'বন্দুকযুদ্ধে' অজ্ঞাতপরিচয় যুবক নিহত
রাজশাহীর বাগমারায় পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ অজ্ঞাতপরিচয়ের এক যুবক নিহত হয়েছেন। তাঁর বয়স আনুমানিক ৩২ বছর। উপজেলার ঝিকড়া ইউনিয়নের ঝিকড়া জোয়ানভাগ এলাকায় গত শনিবার রাতে এ ঘটনা ঘটে।
রাজশাহীর পুলিশ সুপার মোয়াজ্জেম হোসেন গতকাল রোববার দুপুরে সংবাদ সম্মেলনে বলেন, জোয়ানভাগ এলাকার এক আমবাগানে কয়েকজন দুষ্কৃতকারী নাশকতা চালাতে গোপন বৈঠক করছে বলে পুলিশ জানতে পারে। খবর পেয়ে রাজশাহী জেলা গোয়েন্দা পুলিশ ও বাগমারা থানার একদল পুলিশ সেখানে রাত সোয়া তিনটার দিকে অভিযানে যায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে তাদের ওপর বোমা নিক্ষেপ ও গুলি চালায় দুষ্কৃতকারীরা। আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি চালালে একপর্যায়ে তারা পালিয়ে যায়।
এসপি বলেন, ঘটনাস্থল থেকে দুটি গুলিসহ একটি বিদেশি পিস্তল, ১৩টি হাতবোমা, চারটি হাঁসুয়া, একটি চাপাতি, দুটি ছোরা ও ১০টি জিহাদি বই উদ্ধার করে পুলিশ। এ ছাড়া এক যুবককে গুলিবিদ্ধ অবস্থায় পাওয়া যায়। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
তিনি বলেন, বন্দুকযুদ্ধের ঘটনায় পুলিশের ছয় সদস্য আহত হন। তাঁদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। এ ঘটনায় বাগমারা থানায় পুলিশের পক্ষ থেকে একটি মামলা করা হয়েছে বলেও তিনি জানান।
এসপি মোয়াজ্জেম হোসেন বলেন, ‘নিহত যুবকের পরিচয় পাওয়া যায়নি। পুলিশ চেষ্টা চালিয়ে যাচ্ছে। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে তাঁর লাশ রাখা হয়েছে।’
এদিকে ঝিকড়ার স্থানীয় কয়েকজন ব্যক্তি বলেছেন, রাত তিনটার দিকে তাঁরা গুলির শব্দ শুনেছেন। তবে নিহত যুবককে এর আগে এলাকায় কখনো দেখেননি।