'বন্দুকযুদ্ধে' তিনজন নিহত
রাজধানী ও সাভারে র্যাব-পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ তিনজন নিহত হয়েছেন। তাঁদের মধ্যে রাজধানীর কদমতলীতে গতকাল সোমবার বেলা সাড়ে ১১টার দিকে র্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ ওয়াসিম আলী (৫০) ও সংগ্রাম চৌধুরী (৪৫) নিহত হন। সাভারে গত রোববার গভীর রাতে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নিহত ব্যক্তির পরিচয় জানা যায়নি।
র্যাবের দাবি, নিহত ওয়াসিম ও সংগ্রাম অপহরণকারী। তবে ওয়াসিমের স্ত্রীর অভিযোগ, ‘বন্দুকযুদ্ধ’ নয়, র্যাবের একতরফা গুলিতে তাঁরা নিহত হয়েছেন।
ওয়াসিম দক্ষিণ কেরানীগঞ্জ থানার শুভাঢ্যার ব্যবসায়ী বিমল মণ্ডলের শিশুসন্তান পরাগ মণ্ডল অপহরণ মামলার অভিযোগপত্রভুক্ত আসামি বলে জানা গেছে।
সাভার থানার পুলিশের দাবি, ‘বন্দুকযুদ্ধে’ নিহত অজ্ঞাতনামা ব্যক্তি ডাকাত দলের সদস্য।
কদমতলীতে ‘বন্দুকযুদ্ধ’: র্যাব-১০-এর অপারেশন অফিসার ফজলে রাব্বী প্রথম আলোকে বলেন, কয়েক-জনকে অপহরণ করে কদমতলী থানার জুরাইনের আলমবাগের মসজিদ রোডের একটি বাড়ির চিলেকোঠায় আটকে নির্যাতন করা হচ্ছে—এমন খবর পাওয়া যায়। এ খবরের ভিত্তিতে র্যাব-১০-এর একটি দল গতকাল বেলা সাড়ে ১১টার দিকে সেখানে অভিযান চালায়। এ সময় অপহরণকারীরা র্যাবকে লক্ষ্য করে গুলি ছোড়ে। র্যাবও পাল্টা গুলি চালায়। এতে দুই অপহরণকারী গুলিবিদ্ধ হন। বাকিরা ওই বাড়ির পাইপ বেয়ে নিচে নেমে পালিয়ে যান। গুলিবিদ্ধ দুজনকে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ ও মিটফোর্ড হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁদের মৃত ঘোষণা করেন। বন্দুকযুদ্ধের সময় গুলি স্পর্শ করে যাওয়ায় র্যাবের তিনজন কর্মকর্তা আহত হন।
ফজলে রাব্বী বলেন, অপহরণ হওয়া আকতার, জনি, রানা ও জাহাঙ্গীর নামের চারজনকে ওই চিলেকোঠা থেকে উদ্ধার করা হয়। তাঁরা র্যাবকে জানান, তাঁদের বিভিন্ন এলাকা থেকে অপহরণ করে আটকে রেখে নির্যাতন করে মুক্তিপণ দাবি করা হয়েছিল। তাঁদের র্যাবের হেফাজতে চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল সূত্র জানায়, ওই চারজনকে চিকিৎসা দিয়ে নিয়ে যাওয়া হয়েছে। র্যাব সদস্যরা তাঁদের সঙ্গে সাংবাদিকদের কথা বলতে দেননি।
নিহত ওয়াসিমের স্ত্রী সোনিয়া আক্তার জানান, ঘটনার সময় ওয়াসিম টয়লেটে ছিলেন। হঠাৎ ২০-২৫ জন র্যাব সদস্য ঘরে ঢুকে ওয়াসিমকে খোঁজেন। পরে তাঁরা ওয়াসিমকে টয়লেট থেকে বের করে তিনটি গুলি করেন। এ সময় ছয়তলায় থাকা সংগ্রাম দেয়াল টপকে পালাতে চাইলে তাঁরা তাঁকে আটকে পায়ে একটি গুলি করেন। এরপর তাঁরা সংগ্রাম ও ওয়াসিমকে আবার গুলি করে মেরে ফেলেন। তিনি বলেন, ‘আমি তাঁদের পায়ে ধরে স্বামীর প্রাণভিক্ষা চাইছিলাম। কিন্তু আমার কথা শোনে নাই।’
ওয়াসিমের পরিবার জানায়, ওয়াসিমের ঠিকাদারি রয়েছে। কয়েক বছর ধরে তিনি বুড়িগঙ্গার প্রথম চীন-বাংলাদেশ মৈত্রী সেতুর টোল আদায়ের ইজারা পান। সংগ্রাম তাঁর সঙ্গে চলতেন। ওয়াসিম জুরাইন-পোস্তগোলা অটোরিকশা চালক সমবায় সমিতির সভাপতি ও সংগ্রাম সাধারণ সম্পাদক ছিলেন। ওয়াসিম সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত ছিলেন না।
