'বন্দুকযুদ্ধে' দুই আসামি নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রামে এসপির স্ত্রী খুন
চট্টগ্রামে এসপির স্ত্রী খুন

পুলিশ সুপার (এসপি) বাবুল আক্তারের স্ত্রী মাহমুদা খানম হত্যা মামলার সন্দেহভাজন দুই আসামি কথিত বন্দুকযুদ্ধে নিহত হয়েছেন। তাঁরা হলেন নূর নবী ওরফে নবী (মাহমুদাকে ছুরিকাঘাত করেন) ও নুরুল ইসলাম ওরফে রাশেদ (ঘটনাস্থলে ছিলেন)। নিহত এক আসামির পরিবারের দাবি, ১৩ দিন আটকে রেখে পুলিশ তাঁদের গুলি করে হত্যা করেছে। অবশ্য পুলিশ এই দাবি অস্বীকার করে বলছে, আসামিদের ধরতে গেলে পুলিশের সঙ্গে গোলাগুলি হয়।
গত সোমবার দিবাগত রাত তিনটার দিকে চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার রাণীর হাটের ঠালাছড়ি এলাকায় এই ‘বন্দুকযুদ্ধের’ ঘটনা ঘটে। যে এলাকায় এ ঘটনা ঘটেছে, এর আশপাশে জনবসতি নেই।
মাহমুদা হত্যা মামলার তদন্তকারী কর্মকর্তা ও চট্টগ্রাম নগর গোয়েন্দা পুলিশের সহকারী কমিশনার মো. কামরুজ্জামান প্রথম আলোকে বলেন, পলাতক আসামি নবী, রাশেদসহ তাঁদের সহযোগীরা রাঙ্গুনিয়ার ঠালাছড়ি এলাকার একটি বিলে অবস্থান করছেন, এমন তথ্যের ভিত্তিতে পুলিশ অভিযান চালায়। এ সময় সন্ত্রাসীরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। আত্মরক্ষার্থে পুলিশও গুলি ছোড়ে। এরপর ঘটনাস্থলে দুজনের লাশ পড়ে থাকতে দেখা যায়। পরে নিশ্চিত হওয়া যায়, তাঁরা মাহমুদা হত্যা মামলার আসামি নবী ও রাশেদ। দুজনের বাড়ি রাঙ্গুনিয়ায়। রাশেদের বিরুদ্ধে হত্যা, অস্ত্রসহ চারটি এবং নবীর বিরুদ্ধে দুটি মামলা রয়েছে।
তদন্তকারী কর্মকর্তা কামরুজ্জামান আরও বলেন, ঘটনাস্থল থেকে দুটি পিস্তল, একটি এলজি, দুটি কিরিচ ও পাঁচটি কার্তুজ উদ্ধার করা হয়। তিনি বলেন, বন্দুকযুদ্ধে নগর গোয়েন্দা পুলিশের উপপরিদর্শক (এসআই) সিকান্দার, এএসআই আজহার ও ইমাম আহত হন। তাঁরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
এদিকে রাশেদকে পুলিশ গুলি করে মেরেছে বলে দাবি করেছেন তাঁর বাবা আহাম্মদ হোসেন। মুঠোফোনে তিনি প্রথম আলোকে বলেন, পুলিশের কাছেই ছিলেন রাশেদ। কিন্তু পুলিশ তা অস্বীকার করেছে। ছেলের সন্ধান চেয়ে ২ জুলাই চট্টগ্রাম প্রেসক্লাবে সংবাদ সম্মেলনও করেন তিনি। তখন তিনি বলেছিলেন, গত ২৩ জুন বোয়ালখালী উপজেলার মিলিটারি পোল এলাকায় তাঁর এক আত্মীয়ের বাড়ি থেকে রাশেদ ও নবীকে পুলিশ ধরে নিয়ে যায়। এরপর থেকে দুজনের খোঁজ পাওয়া যাচ্ছিল না। তাঁর ছেলেকে আদালতে হাজির করারও দাবি জানিয়েছিলেন তিনি।
রাশেদের বড় বোন রহিমা আক্তার মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ‘আমার ভাইকে পুলিশ মেরে ফেলেছে। দেশে কি বিচার নেই? দোষী হলে বিচার হবে। পুলিশ কেন গুলি করে মেরে ফেলবে?’
