'বন্দুকযুদ্ধে' নিহত দুই যুবকের পরিচয় এখনো মেলেনি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহীর বাগমারা ও ময়মনসিংহের নান্দাইলে ‘বন্দুকযুদ্ধে’ নিহত দুই যুবকের পরিচয় গতকাল সোমবার পর্যন্ত পাওয়া যায়নি।
বাগমারা উপজেলার ঝিকড়ার জোয়ানভাগ এলাকায় গত শনিবার রাতে গোয়েন্দা পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ অজ্ঞাতপরিচয় ওই যুবকের মৃত্যু হয়। তাঁর বয়স আনুমানিক ৩২ বছর। রাজশাহী জেলা গোয়েন্দা পুলিশের পরিদর্শক মতিয়ার রহমান গতকাল বিকেলে প্রথম আলোকে বলেন, নিহত যুবকের পরিচয় উদ্ধারে চেষ্টা অব্যাহত রয়েছে। দেশের সব থানায় ছবিসহ বার্তা পাঠানো হয়েছে। নিজস্ব সোর্সের মাধ্যমেও পুলিশ পরিচয় উদ্ধারের চেষ্টা করছে। রোববার ময়নাতদন্ত শেষে লাশ রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ফরেনসিক বিভাগের হিমঘরে রাখা হয়েছে। পরিচয় পাওয়া না গেলে বেওয়ারিশ হিসেবে লাশ দাফন করা হবে।
বাগমারা থানার পরিদর্শক আবুল কালাম আজাদ গতকাল বিকেলে জানান, ‘বন্দুকযুদ্ধের পর ঘটনাস্থল থেকে উদ্ধার হওয়া আলামত ও অস্ত্র দেখে মনে হয়েছে নিহত ব্যক্তি জঙ্গি সংগঠনের সঙ্গে জড়িত ছিলেন।’
ময়মনসিংহের নান্দাইলের ডাংরিবন্দ নামক এলাকায় গত বৃহস্পতিবার র্যাব-১৪ একটি দলের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নিহত হন কিশোরগঞ্জের শোলাকিয়া হামলার পর ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ অবস্থায় আটক মো. শফিউল ইসলামসহ দুজন। নিহত অপরজনের পরিচয় গতকাল পর্যন্ত বের করতে পারেনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। তাঁর বয়স আনুমানিক ২১ বছর।
নান্দাইল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতাউর রহমান গতকাল দুপুরে মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ময়নাতদন্তের পর লাশটি ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গের হিমঘরে রাখা হয়েছে। ১০-১৫ দিনের মধ্যে পরিচয় না পেলে সৎকারের ব্যবস্থা করা হবে। ‘বন্দুকযুদ্ধের’ ঘটনায় দায়ের করা র্যাবের তিনটি মামলা পুলিশ তদন্ত করছে বলেও জানান তিনি।