সংগ্রামের ভাই প্রিন্স মাহমুদ জানান, সেতুর ইজারা নিয়ে স্থানীয় আওয়ামী লীগের নেতাদের সঙ্গে ওয়াসিমদের দ্বন্দ্ব চলছিল। এ কারণে র্যাব দিয়ে তাঁদের হত্যা করানো হয়েছে।
সংগ্রামের পরিবার জানায়, সংগ্রাম পরিবারের সঙ্গে আলমবাগে থাকতেন। রোববার রাতে তিনি ওয়াসিমের বাসায় যান এবং সেখানে রাতে থাকেন। সংগ্রামও কোনো সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত ছিলেন না।
জানা গেছে, ওয়াসিম পরাগ মণ্ডল অপহরণ মামলার অভিযোগপত্রভুক্ত আসামি। এ ছাড়া তাঁর নামে দক্ষিণ কেরানীগঞ্জ, শ্যামপুর, কদমতলী ও সিদ্ধিরগঞ্জ থানায় চাঁদাবাজি, বিস্ফোরক দ্রব্য আইনে অন্তত পাঁচটি মামলা রয়েছে।
শ্যামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আযম মিয়া জানান, লাভলু আহমেদ নামের এক ব্যবসায়ী গত ১৩ ফেব্রুয়ারি ওয়াসিম ও সংগ্রামের বিরুদ্ধে চাঁদাবাজির একটি মামলা করেন।
কদমতলী থানার উপপরিদর্শক (এসআই) আবদুল আজিজ বলেন, ২০১২ সালের ১৭ আগস্ট ওয়াসিমসহ কয়েকজনের বিরুদ্ধে এই থানায় বিস্ফোরক দ্রব্য আইনে একটি মামলা হয়।
সাভারে ‘বন্দুকযুদ্ধ’: সাভার মডেল থানার পুলিশ জানায়, সাভারের রামচন্দ্রপুরে ঢাকা-আরিচা মহাসড়কের পাশে ১০-১২ জন ডাকাত রোববার দিবাগত রাত আড়াইটার দিকে ডাকাতির প্রস্তুতি নিচ্ছে—এমন খবরের ভিত্তিতে এসআই রফিকুল ইসলামসহ পুলিশ সেখানে যায়। এ সময় ডাকাতেরা পুলিশের গাড়ি লক্ষ্য করে ককটেল ছুড়ে মারে। পুলিশের সদস্যরা গাড়ি থেকে নেমে ডাকাতদের ধাওয়া করেন। পালাতে গিয়ে ডাকাতদের কয়েকজন সড়কের পাশে কাদা পানিতে আটকে যায়। পুলিশ সেখানে গিয়ে তাদের লাঠিপেটা করে। ডাকাত দলের বাকি সদস্যরা পুলিশকে লক্ষ্য করে ককটেল ও গুলি ছুড়লে পুলিশও পাল্টা গুলি চালায়। এ সময় বাঁ হাত ও পায়ে গুলিবিদ্ধ হয়ে এক ডাকাত মাটিতে লুটিয়ে পড়ে। রাত পৌনে তিনটার দিকে সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে চিকিৎসা শুরুর আগেই সে মারা যায়। এ ঘটনায় ককটেল বিস্ফোরণে এসআই রফিকুল ইসলাম ডান হাতে সামান্য আঘাত পান।
তবে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক জাহিদুর রহমান বলেন, ওই ব্যক্তির বাঁ হাত ও পায়ে সামান্য ছররা গুলির আঘাতের মতো ক্ষতচিহ্ন ছিল। এই আঘাতে কারও মারা যাওয়ার কথা নয়। তাঁর মৃত্যুর সঠিক কারণ ময়নাতদন্ত ছাড়া নিশ্চিত হওয়া সম্ভব নয়।
প্রত্যক্ষ্যদর্শী ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-৩-এর পাওয়ার গ্রিডের নিরাপত্তা প্রহরী আবদুর রশীদ বলেন, রাত দুইটার পর কয়েকজন পুলিশ মহাসড়ক থেকে দৌড়ে এসে গ্রিডের পাশে প্রাচীরঘেরা একটি ফাঁকা স্থান লক্ষ্য করে গুলি করে। তাঁরা ওই বাড়ি ঘিরে ফেলেন। এরপর আরও কয়েক গাড়ি পুলিশ আসে। পুলিশ আবারও গুলি করতে করতে ওই স্থানের দিকে যায়। কয়েকটি ককটেলের বিস্ফোরণ ঘটে। কিছুক্ষণ পর পুলিশ একজনকে ধরে গাড়িতে তুলে নিয়ে যায়।
সাভার মডেল থানার ওসি মোস্তফা কামাল বলেন, ময়নাতদন্তের জন্য ওই ব্যক্তির লাশ ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।