'বন্দুকযুদ্ধে' নিহত ২
যশোরের অভয়নগর ও খুলনার ফুলতলায় পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ রবিউল ইসলাম (৩০) ও তৌহিদুল ইসলাম সবুজ (২৮) নামের দুই ব্যক্তি নিহত হয়েছেন। দুটি ঘটনাই গত সোমবার রাতে ঘটেছে।
পুলিশের দাবি, রবিউল নিষিদ্ধ ঘোষিত চরমপন্থী সংগঠন পূর্ববাংলার কমিউনিস্ট পার্টির (এমএল) প্রধান শিমুল ভূঁইয়ার সেকেন্ড ইন কমান্ড ছিলেন। আর তৌহিদুল পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী।
এ নিয়ে নির্বাচনের পর কথিত বন্দুকযুদ্ধ বা গুলিবিনিময়ের ঘটনায় নিহতের সংখ্যা দাঁড়াল ১৬ জনে। এর মধ্যে ১৪ জনই রাজনৈতিক দলের নেতা-কর্মী।
পুলিশের ভাষ্য অনুযায়ী, সোমবার সন্ধ্যায় মাগুরা বাজার থেকে রবিউলকে গ্রেপ্তার করা হয়। তাঁকে নিয়ে অস্ত্র উদ্ধারে গেলে রাত পৌনে দুইটার দিকে জিয়াডাঙ্গা গ্রামের শেরআলী বিশ্বাসের বাগানের কাছে রবিউলের সহযোগীরা পুলিশের ওপর গুলিবর্ষণ করে। পুলিশও আত্মরক্ষার্থে পাল্টা গুলি চালায়। এ সময় রবিউল গুলিবিদ্ধ হন। হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। ঘটনাস্থল থেকে একটি পিস্তল ও দুটি গুলি উদ্ধার করা হয়েছে।
অভয়নগর থানার ওসি মোল্যা খবির উদ্দিন জানান, রবিউল ছিনতাইও করতেন। এ ব্যাপারে থানায় মামলা রয়েছে।
রবিউলের ভাই ইকরামুল হক দাবি করেন, তাঁর ভাই অত্যন্ত নিরীহ ও খেটে খাওয়া মানুষ ছিলেন। মাগুরা বাজারে তাঁর একটি চায়ের দোকান আছে। দিনে খেতে কাজ করে বিকেলে চায়ের দোকানে বসতেন। ওই দোকান থেকে সোমবার বিকেলে পুলিশ তাঁকে আটক করে নিয়ে যায় এবং রাতে গুলি করে হত্যা করে।
খুলনায় ‘বন্দুকযুদ্ধ’: পুলিশের বর্ণনা অনুযায়ী, তৌহিদুলকে সোমবার সন্ধ্যায় ফুলতলার দামোদর গ্রাম থেকে গ্রেপ্তার করা হয়। তাঁর স্বীকারোক্তি অনুযায়ী গোপন অস্ত্রের সন্ধানে পুলিশ অভিযানে নামে। রাত সাড়ে তিনটার দিকে ছাতিয়ানতলায় তৌহিদুলের সহযোগীরা পুলিশকে লক্ষ্য করে গুলি চালায়। পুলিশও আত্মরক্ষার্থে পাল্টা গুলি চালায়। সন্ত্রাসীরা পালিয়ে গেলে তৌহিদুলকে গুলিবিদ্ধ অবস্থায় পাওয়া যায়। হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। ঘটনাস্থল থেকে একটি বন্দুক, একটি পিস্তলসহ কিছু অস্ত্রশ উদ্ধার করা হয়েছে।
ফুলতলা থানার ওসি ইলিয়াস ফকির জানান, তৌহিদুলের বিরুদ্ধে বিভিন্ন থানায় নয়টি হত্যা মামলাসহ ১৩টি মামলা রয়েছে।
তৌহিদুলের বাবা সেলিম শেখ বলেন, কিছু সন্ত্রাসী তাঁর ছেলেকে দিয়ে খারাপ কাজ করিয়েছে। তৌহিদুল পরিস্থিতির শিকার।