‘বন্দুকযুদ্ধে’ জলদস্যু ও তিন পুলিশ সদস্য গুলিবিদ্ধ
কক্সবাজারের মহেশখালী উপজেলায় গত বুধবার গভীর রাতে জলদস্যু সম্রাট মোকারম হোসেন ওরফে জাম্বুকে নিয়ে অস্ত্র উদ্ধার করতে গিয়ে পুলিশের সঙ্গে জলদস্যুদের বন্দুকযুদ্ধের ঘটনায় এক জলদস্যু ও তিন পুলিশ সদস্য গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছেন।এ সময় পুলিশ সদস্যরা ওই এলাকায় অভিযান চালিয়ে দুটি এলজি, দুটি রামদা, একটি চায়নিজ কুড়াল ও ১০টি কার্তুজ উদ্ধার করে। পরে আহত ব্যক্তিদের গতকাল বৃহস্পতিবার ভোররাতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে। তবে গুলিবিদ্ধ জলদস্যু জাম্বুর আবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে গতকাল দুপুরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। মহেশখালী থানা পুলিশের ভাষ্যমতে, বুধবার দুপুরে চকরিয়া উপজেলা থেকে উপকূলের জলদস্যু সম্রাট জাম্বুকে গ্রেপ্তার করার পর তার অস্ত্র উদ্ধারের জন্য মাঠে নামে পুলিশ। বুধবার রাত তিনটার দিকে জাম্বুকে নিয়ে পুলিশ তার আস্তানা সোনাদিয়ায় যাওয়ার পথে উপজেলার কুতুবজোম ইউনিয়নের নয়াপাড়া চান্দাকাটা নামক স্থানে পৌঁছালে জাম্বুর অন্য সহযোগীরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছুড়লে আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি ছোড়ে। পরে পুলিশের পক্ষ থেকে ১৫টি গুলি ছুড়লে জলদস্যুরা পালিয়ে যায়। এ সময় গুলিবিদ্ধ হয়ে আহত হন জলদস্যু জাম্বু ও মহেশখালী থানার উপপরিদর্শক এনামুল হক, পুলিশ সদস্য নসিম উদ্দিন ও বাদল বড়ুয়া। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক জুলন বড়ুয়া প্রথম আলোকে বলেন, ‘গুলিবিদ্ধ জাম্বুর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছি। আহত তিন পুলিশ সদস্যকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।’