'বন্দুকযুদ্ধে' জেএমবির দুজন নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার শেরপুরে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ দুজন নিহত হয়েছেন। গত রোববার দিবাগত গভীর রাতে শেরপুর-রানীরহাট সড়কের নলুয়াপাড়ায় এ ঘটনা ঘটে।
পুলিশ বলেছে, নিহত ব্যক্তিরা হলেন নিষিদ্ধ জঙ্গি সংগঠন জামাআতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) উত্তরাঞ্চলের সামরিক শাখার কমান্ডার খালেদ হাসান ওরফে বদর মামা (৩০) ও সদস্য ইব্রাহীম গোলাম তারেক ওরফে রিপন (২৯)। খালেদের বাড়ি চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলার হামিদপুর গ্রামে। তিনি দিনাজপুরের ইসকন মন্দির ও কান্তজির মন্দিরে হামলা এবং পেট্রলপাম্পে ডাকাতি ও ইতালীয় নাগরিকের ওপর হামলা মামলার আসামি। ইব্রাহীমের বাড়ি রাজশাহী নগরের পাঠানপাড়ায়। তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অধ্যাপক রেজাউল করিম সিদ্দিকী হত্যার মূল পরিকল্পনাকারী।
বগুড়ার পুলিশ সুপার মো. আসাদুজ্জামান গতকাল সোমবার প্রথম আলোকে বলেন, খালেদ জেএমবির উত্তরাঞ্চলীয় সামরিক শাখার প্রধান ও অন্যজন সংগঠনটির আত্মঘাতী স্কোয়াডের সদস্য। উত্তরাঞ্চলে সাম্প্রতিক সময়ে ঘটা বেশ কিছু জঙ্গি হামলায় জড়িত তাঁরা। গত রোববার রাতে বগুড়ায় তাঁদের একটি জঙ্গি হামলার পরিকল্পনা ব্যর্থ করে দিয়েছে পুলিশ।
শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান মো. এরফান প্রথম আলোকে বলেন, শেরপুরে জঙ্গি হামলার প্রস্তুতির খবর পেয়ে পুলিশের একটি দল নলুয়াপাড়া মোড়ে অবস্থান নেয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে জেএমবির সদস্যরা গুলি করেন। পুলিশও পাল্টা গুলি করে। এতে দুই জঙ্গি ও পুলিশের দুজন সদস্য আহত হন। আহত জঙ্গিদের শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে কর্তব্যরত চিকিৎসক তাঁদের মৃত ঘোষণা করেন। আহত পুলিশ সদস্য বাবুল আকতার ও আবদুল মোতালেবকে বগুড়া পুলিশ লাইনস হাসপাতালে পাঠানো হয়েছে। বন্দুকযুদ্ধকালে জেএমবির কয়েকজন সদস্য পালিয়ে যান।
গতকাল সকালে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে গিয়ে দেখা যায়, সেখানে ‘বন্দুকযুদ্ধে’ নিহত দুজনের লাশ রাখা হয়েছে। বাইরে পাহারায় রয়েছে পুলিশ।
নিহত ওই দুজনসহ চার-পাঁচজনের বিরুদ্ধে পুলিশকে বাধাদান, হত্যা ও বিস্ফোরক দ্রব্য আইনে তিনটি মামলা করেছে পুলিশ। শেরপুর থানার পরিদর্শক (তদন্ত) মিজানুর রহমান বলেন, বন্দুকযুদ্ধের পর ঘটনাস্থল থেকে একটি পিস্তল, চারটি গুলি ও গ্রেনেড তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।
তিন মাস ধরে নিখোঁজ ছিলেন ইব্রাহীম: নিজস্ব প্রতিবেদক, রাজশাহী জানান, ইব্রাহীম ওরফে রিপন রাজশাহীতে ‘তান’ নামে পরিচিত। তাঁদের বাড়ি নগরের পাঠানপাড়ায়। তিন মাস ধরে নিখোঁজ ছিলেন তিনি। এ ব্যাপারে তাঁর পরিবারের পক্ষ থেকে বোয়ালিয়া থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়।
কয়েকজন প্রতিবেশী বলেন, ইব্রাহীমের বাবা গোলাম সবুর রাজশাহী বিশ্ববিদ্যালয়ে চাকরি করতেন। ছোট থাকতেই ইব্রাহীম বাবাকে হারান। তাঁকে ও তাঁর ছোট বোনকে রেখে মা অন্যত্র বিয়ে করেন। তাঁদের লালনপালন করেন দাদি। পাঠানপাড়ায় উত্তরাধিকার সূত্রে পাওয়া জমিতে তিনতলা বাড়ি করে দেন দাদি। ওই বাড়ির নিচতলায় থাকতেন অবিবাহিত ইব্রাহীম। দ্বিতীয় তলায় তাঁর চাচা পরিবার নিয়ে থাকতেন। তৃতীয় তলার মালিক ছিলেন ইব্রাহীম। সেটি তিনি ভাড়া দিয়েছেন।
প্রতিবেশীরা বলেন, ইব্রাহীম এইচএসসি পর্যন্ত পড়াশোনা করেন। পৈতৃক সূত্রে পাওয়া দুটি দোকান ও বাড়িভাড়ার টাকায় চলতেন। বোনের বিয়ে হয়েছে। সবার সঙ্গে ভালো ব্যবহার করতেন ইব্রাহীম। মাস তিনেক আগে তিনি বাড়ি থেকে নিখোঁজ হন। এ ঘটনায় ১৯ মে তাঁর বোন জিডি করেন।
এদিকে রাজশাহীর বাগমারা থানায় ১৬ আগস্ট পুলিশের করা একটি মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, ইব্রাহীমের নেতৃত্বে ‘আনসার রাজশাহী’ নামে একটি নতুন জঙ্গি সংগঠন খোলা হয়েছে। এই সংগঠনের ব্যানারে কিছু সন্ত্রাসী বাগমারার ডাক্তার নিরেন্দ্রনাথসহ অন্য মুক্তচিন্তার মানুষ হত্যার ষড়যন্ত্র করা হয়। পুলিশ ১৫ আগস্ট এ সংগঠনের দুই সদস্যকে গ্রেপ্তার করে। মামলায় ইব্রাহীমকে পলাতক দেখানো হয়েছে।
নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ জানান, নাচোল থানার ওসি ফাছির উদ্দিন বলেন, খালেদের বাবা এনামুল হক ৩০-৩৫ বছর আগে দিনাজপুরের কাহারোল উপজেলার গোলনুরপুরে বিয়ে করেন। সেখানেই খালেদের জন্ম। কয়েক বছর পর বিবাহবিচ্ছেদ হলে এনামুল হক চাঁপাইনবাবগঞ্জে ফিরে আসেন। এখন নাচোলের খেসবায় বসবাস করেন। তবে খালেদ কখনো চাঁপাইনবাবগঞ্জে আসেননি।
এনামুল হকের মুঠোফোন নম্বরে যোগাযোগের চেষ্টা করে তা বন্ধ পাওয়া যায়।