‘বন্দুকযুদ্ধে’ চরমপন্থী নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলার গোপীনাথপুর ও পোলতাডাঙ্গা গ্রামের জিকে খালের পাড়ে গতকাল বুধবার ভোরে র‌্যাব ও পুলিশের ‘বন্দুকযুদ্ধে’ মোজাম সরদার (৩৪) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন।মোজাম চরমপন্থী সংগঠন বিপ্লবী কমিউনিস্ট পার্টির আঞ্চলিক নেতা বলে র‌্যাব ও পুলিশ জানিয়েছে। তাঁর বাড়ি উপজেলার পোলতাডাঙ্গা গ্রামে। পুলিশ ঘটনাস্থল থেকে দুটি আগ্নেয়াস্ত্র ও সাতটি গুলি উদ্ধার করেছে। বন্দুকযুদ্ধের সময় পুলিশের দুই সদস্য আহত হয়েছেন।র‌্যাব-৬-এর অধিনায়ক আলভী ফেরদৌস খানের ভাষ্যমতে, একদল চরমপন্থী জিকে খালের পাড়ে গোপন বৈঠকের প্রস্তুতি নিচ্ছে—এমন খবর পেয়ে র‌্যাব ও পুলিশের দুটি দল রাত আড়াইটার দিকে জিকে খাল সেতুর কাছে পৌঁছালে চরমপন্থীরা তাদের লক্ষ্য করে গুলি চালায়। আত্মরক্ষার্থে এ সময় র‌্যাব ও পুলিশও পাল্টা গুলি চালায়। আধাঘণ্টাব্যাপী বন্দুকযুদ্ধে দুই পক্ষের মধ্যে ৩০-৩৫টি গুলিবিনিময় হয়।আলভী ফেরদৌস বলেন, বন্দুকযুদ্ধের একপর্যায়ে চরমপন্থীরা পালিয়ে যায়। পরে র‌্যাব ও পুলিশ ঘটনাস্থল থেকে একটি লাশ উদ্ধার করে। এলাকাবাসী লাশটি চরমপন্থী মোজামের বলে শনাক্ত করে। বন্দুকযুদ্ধের সময় হরিণাকুণ্ডু থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) আলমগীর ও কনস্টেবল আবদুর রউফ আহত হয়েছেন বলে পুলিশ দাবি করেছে।হরিণাকুণ্ডু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আলম জানান, মোজাম সর্দারের বিরুদ্ধে হরিণাকুণ্ডু থানায় তিনটি হত্যা, একটি ডাকাতি, একটি অপহরণসহ পাঁচটি মামলা ও তিনটি সাধারণ ডায়েরি (জিডি) রয়েছে। এ ছাড়া আলমডাঙ্গা থানায়ও তাঁর বিরুদ্ধে মামলা রয়েছে।ওসি আরও জানান, মোজাম প্রথম দিকে নিজের নামে একটি গ্রুপ গড়ে তোলেন। কিছুদিন পর তিনি পূর্ব বাংলার কমিউনিস্ট পার্টিতে (জনযুদ্ধ) যোগ দেন। পরে তিনি এলাকার ত্রাস মোয়াজ্জেমের হাত ধরে বিপ্লবী কমিউনিস্ট পার্টিতে যোগ দেন এবং মোয়াজ্জেমের সেকেন্ড ইন কমান্ড হিসেবে কাজ করেন। মোয়াজ্জেম বন্দুকযুদ্ধে নিহত হওয়ার পর কিছুদিনের মধ্যেই তিনি দলের আঞ্চলিক নেতায় পরিণত হন। শেষের দিকে তিনি নিজের নামেই একটি বাহিনী গড়ে তোলেন, যা মোজাম বাহিনী হিসেবে পরিচিতি পায়।চরমপন্থী গ্রেপ্তার: কুষ্টিয়া অফিস জানায়, কুষ্টিয়া সদর উপজেলার দরবেশপুর গ্রামের বাড়ি থেকে গত মঙ্গলবার দিবাগত রাতে খালেক মণ্ডল (৪৫) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। পরে তাঁর স্বীকারোক্তি অনুযায়ী তাঁর বাড়ির উঠানে পুঁতে রাখা একটি শটগান উদ্ধার করা হয়।পুলিশের দাবি, খালেক চরমপন্থী সংগঠন গণমুক্তিফৌজের সক্রিয় সদস্য। তাঁর বিরুদ্ধে অস্ত্র আইনে সদর থানায় একটি মামলা করা হয়েছে।