'বন্দুকযুদ্ধে' জলদস্যু ও পিটুনিতে সহযোগী নিহত
নোয়াখালীর হাতিয়া উপজেলার জলদস্যু এমরান বাহিনীর প্রধান এমরান হোসেন ওরফে এমরান ডাকাত (৩৫) গতকাল সোমবার পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নিহত হয়েছেন। এ সময় তাঁর সহযোগী জসিম উদ্দিন ওরফে জসিম ডাকাত (৩২) গণপিটুনিতে নিহত হন।
গতকাল রাত সোয়া নয়টার দিকে উপজেলার দরবেশ বাজার বেড়িবাঁধ এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় পুলিশ ঘটনাস্থল থেকে এমরানের ‘আর্মস কমান্ডার’ হিসেবে পরিচিত সাধু মাঝিকে (৪৫) আহত অবস্থায় গ্রেপ্তার করে। এ ছাড়া ঘটনাস্থল থেকে একটি বন্দুক, ছয়টি গুলি, পাঁচটি সাউন্ড গ্রেনেড উদ্ধার করা হয়। নিহত এমরানের বিরুদ্ধে হাতিয়া থানায় হত্যা, ডাকাতি, ধর্ষণ, অপহরণসহ বিভিন্ন অভিযোগে ১৬টি মামলা রয়েছে।
গতকাল রাত সাড়ে নয়টার দিকে পুলিশ সুপার (এসপি) মো. আনিসুর রহমান প্রথম আলোকে বলেন, সকালে পুলিশের হেফাজত থেকে পালানোর পর এমরান সহযোগীদের নিয়ে দরবেশ বাজার এলাকায় অবস্থান করছিলেন। খবর পেয়ে পুলিশের একটি দল সেখানে গেলে দস্যুরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এ সময় পুলিশও পাল্টা গুলি ছোড়ে। একপর্যায়ে গুলিতে এমরান নিহত হন। পরে এলাকাবাসী এমরানের সহযোগী জসিম ডাকাতকে পিটিয়ে মেরে ফেলে।
পুলিশ সূত্রে জানা গেছে, এমরানকে গত রোববার সকালে চট্টগ্রামের চন্দ্রনগর এলাকা থেকে বায়েজিদ বোস্তামি থানার পুলিশ গ্রেপ্তার করে। এরপর তাঁকে নোয়াখালী জেলা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। রাতে তাঁকে নোয়াখালী সদর (সুধারাম) থানায় রাখা হয়। গতকাল সকাল ১০টার দিকে থানাহাজতে দুই আসামির বুকে ব্যথা উঠলে পুলিশের কনস্টেবল প্রীতিময় চাকমা ও অন্তিম চাকমা তাঁদের নিয়ে অটোরিকশায় করে নোয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালের উদ্দেশে রওনা হন। পথে পুলিশকে ধাক্কা দিয়ে অটোরিকশা থেকে তাঁরা দুজন হাতকড়া পরা অবস্থায় পালিয়ে যান।
সুধারাম থানার ওসি মীর জাহেদুর রহমান দাবি করেন, ‘সকাল থেকে জামায়াত-শিবিরের বিক্ষোভ কর্মসূচি নিয়ে আমরা ব্যস্ত ছিলাম। সকাল ১০টার দিকে থানা থেকে আমাকে জানানো হয়, হাজতে থাকা দুই আসামি এমরান ও জসিম বুকের ব্যথায় অসুস্থ হয়ে পড়েছেন। তাই আমি তাঁদের হাসপাতালে নেওয়ার পরামর্শ দিই। পরে শুনি আসামিরা পথে পালিয়ে গেছে।’