'বন্দুকযুদ্ধে' নিহত ব্যক্তি হোমিও চিকিৎসক হত্যায় জড়িত: পুলিশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুষ্টিয়া সদর উপজেলায় পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নিহত ব্যক্তির পরিচয় জানানো হয়েছে। পুলিশ বলছে, তাঁর নাম টুলু মোল্লা। তিনি নব্য জেএমবির আঞ্চলিক নেতা। তিনি হোমিও চিকিৎসক মীর সানাউর রহমান হত্যায় জড়িত ছিলেন।

আজ সোমবার দুপুরের দিকে কুষ্টিয়া পুলিশ লাইনে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন পুলিশের খুলনা রেঞ্জের উপমহাপরিদর্শক (ডিআইজি) এস এম মনিরুজ্জামান।

সংবাদ সম্মেলনে জানানো হয়, গতকাল রোববার দিবাগত রাতে কুষ্টিয়া সদর উপজেলায় পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে নব্য জেএমবির আঞ্চলিক নেতা টুলু মোল্লা নিহত হন।

ডিআইজি মনিরুজ্জামান বলেন, হোমিও চিকিৎসক সানাউর হত্যার ঘটনায় নব্য জেএমবির চার সদস্যকে গত শনিবার কুষ্টিয়ার বিভিন্ন এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। তাঁরা হলেন আজিজুল ইসলাম, সাইফুল ইসলাম, জয়নাল ও সাইজুদ্দিন। তাঁদের মধ্যে আজিজুল ও সাইজুদ্দিন গতকাল রোববার কুষ্টিয়ার আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।

পুলিশের খুলনা রেঞ্জের ডিআইজি বলেন, জবানবন্দিতে দুই জঙ্গি বলেছেন, সানাউর হত্যায় সরাসরি অংশ নেন তিনজন। তাঁরা হলেন বিকাশ, শফিউল ইসলাম ওরফে ডন ও হাসান ওরফে বাইক হাসান।

উল্লিখিত তিনজনই নিহত হয়েছেন বলে জানায় পুলিশ।

পুলিশের ভাষ্য, আজিজুল ও সাইজুদ্দিন জবানবন্দিতে বলেছেন, সানাউর হত্যায় জড়িত ব্যক্তিদের আশ্রয় দিয়েছিলেন টুলু মোল্লা। তিনি এ হত্যাকাণ্ডে সমন্বয়কারীর ভূমিকায় ছিলেন। আর গ্রেপ্তার হওয়া চারজন ছিলেন সহযোগী।

গত ২০ মে কুষ্টিয়া শহর থেকে ছয় কিলোমিটার দূরের প্রত্যন্ত গ্রাম শিশিরমাঠ এলাকায় সানাউরকে (৫৮) চাপাতি দিয়ে কুপিয়ে হত্যা করা হয়। কুপিয়ে গুরুতর আহত করা হয় সানাউরের সঙ্গে থাকা ইসলামী বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহকারী অধ্যাপক সাইফুজ্জামানকে (৩৮)।