'বন্দুকযুদ্ধে' জামায়াত নেতা নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মেহেরপুর সদর উপজেলায় গত সোমবার রাতে জামায়াত-শিবিরের সঙ্গে যৌথ বাহিনীর ‘বন্দুকযুদ্ধে’ আবদুল জব্বার (৫২) নামে জামায়াতে ইসলামীর এক নেতা নিহত হয়েছেন। তিনি উপজেলার আমঝুপি ইউনিয়নের হিজুলি ওয়ার্ড জামায়াতের সভাপতি এবং একই ওয়ার্ডের ইউপি সদস্য। এ ঘটনার প্রতিবাদে আজ বুধবার মেহেরপুর জেলায় সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে জামায়াত।
মেহেরপুর পুলিশের ভাষ্যমতে, যৌথ বাহিনী সোমবার সকালে মেহেরপুর সদর উপজেলার হিজুলি গ্রামে অভিযান চালিয়ে জামায়াতের নেতা আবদুল জব্বারকে আটক করে। তাঁকে পুলিশ লাইনে এনে ব্যাপক জিজ্ঞাসাবাদ করা হয়। পরে খুলনা বিভাগীয় জামায়াতের সমন্বয়ক আবদুল মতিনকে ধরতে আবদুল জব্বারকে সঙ্গে নিয়ে এলাকায় অভিযান নামে যৌথ বাহিনী। রাত দেড়টার দিকে হিজুলি গ্রামে পৌঁছালে জামায়াত-শিবিরের লোকজন আবদুল জব্বারকে ছিনিয়ে নিতে গুলি চালান। এ সময় যৌথ বাহিনী পাল্টা গুলি চালায়। পরিস্থিতি শান্ত হলে ঘটনাস্থলে আবদুল জব্বারের মৃতদেহ পড়ে থাকতে দেখা যায়। লাশের পাশে একটি একনলা বন্দুক ও পাঁচটি ককটেল পাওয়া যায়। পুলিশ রাতেই লাশ উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।
মেহেরপুরের পুলিশ সুপার এ কে এম নাহিদুল ইসলাম জানান, আবদুল জব্বারের বিরুদ্ধে নাশকতার অভিযোগে বেশ কয়েকটি মামলা আছে। খুলনার সমন্বয়ক আবদুল মতিন সাতক্ষীরায় সহিংসতার সঙ্গে সক্রিয় ছিলেন। সম্প্রতি তিনি মেহেরপুরে আশ্রয় নেন। এখানে এসে তিনি আবদুল জব্বারের সঙ্গে যুক্ত হয়ে নাশকতা করতেন। মতিনসহ জড়িত অন্য ব্যক্তিদের ধরতে অভিযান চলবে।
জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি তারিক মুহাম্মদ সাইফুল ইসলাম বলেন, এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড। এর প্রতিবাদে কাল (আজ) মেহেরপুরে হরতাল ডাকা হয়েছে।
আক্কেলপুরে ‘বন্দুকযুদ্ধে’ এমেল বাহিনীর শীর্ষ নেতা নিহত: আমাদের আক্কেলপুর (জয়পুরহাট) প্রতিনিধি জানান, জয়পুরহাটের আক্কেলপুরে ‘এমেল’ বাহিনীর দ্বিতীয় শীর্ষ নেতা আরমান আলী ওরফে দুর্ধর্ষ আরমান (৩৭) পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নিহত হয়েছেন।
আক্কেলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউস সাদিকের ভাষ্যমতে, আরমান গতকাল দুপুরে তাঁর গ্রামের বাড়ি আক্কেলপুর উপজেলার পূর্ণগোপীনাথপুরে সহযোগীদের নিয়ে গোপন বৈঠক করছিলেন। খবর পেয়ে পুলিশের একটি দল তাঁকে ধরতে অভিযান চালায়। এ সময় আরমান সহকারী উপপরিদর্শক (এএসআই) ইসমাইল হোসেন ও কনস্টেবল আবদুল খালেককে রামদা দিয়ে কুপিয়ে জখম করেন। তাঁর সহযোগীরা বাড়ির বাইরে থাকা পুলিশ সদস্যদের লক্ষ্য করে চার-পাঁচটি গুলি ছোড়ে। পুলিশও পাল্টা গুলি চালালে দুই পক্ষে ‘বন্দুকযুদ্ধ’ বেধে যায়। এ সময় আরমান গুলিবিদ্ধ হয়ে মারা যান। তাঁর সহযোগীরা বাড়ির পেছনের দরজা দিয়ে পালিয়ে যায়। এ ঘটনায় পুলিশের দুই সদস্য আহত হন। তাঁদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। পুলিশ ঘটনাস্থল থেকে তিনটি রামদা ও একটি হাঁসুয়া উদ্ধার করেছে।
ওসি বলেন, আরমানের বিরুদ্ধে বিভিন্ন থানায় হত্যা, ডাকাতি ও চাঁদাবাজির অভিযোগে বেশ কয়েকটি মামলা রয়েছে।
গোপীনাথপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান সাঈদ জোয়ার্দ্দার বলেন, আরমান আলী নিহত হওয়ায় এলাকার মানুষের মধ্যে স্বস্তি ফিরে এসেছে।