় খুন বলতে যা বোঝায় এটি তা নয়। আর রজব ছিল কুখ্যাত ডাকাত।
‘ক্রসফায়ার’, ‘এনকাউন্টার’, ‘বন্দুকযুদ্ধে’ নিহতের ঘটনা শুরু হয় ২০০৪ সালে র‌্যাব গঠনের পর থেকেই। দেশীয় ও আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনসহ বিভিন্ন দেশ একে বিচারবহির্ভূত হত্যাকাণ্ড হিসেবে চিহ্নিত করে এ ধরনের হত্যাকাণ্ড বন্ধের জোর দাবি জানিয়ে আসছে। যুক্তরাষ্ট্রের আপত্তির কারণে সম্প্রতি র‌্যাবের একজন কর্মকর্তাকে প্রশিক্ষণে ইতালিতে পাঠানো সম্ভব হয়নি। মানবাধিকার সংগঠন আইন ও সালিশ কেন্দ্রের হিসাব অনুযায়ী চলতি বছরের প্রথম ৪০ দিনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে ৪৪ জন নিহত হয়েছেন। আর গত বছর নিহত হয়েছেন ১৭৯ জন।