'বন্দুকযুদ্ধে' ঢাকা ও রংপুরে নিহত ৩

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা ও রংপুরে র‍্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ দুই ভাইসহ তিনজন নিহত হয়েছেন। দুটি ঘটনাই ঘটেছে গত বুধবার দিবাগত রাতে। রাজধানীর আগারগাঁওয়ের তালতলায় নিহত ব্যক্তির নাম ইয়াসিন সরকার ওরফে রাজন (৩২)। রংপুর নগরের ধাপ এলাকায় নিহত হয়েছেন মানিক (৩০) ও তাঁর ছোট ভাই সুমন (২৬)।
র‍্যাবের দাবি, নিহত ইয়াসিন ছিনতাইকারী। ছিনতাইকারীদের গুলির জবাবে র‍্যাব পাল্টা গুলি চালালে তিনি নিহত হন। তবে পরিবার অভিযোগ করেছে, ১২ জুলাই ইয়াসিনকে মিরপুরের সনি সিনেমা হলের সামনে থেকে র‍্যাব পরিচয়ে কয়েক ব্যক্তি ধরে নিয়ে যাওয়ার পর থেকে তিনি নিখোঁজ ছিলেন।
রংপুরে নিহত দুই ভাই একটি হত্যা মামলার আসামি বলে দাবি করেছে র‍্যাব। তাঁরা ছয় দিন ধরে নিখোঁজ ছিলেন বলে দাবি করেছে তাঁদের পরিবার।
ঢাকায় ‘বন্দুকযুদ্ধ’: র‍্যাব-২-এর পরিচালক লে. কর্নেল এস এম মাসুদ রানা গতকাল বৃহস্পতিবার দুপুরে প্রথম আলোকে বলেন, বুধবার দিবাগত রাত আড়াইটার দিকে আগারগাঁওয়ের তালতলা মহিলা কলেজের সামনে র‍্যাব-২-এর একটি দলের সঙ্গে ছিনতাইকারীদের বন্দুকযুদ্ধ হয়। একপর্যায়ে এক যুবক গুলিবিদ্ধ হন। অন্যরা পালিয়ে যান। রক্তাক্ত অবস্থায় ওই যুবককে উদ্ধার করে শেরেবাংলা নগর থানার পুলিশ গতকাল ভোর সাড়ে চারটার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
শেরেবাংলা নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোপাল গণেশ বিশ্বাস বলেন, পুলিশ ঘটনাস্থল থেকে দুটি পিস্তল ও সাতটি গুলি উদ্ধার করেছে। নিহত যুবকের নাম ইয়াসিন। তাঁর বিরুদ্ধে শেরেবাংলা নগর থানায় দুটি হত্যা মামলা রয়েছে। এর মধ্যে আগারগাঁওয়ের শীর্ষ মাদক ব্যবসায়ী নূর মোহাম্মদের জামাতা জাহাঙ্গীর আলম হত্যা মামলার অন্যতম আসামি ছিলেন ইয়াসিন। ওই মামলায় গ্রেপ্তার হয়ে তিনি কারাগারে ছিলেন। সম্প্রতি তিনি জামিনে মুক্তি পান।
ইয়াসিনের পরিবার প্রথম আলোর কাছে অভিযোগ করেছে, ইয়াসিনকে গুলি করে হত্যা করা হয়েছে।
ইয়াসিনের ভাই নাজমুল হক প্রথম আলোকে বলেন, ইয়াসিন ছিনতাইকারী নন, আগারগাঁওয়ে ঠিকাদারির কাজ করতেন। ১২ জুলাই মিরপুরের সনি সিনেমা হলের সামনে ইয়াসিন ঈদের কেনাকাটা করতে যান। এ সময় পাঁচ-ছয়টি মোটরসাইকেলে আসা সাত-আটজন নিজেদের র‍্যাবের সদস্য পরিচয় দিয়ে তাঁকে মাইক্রোবাসে তুলে নিয়ে যায়। এরপর থেকে ইয়াসিন নিখোঁজ ছিলেন। গতকাল সকালে তাঁরা টেলিভিশনে খবর দেখে মর্গে গিয়ে লাশ দেখেন।
নাজমুল বলেন, ইয়াসিন তাঁর অন্তঃসত্ত্বা স্ত্রী শাম্মী আক্তারকে নিয়ে পশ্চিম আগারগাঁওয়ে থাকতেন। ইয়াসিন আগে যুবলীগ করতেন। এখন কোনো দলের সঙ্গে জড়িত নন।
রংপুরে দুই সহোদর নিহত: র‍্যাব-১৩-এর ভাষ্যমতে, বুধবার দিবাগত রাত তিনটার দিকে লিমন হত্যা মামলার আসামিদের গ্রেপ্তারের জন্য তাদের একটি দল নগরের ধাপ এলাকা দিয়ে যাওয়ার সময় চান হোটেলের গলিতে সন্দেহ হলে দুই যুবককে থামতে বলে। একপর্যায়ে তারা র‍্যাবের ওপর হামলা চালায়। এর জের ধরে দুই পক্ষের মধ্যে বন্দুকযুদ্ধ হয়। এতে সন্ত্রাসী মানিক ও তার ছোট ভাই সুমন নিহত হয়।
র‍্যাব-১৩-এর পরিচালক লে. কর্নেল কিসমত হায়াৎ মুঠোফোনে গতকাল প্রথম আলোকে বলেন, লিমন হত্যা মামলার আসামিদের গ্রেপ্তার করতে যাওয়ার সময় র‍্যাবের টহল দলের ওপর সন্ত্রাসীরা হামলা করলে র‍্যাব জবাব দেয়। এতে গুলিতে দুজন সন্ত্রাসী নিহত হয়। র‍্যাবেরও দুই সদস্য আহত হন।
মানিক ও সুমনের বাড়ি নগরের খলিফাটারী এলাকায়। তাদের বাবা আমির আলী সাংবাদিকদের বলেন, তাঁর দুই ছেলে গত ছয় দিন বাড়িতে ছিল না। তাঁদের অনেক খোঁজাখুঁজি করেছেন। কিন্তু সন্ধান পাননি। তবে বিষয়টি থানায় জানানো হয়নি।
কোতোয়ালি থানার ওসি আবদুল কাদের জিলানী বলেন, মানিক ও সুমন চিহ্নিত সন্ত্রাসী। ১১ জুলাই দিবাগত রাতে ধাপ এলাকায় লিমন (২৬) নামের এক যুবক খুন হন। ওই মামলার আসামি ছিলেন মানিক ও সুমন। পুলিশ তাঁদের খুঁজছিল।