'বন্দুকযুদ্ধে' চরমপন্থী নেতা নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাতক্ষীরার তালা উপজেলায় গতকাল সোমবার দিবাগত রাতে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ আবদুল গফফার পাড় (৪৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। এদিন দিবাগত রাত আড়াইটার দিকে উপজেলার টেংরা বিলের পাশে বটগাছতলায় এ ঘটনা ঘটে।

পুলিশের ভাষ্য, গফফার চরমপন্থী দল পূর্ব বাংলার কমিউনিস্ট পার্টির (এমএল জনযুদ্ধ) আঞ্চলিক কমান্ডার ছিলেন।


বন্দুকযুদ্ধে দৈনিক পত্রদূত পত্রিকার সম্পাদক স ম আলাউদ্দিন হত্যা মামলার প্রধান আসামি কাজী সাইফুল ইসলাম (৪২) গুলিবিদ্ধ হয়েছেন। তিনি আবদুল গফফারের সহযোগী বলে পুলিশের দাবি।


পুলিশের দাবি, আবদুল গফফার পাড় চারটি হত্যাসহ একাধিক মামলার আসামি ছিলেন। তিনি উপজেলার ডাঙ্গানলতা গ্রামের আবু পাড়ের ছেলে। সাইফুল সাতক্ষীরা সদরের সুলতানপুর গ্রামের কাজী আবদুল ওহাবের ছেলে।


তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ আবু বকর সিদ্দিকের দাবি, গতকাল দিবাগত রাতে তাঁরা নিয়মিত অভিযানে উপজেলার মাগুরা এলাকায় যান। রাত দেড়টার দিকে খবর পান, ১৪-১৫ জন সহযোগী নিয়ে পূর্ব বাংলার কমিউনিস্ট পার্টির আঞ্চলিক কমান্ডার আবদুল গফফার পাড় টেংরা বিলের রাস্তার ধারে বটগাছতলায় গোপন বৈঠক করছেন। রাত আড়াইটার দিকে পুলিশ টেংরার বিল এলাকায় পৌঁছালে চরমপন্থীরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। পুলিশ পাল্টা গুলি ছুড়লে দুই পক্ষের মধ্যে বন্দুকযুদ্ধ শুরু হয়। ১৫ মিনিট ধরে চলা গুলিবিনিময়ের ঘটনায় চরমপন্থীরা পুলিশকে লক্ষ্য করে ১০-১৫টি গুলি ছোড়ে। পুলিশ এ সময় ১০টি গুলি করে। এরপর চরমপন্থীরা পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে আবদুল গফফার পাড় ও সাইফুল ইসলামকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করে তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিত্সক গফফারকে মৃত ঘোষণা করেন। সাইফুলকে প্রাথমিক চিকিত্সা শেষে সাতক্ষীরা সদর হাসপাতালে পাঠানো হয়। এ সময় থানার দুই কনস্টেবল মহিদুল ইসলাম ও হাফিজ উদ্দীন আহত হয়েছেন।


ঘটনাস্থল থেকে একটি পাইপগান, চারটি গুলি, দুটি গুলির খোসা, একটি ছুরি ও একটি রাম দা উদ্ধার করা হয়েছে বলে জানান ওসি।


শেখ আবু বকর সিদ্দিকের দেওয়া তথ্যমতে, আবদুল গফফার পাড় পূর্ব বাংলার কমিউনিস্ট পার্টি আঞ্চলিক নেতা। তাঁর বিরুদ্ধে চারটি হত্যা মামলাসহ ১৬টি মামলা আছে। গুলিবিদ্ধ সাইফুল আওয়ামী লীগের নেতা ও দৈনিক পত্রদূত পত্রিকার সম্পাদক স ম আলাউদ্দিন হত্যা মামলার প্রধান আসামি। তাঁর বিরুদ্ধে চারটি মামলা আছে।


তালা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিত্সক জ্যোতির্ময় সরকার প্রথম আলোকে জানান, স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসার আগেই আবদুল গফফার পাড় মারা যান। তিনি বুকের নিচে গুলিবিদ্ধ হয়েছেন। সাইফুলের দুই পায়ের হাঁটুর নিচে গুলি লেগেছে। তাঁকে সাতক্ষীরা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।


সাতক্ষীরা সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিত্সক পরিমল কুমার বিশ্বাস জানান, সাইফুলের অতিরিক্ত রক্তক্ষরণ হয়েছে। তাঁর অবস্থা আশঙ্কাজনক।


সদর হাসপাতালে চিকিত্সাধীন সাইফুল ইসলামের দাবি, তাঁকে দুই দিন আগে সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলা থেকে আটক করা হয়েছে। গতকাল রাতে বিল এলাকায় নিয়ে তাঁর দুই পায়ে গুলি করা হয়। আবদুল গফফার সম্পর্কে তিনি কিছু বলতে পারেননি।


আবদুল গফফারের বাবা আবু পাড়ের ভাষ্য, গফফার বাড়িতে থাকতেন না। অনেক দিন কারাভোগের পর মাস খানেক আগে তিনি ছাড়া পেয়েছেন।