‘বন্দুকযুদ্ধে’ কুতুবদিয়ার জলদস্যু বাদইল্যা নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ কক্সবাজারের সাগরদ্বীপ কুতুবদিয়া উপজেলার জলদস্যু মোহামঞ্চদ বাদল ওরফে বাদইল্যা ডাকাত (৪৮) মারা গেছেন। তিনি উপজেলার দক্ষিণ ধুরুং ইউনিয়নের সিকদারপাড়ার ছৈয়দ আহমদের ছেলে। গত বুধবার রাত ১২টার দিকে কুতুবদিয়া সমুদ্র চ্যানেলের পাশে মগনামা ঘাটসংলগ্ন বেড়িবাঁধের ওপর এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। এ সময় পুলিশ জলদস্যুদের ফেলে যাওয়া দুটি অস্ত্রসহ ২৪টি গুলি উদ্ধার করে।ঘটনার সত্যতা নিশ্চিত করে অতিরিক্ত পুলিশ সুপার মো. বাবুল আকতার বলেন, রাত ১২টায় জলদস্যু বাদল বাহিনীর প্রধান মোহামঞ্চদ বাদলের নেতৃত্বে একদল ডাকাত সাগর চ্যানেলের পেকুয়া উপজেলার মগনামা বেড়িবাঁধের ওপর বসে নৌডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলে দস্যুরা এলোপাতাড়ি গুলি ছুড়তে থাকে। এ সময় আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি চালায়। এতে গুলিতে বাদল ডাকাতসহ তিন পুলিশ সদস্য আহত হন। পুলিশ জানায়, রাতে আহত এসআই মকবুল হোসেন, কনস্টেবল আবুল মনছুর, পলাশ বিশ্বাস ও সাধন বড়ুয়াকে পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। গুলিতে তাঁর পা ও হাতে সামান্য আঘাত পান। গুলিবিদ্ধ বাদলকে গুরুতর আহত অবস্থায় প্রথমে পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে, পরে গভীর রাতে কক্সবাজার সদর হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। কুতুবদিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জহিরুল ইসলাম খান বলেন, নিহত বাদলের বিরুদ্ধে থানায় হত্যা, ডাকাতি, অস্ত্রসহ আটটি মামলা রয়েছে। এর মধ্যে একটি অস্ত্র আইন মামলায় তিনি যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি। নাম প্রকাশে অনিচ্ছুক কুতুবদিয়ার কয়েকজন জনপ্রতিনিধি বলেন, বঙ্গোপসাগরে জলদস্যু বাদল বাহিনীর শতাধিক সদস্য সক্রিয় রয়েছে। জেলেদের হাত-পা বেঁধে সাগরে নিক্ষেপ করে মাছ, জালসহ ট্রলার লুট করা এ বাহিনীর কাজ। কয়েক মাস আগে ৩১ জেলেকে সাগরে নিক্ষেপ করে এ বাহিনীর সদস্যরা দুটি ট্রলার লুট করে। বাদল সাত বছর কারাভোগের পর ২০০২ সালে মুক্তি পেয়ে সৌদি আরব চলে যান। ২০০৬ সালে দেশে ফিরে আবার নৌডাকাতি ও জেলেদের অপহরণের মাধ্যমে মুক্তিপণ আদায় করে আসছে। পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মঈন উদ্দিন আহমদ বলেন, এ ব্যাপারে জলদস্যুদের বিরুদ্ধে হত্যা ও পুলিশের ওপর হামলার পৃথক দুটি মামলা করা হয়েছে।