'বন্দুকযুদ্ধে' কাঙ্গালি জাকির নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর খিলগাঁওয়ে গত বৃহস্পতিবার গভীর রাতে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ জাকির হোসেন ওরফে কাঙ্গালি জাকির (৪০) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। পুলিশ ও সংশ্লিষ্ট সূত্র জানায়, কাঙ্গালি জাকির মতিঝিলকেন্দ্রিক ছিনতাইকারী দলের নেতা। তিনি সার্জেন্ট আহাদ হত্যা মামলার আসামি ছিলেন।
ডিবির উপকমিশনার জাহাঙ্গীর হোসেন মাতুব্বর প্রথম আলোকে বলেন, খিলগাঁও এলাকায় দীর্ঘদিন ধরে ছিনতাই হচ্ছিল। ছিনতাইকারীদের ধরার জন্য ডিবির বেশ কয়েকটি দল সম্ভাব্য সব এলাকায় নজরদারি বাড়ায়। গত বৃহস্পতিবার গভীর রাতে একদল ছিনতাইকারী খিলগাঁওয়ের খিদমাহ হাসপাতালের আশপাশে ছিনতাইয়ের প্রস্তুতি নিচ্ছিল। এ সময় ডিবি পুলিশের একটি দল সেখানে যায়। তখন ছিনতাইকারীরা ডিবিকে লক্ষ্য করে গুলি করে। ডিবিও পাল্টা গুলি চালালে ছিনতাইকারীদের একজন নিহত হয়। বাকিরা পালিয়ে যায়।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল সূত্র জানায়, গতকাল শুক্রবার ভোর চারটার দিকে খিলগাঁও থানার উপপরিদর্শক (এসআই) খায়রুজ্জামান খিদমাহ হাসপাতালের বিপরীত পাশ থেকে গুলিবিদ্ধ এক ব্যক্তির লাশ অজ্ঞাতনামা হিসেবে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ মর্গে নিয়ে আসেন। বিকেলে মর্গে এসে স্বজনেরা লাশটি কাঙ্গালি জাকিরের বলে শনাক্ত করেন।
ডিবি সূত্র জানায়, সার্জেন্ট আহাদ হত্যা মামলার আসামি জাকিরের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। ২০০০ সালের অক্টোবরে বঙ্গভবনের পাশের পার্কের কাছে একটি ছিনতাই হয়। ছিনতাইকারীদের ধাওয়া করেন সার্জেন্ট আহাদ। একপর্যায়ে ছিনতাইকারীরা তাঁকে হত্যা করে পালিয়ে যায়।
মর্গের সামনে নিজেকে কাঙ্গালি জাকিরের স্ত্রী হিসেবে পরিচয় দেওয়া নিপা বেগম সাংবাদিকদের বলেন, তাঁর স্বামী জাকির সার্জেন্ট আহাদ হত্যা মামলার আসামি ছিলেন। ওই মামলায় তিনি নয় বছর জেল খেটেছেন। পরে ওই মামলা থেকে খালাস পান। এরপর অস্ত্র, ডাকাতি, বোমাবাজিসহ বিভিন্ন অভিযোগে পল্টন থানার পুলিশ তাঁর বিরুদ্ধে চার-পাঁচটি মামলা দেয়। ওই সব মামলায় তিনি আদালতে নিয়মিত হাজিরা দিতেন।
নিপা বলেন, প্রথম স্ত্রী মারা যাওয়ার পর জাকির তাঁকে বিয়ে করেন। তাঁদের সংসারে তিন মাসের এক কন্যা আছে। আগের ঘরে একটি ছেলে আছে। তাঁরা মাতুয়াইলের হাইস্কুল রোড এলাকায় থাকেন। গত বৃহস্পতিবার সকালে জাকির বাসা থেকে বের হয়েছিলেন। তিনি জানান, জাকির কিছু করতেন না। তিনি (নিপা) বাবার বাড়ি থেকে টাকা এনে সংসার চালাতেন। কেউ ধরবে এ ভয়ে জাকির বাসা থেকে তেমন বের হতেন না।
নিহত জাকিরের গ্রামের বাড়ি দিনাজপুরের কোতোয়ালি থানার কাঞ্চনঘাট এলাকায়। তিনি দীর্ঘদিন খিলগাঁওয়ের মেরাদিয়া এলাকায় থেকেছেন। বেশ কিছুদিন আগে পরিবার নিয়ে মাতুয়াইলে চলে যান।