রাজধানীর তুরাগ থানার দিয়াবাড়ীতে মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নিহত তিনজনের মধ্যে সেলিম মিয়া ও জাকির হোসেন ডাকাত বা সন্ত্রাসী নন বলে দাবি করেছে তাঁদের পরিবার। সেলিম ও জাকির সহোদর। গত বৃহস্পতিবার ভোররাতে ওই ‘বন্দুকযুদ্ধ’ হয়।সেলিম (৪২) ও জাকিরের মা সাজেদা বেগম গতকাল শুক্রবার ঢাকা মেডিকেল কলেজ মর্গে গিয়ে দুই সন্তানের লাশ শনাক্ত করেন। তিনি সন্তানদের জন্য হাউমাউ করে কাঁদতে থাকেন। বিকেলে দুজনের লাশ নিয়ে গ্রামের বাড়ি কুমিল্লার হোমনা উপজেলার নিলকির উদ্দেশে রওনা দেন তাঁরা।পরিবারের দাবি, সেলিম ও জাকির বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরি বা ডাকাতির সঙ্গে জড়িত নন। তাঁরা সন্ত্রাসীও ছিলেন না। তাঁদের বিরুদ্ধে কোনো মামলাও নেই। সেলিম গাজীপুরের টঙ্গীতে শ্বশুরবাড়িতে থাকতেন। অবিবাহিত জাকির সেলিমের সঙ্গে থাকতেন। জাকির মাঝেমধ্যে গ্রামে গেলেও সেলিম অনেক বছর গ্রামে যাননি। গ্রামে তাঁদের সামান্য জমিজমা আছে। সড়ক দুর্ঘটনায় তাঁরা মারা গেছেন, এমন খবর পেয়ে লাশ নিতে এসেছেন। দিয়াবাড়ীর চণ্ডালভোগ এলাকায় ওই ‘বন্দুকযুদ্ধে’ নিহত অপর যুবক সাজিদের লাশ ঢাকা মেডিকেল কলেজ মর্গে আছে। ডিবি পুলিশের দাবি, সেলিম বৈদ্যুতিক ট্রান্সফরমার ডাকাত দলের নেতা। তাঁর ছোট ভাই জাকির। নিহত সাজিদ তাঁদের সহযোগী। ওই বন্দুকযুদ্ধে ডিবির অতিরিক্ত উপকমিশনার মশিউর রহমানসহ তিন পুলিশ সদস্য আহত হন।