তবে নবী ও রাশেদকে গুলি করার কথা অস্বীকার করেন অভিযান পরিচালনাকারী নগর গোয়েন্দা পুলিশের সহকারী কমিশনার মো. কামরুজ্জামান। তিনি বলেন, নবী ও রাশেদকে পুলিশ আগে ধরেনি। তাঁদের পুলিশ গুলি করেনি। বন্দুকযুদ্ধে তাঁরা মারা গেছেন।
গত ৫ জুন নগরের জিইসি মোড় এলাকায় ছেলেকে স্কুলবাসে তুলে দিতে যাওয়ার পথে গুলি ও ছুরিকাঘাতে নিহত হন এসপি বাবুল আক্তারের স্ত্রী মাহমুদা খানম। এই ঘটনায় বাবুল আক্তার বাদী হয়ে অজ্ঞাতপরিচয় তিনজনের বিরুদ্ধে পাঁচলাইশ থানায় মামলা করেন।
হত্যাকাণ্ডের ২১ দিন পর গত ২৬ জুন চট্টগ্রাম মহানগর পুলিশ কমিশনার মো. ইকবাল বাহার সংবাদ ব্রিফিংয়ে বলেন, মুছার (পুলিশের সোর্স) নেতৃত্বে মাহমুদা হত্যাকাণ্ড ঘটে। এতে নবী, রাশেদসহ সাত-আটজন অংশ নেন। পরে এই মামলায় গ্রেপ্তার দুই আসামি মো. ওয়াসিম ও মো. আনোয়ার ওই দিন আদালতে দেওয়া স্বীকারোক্তিমূলক জবানবন্দিতেও উল্লেখ করেন, মুছার নেতৃত্বে এই হত্যাকাণ্ড ঘটে। নবী মাহমুদাকে ছুরিকাঘাত করেন। আর রাশেদ আশপাশে ছিলেন।
নগর গোয়েন্দা পুলিশের সহকারী কমিশনার মো. কামরুজ্জামান বলেন, পলাতক আসামি মুছা ও কালুকে গ্রেপ্তারে অভিযান চলছে। হত্যাকাণ্ডে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে অংশ নেওয়া ওয়াসিম, আনোয়ার, শাহজাহানসহ পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে।
গত ২২ জুন কামরুল শিকদার ওরফে মুছাকেও পুলিশ ধরে নিয়ে গেছে বলে দাবি করেছেন তাঁর স্ত্রী পান্না আক্তার। ৪ জুলাই চট্টগ্রাম প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে তিনি দাবি করেন, বন্দর থানার ওসি ও পুলিশের এক পরিদর্শক এলাকায় এক আত্মীয়ের বাসা থেকে মুছাকে ধরে নিয়ে গেছেন। অবশ্য পুলিশ এ দাবি অস্বীকার করেছে।
রাঙ্গুনিয়ায় কথিত বন্দুকযুদ্ধে নবী ও রাশেদ নিহত হওয়ার পর পান্না আক্তার গত মঙ্গলবার দুপুরে সাংবাদিকদের কাছে ফোন করে তাঁর স্বামীর খোঁজ জানতে চান। নবী ও রাশেদের মতো তাঁর স্বামীরও একই পরিণতি হয়েছে কি না, তা জানতে চান তিনি।
এ বিষয়ে মামলার তদন্তকারী কর্মকর্তা মো. কামরুজ্জামান বলেন, মুছাকে পুলিশ ধরেনি। তাঁকে খোঁজা হচ্ছে।