'বন্দুকযুদ্ধে' জামায়াত-শিবিরের তিন নেতা নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাতক্ষীরা ও ঝিনাইদহে আজ রোববার ভোরে যৌথ বাহিনীর সঙ্গে পৃথক ‘বন্দুকযুদ্ধের’ ঘটনায় জামায়াত-শিবিরের তিন নেতা নিহত হয়েছেন।

সাতক্ষীরা: জেলার দেবহাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারক বিশ্বাসের দাবি, ভোর সাড়ে পাঁচটার দিকে উপজেলার নারকেলি গ্রামে ‘বন্দুকযুদ্ধের’ এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তিরা হলেন শিবিরের উপজেলা সেক্রেটারি আবুল কালাম (২২) ও শিবিরের সদস্য মারুফ হোসেন ওরফে ছোট (২৫)।
পরিবারের পক্ষ থেকে কালামের রাজনৈতিক পরিচয় ও পদের সত্যতা নিশ্চিত করা হয়েছে। মারুফের পরিবারের পক্ষ থেকে দাবি করা হয়েছে, তিনি জামায়াতের কর্মী। তবে পুলিশ দাবি করেছে, তিনি শিবিরের আত্মঘাতী দলের একজন সদস্য।
ওসি তারক বিশ্বাসের ভাষ্য, গতকাল শনিবার ভোরে কালাম ও মারুফকে দেবহাটার কুলিয়া গ্রাম থেকে গ্রেপ্তার করা হয়। তাঁদের নিয়ে গতকাল দিবাগত রাতে যৌথ বাহিনী অভিযানে নামে। বিভিন্ন এলাকায় অভিযান শেষে আজ ভোরে নারকেলি গ্রামের আফগানিস্তান ফেরত যোদ্ধা জিয়াউর রহমান ওরফে জিয়ার বাড়ির দক্ষিণ পাশে পৌঁছে যৌথ বাহিনী। এ সময় জামায়াত-শিবিরের নেতা-কর্মীরা যৌথ বাহিনীর ওপর হামলা চালিয়ে ওই দুজনকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা চালান। জামায়াত-শিবিরের নেতা-কর্মীরা যৌথ বাহিনীকে লক্ষ্য করে ৫০টি গুলি ও ১৫টি বোমার বিস্ফোরণ ঘটান। যৌথ বাহিনীও পাল্টা গুলি ছোড়ে। দুই পক্ষের মধ্যে গুলিবিনিময়ের সময় কালাম ও মারুফ গুরুতর আহত হন। তাঁদের উদ্ধার করে প্রথমে দেবহাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে সাতক্ষীরা সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিত্সক তৌহিদুজ্জামান তাঁদের মৃত ঘোষণা করেন।
ওসি তারক বিশ্বাস জানান, হত্যাসহ কালামের বিরুদ্ধে ১০টি এবং মারুফের বিরুদ্ধে নয়টি মামলা রয়েছে। মারুফ শিবিরের আত্মঘাতী দলের একজন সদস্য।

ঝিনাইদহ: জেলার কোটচাঁদপুর উপজেলার নওদাপাড়া মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে ভোরে যৌথ বাহিনীর সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ উপজেলা জামায়াতের নেতা এনামুল হক (৪৫) নিহত হয়েছেন।
কোটচাঁদপুর উপজেলা জামায়াতের আমির তাজুল ইসলামের ভাষ্য, নিহত এনামুল কোটচাঁদপুর উপজেলা জামায়াতের অর্থবিষয়ক সম্পাদকের দায়িত্বে ছিলেন। তাঁর দাবি, উপজেলা নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে উপজেলা জামায়াতের সাধারণ সম্পাদক মুয়াবিয়া হোসেনের পক্ষে গতকাল শনিবার বিকেলে মনোনয়নপত্র জমা দিতে এনামুল কোটচাঁদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে যান। বিকেল চারটার দিকে উপজেলা নির্বাচন কার্যালয়ের সামনে থেকে পুলিশের সাদা পোশাকধারী একটি দল তাঁকে আটক করে নিয়ে যায়। আটকের পর তাঁকে রাতে হত্যা করা হয়েছে।
স্থানীয় লোকজনের ভাষ্য, নিহত এনামুল হক কোটচাঁদপুর উপজেলার বলরামপুর মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ছিলেন। তিনি চাঁদপাড়া গ্রামের বাসিন্দা।
ঘটনা সম্পর্কে কোটচাঁদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহজাহান আলী খানের ভাষ্য, নওদাপাড়া মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে গতকাল গভীর রাতে একদল সন্ত্রাসী গোপন বৈঠক করছিল। খবর পেয়ে রাত দেড়টার দিকে অভিযান শুরু করে যৌথ বাহিনী। এ সময় যৌথ বাহিনীকে লক্ষ্য করে ১০টি গুলি ও তিনটি বোমা ছোড়ে সন্ত্রাসীরা। এতে পুলিশের উপপরিদর্শক (এসআই) মুক্তার হোসেন ও মিজানুর রহমান এবং কনস্টেবল জয়দেব বিশ্বাস আহত হন। যৌথ বাহিনীর সদস্যরাও পাল্টা ৩০টি গুলি ছোড়েন। দুই পক্ষের মধ্যে চলা বন্দুকযুদ্ধের একপর্যায়ে এনামুল হক নামের একজন সন্ত্রাসী গুলিবিদ্ধ হন। আহত অবস্থায় জেলা সদর হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়। ময়নাতদন্তের জন্য লাশ ঝিনাইদহ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পুলিশ ঘটনাস্থল থেকে একটি শাটারগান ও দুটি তাজা বোমা উদ্ধার করেছে বলে তিনি জানান।

আর ও পড়তে ক্লিক করুন