'বন্দুকযুদ্ধে' ছাত্রলীগ নেতা আরজু হত্যার মামলা খারিজ
বিচার বিভাগীয় তদন্তে রাজধানীর হাজারীবাগ থানা ছাত্রলীগের সভাপতি আরজু মিয়াকে (২৮)অপহরণ করে হত্যার অভিযোগ প্রমাণিত না হওয়ায় র্যা ব-২-এর পরিচালকসহ চারজনের বিরুদ্ধে করা মামলা খারিজ করে দিয়েছেন আদালত। গতকাল সোমবার ঢাকার মহানগর হাকিম প্রণব কুমার হুই বিচার বিভাগীয় তদন্ত প্রতিবেদন গ্রহণ করে এই আদেশ দেন।
এ বিষয়ে বাদীপক্ষের আইনজীবী আজিম উদ্দিন প্রথম আলোকে বলেন, এক বছর আগে মামলাটি করা হয়েছিল। ৬ নভেম্বর ৪ সাক্ষীর জবানবন্দি নেওয়া হয়। বিচার বিভাগীয় তদন্তে আরও সাক্ষী হাজির করার জন্য সময় চাওয়া হলে বিচারক তা নাকচ করে দেন।
বাদীর আইনজীবী আরও বলেন, গত রোববার নোটিশ দিয়ে বিচার বিভাগীয় তদন্ত প্রতিবেদনের বিষয় বাদীকে জানানো হয়েছে। গতকাল আদালতে নারাজি আবেদনের জন্য সময় চাওয়া হলে আদালত তা নাকচ করে মামলাটি খারিজ করে দেন। তিনি বলেন, এই আদেশের বিরুদ্ধে তিনি উচ্চ আদালতে যাবেন।
আরজু মিয়া ২০১৫ সালের ১৮ আগস্ট ভোরে হাজারীবাগে সিকদার মেডিকেলের পেছনে র্যা বের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নিহত হন। আরজু মিয়ার বড় ভাই মাসুদ রানা ২০১৫ সালের ২৩ আগস্ট ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে এ ঘটনায় নালিশি মামলা করেন। আদালত মামলাটি বিচার বিভাগীয় তদন্তের নির্দেশ দেন। মামলায় র্যা ব-২-এর তৎকালীন পরিচালক লে. কর্নেল মাসুদ রানা, র্যা ব-২-এর ডিএডি শাহেদুর রহমান ও পরিদর্শক ওয়াহিদ এবং র্যা ব-২-এর সোর্স রতনকে আসামি করা হয়। মহানগর হাকিম এস এম মাসুদউজ্জামান বিচার বিভাগীয় তদন্ত করে প্রতিবেদন দাখিল করেন।
আদালত সূত্র বলেছে, আরজিতে বলা হয়, ২০১৫ সালের ১৭ আগস্ট মুঠোফোন চুরির অভিযোগে রাজা মিয়া নামের এক কিশোরকে পিটিয়ে হত্যার ঘটনায় হাজারীবাগ থানায় আরজু মিয়াকে আসামি করে মামলা হয়। ওই দিন বিকেলে আসামিরা পূর্বপরিকল্পনা অনুযায়ী আরজু মিয়াকে অপহরণ করে নিয়ে যান। আরজু মিয়াকে গুলি করে হত্যা করার পর সিকদার মেডিকেলের পেছনে খোলা জায়গায় ফেলে যান আসামিরা। ২০১৫ সালের ১৯ আগস্ট র্যা ব-২-এর সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, আরজু মিয়া ‘বন্দুকযুদ্ধে’ মারা গেছেন।