'বন্দুকযুদ্ধে' ইয়াবা ব্যবসায়ী নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টেকনাফের ইয়াবা সম্রাটখ্যাত নুর মোহাম্মদ গতকাল বৃহস্পতিবার বিকেলে র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নিহত হয়েছেন। তিনি সরকারদলীয় সাংসদ আবদুর রহমান বদির ডান হাত হিসেবে এলাকায় পরিচিত।
গত ১২ জানুয়ারি নিষিদ্ধ ইয়াবা চালানের সন্ধান দেওয়ায় এই নুর মোহাম্মদ ও তাঁর সন্ত্রাসী দল স্থানীয় হ্নীলা উচ্চবিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্র সরওয়ারকে পিটিয়ে হত্যা করে বলে অভিযোগ রয়েছে। নুর মোহাম্মদ উপজেলার হ্নীলা ইউনিয়নের লেদা গ্রামের মৃত আবুল হাশেমের ছেলে।
র‌্যাবের অতিরিক্ত মহাপরিচালক কর্নেল জিয়াউল আহসান প্রথম আলোকে বলেন, বেলা সাড়ে তিনটার দিকে র‌্যাব সদস্যরা টেকনাফের নাফ নদীর জইল্যারদ্বীপে ইয়াবা চালান উদ্ধার করতে গেলে ইয়াবা চোরাচালানীদের সঙ্গে র‌্যাবের বন্দুকযুদ্ধের ঘটনায় নুর মোহাম্মদ নিহত হন। তিনি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তালিকাভুক্ত ইয়াবা ব্যবসায়ী।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্র জানায়, এই তালিকায় ইয়াবা ব্যবসায়ী হিসেবে সাংসদ বদির পাঁচ ভাই আবদুল আমিন, মোহাম্মদ ফয়সাল, শফিকুল ইসলাম, মৌলভি মুজিবুর রহমান ও আবদু শুক্কুরের নাম রয়েছে। এঁদের অনেকে আত্মগোপনে আছেন।
টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রণজিৎ কুমার বড়ুয়া প্রথম আলোকে বলেন, নিহত নুর মোহাম্মদের বিরুদ্ধে টেকনাফ থানায় একটি হত্যা ও ১৯টি ইয়াবা মামলা রয়েছে। ইয়াবা মামলায় তাঁর স্ত্রী মিনারা বেগম, দুই ভাই নুরুল হুদা ও শামসুল হুদা এখন কারাবন্দী। নুর মোহাম্মদও কারাবন্দী ছিলেন। কয়েক মাস আগে জামিনে মুক্ত হয়ে আবার ইয়াবা ব্যবসায় নেমে পড়েন।
পুলিশ জানায়, বিকেল সাড়ে পাঁচটায় জইল্যারদ্বীপ থেকে নুর মোহাম্মদের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর
হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তাঁর পেট ও পায়ে গুলি লাগে।
র‌্যাবের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গতকাল দুপুরে টেকনাফের লেদাগ্রাম থেকে নুর মোহাম্মদ ও মো. ইসমাইলকে র‌্যাব আটক করে। এরপর সাড়ে তিনটার দিকে এ দুজনকে নিয়ে র‌্যাব সদস্যরা নাফ নদীর জালিয়ারদিয়ায় (জইল্যারদ্বীপ) ইয়াবা চালান উদ্ধারে নামেন। কিন্তু দ্বীপে ওঠা মাত্র কয়েকজন দুর্বৃত্ত র‌্যাব সদস্যদের লক্ষ্য করে গুলি ছুড়তে থাকে। র‌্যাব সদস্যরাও পাল্টা গুলি চালান। এ সময় পালানোর সময় নুর মোহাম্মদ গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলে মারা যান। পরে র‌্যাব সদস্যরা অভিযান চালিয়ে জইল্যারদ্বীপ থেকে দুর্বৃত্তদের ফেলে যাওয়া তিন হাজার পিচ ইয়াবা, বিদেশি একটি পিস্তল, একটি এলজিসহ বেশ কিছু তাজা কার্তুজ উদ্ধার করা হয়।
পুলিশ ও র‌্যাব সূত্র জানায়, গত ৩ ফেব্রুয়ারি র‌্যাব সদস্যরা কক্সবাজার-টেকনাফ সড়কের মরিচ্যা চেকপোস্ট এলাকা থেকে নুর মোহাম্মদের ছোট ভাই ও সীমান্তের আরেক ইয়াবা গডফাদার নুরুল হুদা ও ভাই শামসুল হুদাকে গ্রেপ্তার করে। এ সময় সাত হাজার পিচ ইয়াবাসহ একটি অবৈধ অস্ত্র উদ্ধার করা হয়। বর্তমানে এই দুই ভাই কক্সবাজার জেলা কারাগারে আটক রয়েছেন।
এ প্রসঙ্গে জানতে একাধিকবার যোগাযোগ করেও সাংসদ বদির বক্তব্য পাওয়া যায়নি। তিনি উপজেলা পরিষদ নির্বাচন নিয়ে এলাকায় ব্যস্ত আছেন বলে তাঁর ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে।