চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলায় গত মঙ্গলবার রাতে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ আবুল কাশেম ওরফে মেকুর কাশেম (৩৩) নামের একজন দিনমজুর নিহত হয়েছেন। তবে নিহত ব্যক্তির পরিবার বন্দুকযুদ্ধের এ ঘটনাকে পুলিশের ‘সাজানো নাটক’ বলে অভিযোগ করেছে।
পুলিশ জানায়, ঘটনাস্থল থেকে একটি বন্দুক, পাঁচটি গুলি ও চারটি তাজা বোমা উদ্ধার করা হয়েছে। নিহত কাশেম উপজেলার বোয়ালমারী গ্রামের জুড়ন আলীর ছেলে।
দামুড়হুদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসান হাবীব জানান, আবুল কাশেম বোয়ালমারী গ্রামের আকবর আলী অপহরণ মামলার এজাহারভুক্ত আসামি। তাঁর বিরুদ্ধে সন্ত্রাসী দল গঠন করে ইটভাটাকেন্দ্রিক চাঁদাবাজি ও বোমাবাজির অভিযোগও রয়েছে।
ওসির দাবি, বেশ কিছুদিন ধরে একটি সংঘবদ্ধ সন্ত্রাসী দল উপজেলার বিভিন্ন ইটভাটায় চাঁদাবাজি ও বোমাবাজি করে আসছে। দাবীকৃত চাঁদা না পেয়ে গত ৯ ফেব্রুয়ারি রাতে সন্ত্রাসীরা বোয়ালমারী গ্রামের স্টার ইটভাটার দুই শ্রমিক সেলিম শেখ (২৮) ও সাহাবুর আলীকে (২৭) ধরে নিয়ে পার্শ্ববর্তী নতিপোতা গ্রামের কানাইবাবুর আমবাগানে কুপিয়ে ও গলা কেটে হত্যা করে। ঘটনার পর ইটভাটাগুলোতে পুলিশের নজরদারি ও টহল বাড়ানো হয়।
ওসি আহসান হাবীবের ভাষ্য অনুযায়ী, কানাইবাবুর আমবাগানে সন্ত্রাসীরা গোপন বৈঠক করছে—এ খবর পেয়ে উপপরিদর্শক (এসআই) রবিউল ইসলামের নেতৃত্বে একটি টহল দল মঙ্গলবার রাত তিনটার দিকে সেখানে অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে সন্ত্রাসীরা তাদের লক্ষ্য করে পাঁচটি বোমা ছোড়ে। আত্মরক্ষার্থে পুলিশ পাঁচটি গুলি ছুড়লে সন্ত্রাসীরাও পাল্টা গুলি ছোড়ে। বন্দুকযুদ্ধের একপর্যায়ে সন্ত্রাসীরা পিছু হটলে পুলিশ ঘটনাস্থল থেকে একজনের লাশ উদ্ধার করে। আশপাশের লোকজন পুলিশকে জানায়, নিহত ব্যক্তি আবুল কাশেম। ঘটনাস্থল থেকে সন্ত্রাসীদের ফেলে যাওয়া অস্ত্র, গুলি ও বোমা উদ্ধার করা হয়েছে।
ওসি জানান, গতকাল বুধবার সকালে কাশেমের লাশ চুয়াডাঙ্গা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ওই ঘটনায় উপপরিদর্শক (এসআই) রবিউল ইসলাম দুপুরে দামুড়হুদা থানায় মামলা করেছেন।
তবে নিহত আবুল কাশেমের বড় ভাই রবিউল ইসলাম অভিযোগ করেন, বন্দুকযুদ্ধের ঘটনা পুলিশের ‘সাজানো নাটক’। তিনি বলেন, কাশেম একজন দিনমজুর। মঙ্গলবার রাতে তাঁর ভাই উপজেলার কুড়ালগাছি গ্রামের মাঠপাড়ায় শ্বশুর আলেফ আলীর বাড়িতে ছিলেন। রাত সাড়ে নয়টার দিকে একদল পুলিশ তাঁকে সেখান থেকে আটক করে নিয়ে যায়। পরে গুলি করে হত্যা করে ‘বন্দুকযুদ্ধে’ নিহত হওয়ার খবর প্রচার করে।