'বন্দুকযুদ্ধে' জামায়াত নেতা নিহত সাতক্ষীরায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাতক্ষীরার কালীগঞ্জে গত মঙ্গলবার রাতে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ আশরাফুল ইসলাম নামের এক জামায়াত নেতা নিহত হয়েছেন। তিনি জামায়াতে ইসলামীর রুকন ও কালীগঞ্জের কুশলিয়া ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি। পরিবারের দাবি, পুলিশ তাঁকে ধরে নিয়ে গুলি করে হত্যা করেছে।

এ নিয়ে গত ৫ জানুয়ারির সংসদ নির্বাচনের পর সাতক্ষীরার বিভিন্ন উপজেলায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নয়জন রাজনৈতিক নেতা-কর্মী নিহত হলেন। তাঁদের মধ্যে জামায়াত-শিবিরের সাতজন।

এদিকে যশোরের মনিরামপুরে আলী কদর (২৮) নামে জামায়াতের এক কর্মী গুলিবিদ্ধ অবস্থায় গ্রেপ্তার হয়েছেন।

কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম রহমানের ভাষ্য অনুযায়ী, উপজেলার ভদ্রখালি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে একদল দুর্বৃত্ত নাশকতার উদ্দেশ্যে গোপন সভা করছে, এমন তথ্য পেয়ে তাঁর (ওসি) নেতৃত্বে পুলিশের একটি দল মঙ্গলবার রাত একটার দিকে সেখানে যায়। এ সময় দুর্বৃত্তরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে ও বোমার বিস্ফোরণ ঘটায়। পুলিশও আত্মরক্ষার্থে পাল্টা গুলি চালায়। ১৫ মিনিট ধরে গুলিবিনিময়ের পর দুর্বৃত্তরা পালিয়ে যায়। পরে ঘটনাস্থলে একজনকে গুলিবিদ্ধ অবস্থায় পড়ে থাকতে দেখে পুলিশ তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। পরে জানা যায়, নিহত ব্যক্তি কুশলিয়া ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি আশরাফুল ইসলাম।

উপজেলা জামায়াতের আমির মো. মোসলেম উদ্দিন ও আশরাফুল ইসলামের স্ত্রী পাপিয়া খাতুনের দাবি, আশরাফুল ইসলামকে মঙ্গলবার রাত সাড়ে ১২টার দিকে তাঁর ঠেকরা গ্রামের বাড়ি থেকে ধরে নিয়ে যায় পুলিশ। পরে ভদ্রখালি প্রাথমিক বিদ্যালয় মাঠে নিয়ে তাঁকে গুলি করে হত্যা করা হয়।

তবে ওসি গোলাম রহমান জানান, সংঘর্ষে এসআই মহসিন আলী তরফদার, কনস্টেবল মো. কামালউদ্দিন, শরীফুল ইসলাম, আবদুল জব্বার ও আহাদ আলী সামান্য আহত হন। তাঁদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। এ ঘটনায় থানায় মামলা হয়েছে। নিহত আশরাফুল ইসলামের বিরুদ্ধে থানায় দুটি মামলা রয়েছে।

যশোরে গুলিবিদ্ধ আলী কদর মনিরামপুর উপজেলার জয়পুর গ্রামের আজিজুর রহমানের ছেলে। তিনি বর্তমানে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি রয়েছেন। আলী কদর জামায়াতের কর্মী বলে জানা গেছে।

মনিরামপুর থানার ওসি মিজানুর রহমানের ভাষ্যমতে, মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে জয়পুর গ্রাম থেকে আলী কদরকে গ্রেপ্তার করা হয়। তাঁর স্বীকারোক্তি অনুযায়ী তাঁকে নিয়ে জয়পুর উত্তর আলী গ্রামের বাড়িতে অস্ত্র উদ্ধারে যায় পুলিশ। এ সময় তিনি নিজ হাতে অস্ত্র বের করে পুলিশের হাতে তুলে দিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। তখন তাঁর পায়ে গুলি করে তাঁকে গ্রেপ্তার করা হয়।

হাসপাতালে চিকিৎসাধীন আলী কদর গতকাল বুধবার প্রথম আলোকে বলেন, পুলিশ অজ্ঞাতস্থানে নিয়ে তাঁর পায়ে গুলি করে। এখন তাঁকে অস্ত্র দিয়ে ফাঁসানোর চেষ্টা করছে।

ওসি জানান, আলী কদরের বিরুদ্ধে নাশকতার অভিযোগে ১৩টি মামলা রয়েছে।