চট্টগ্রামের সাতকানিয়া ও সাতক্ষীরা শহরে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ দুজন নিহত হয়েছেন। তাঁরা হলেন সাতকানিয়ার শিবিরের কর্মী মো. জসিম উদ্দিন (২৭) ও সাতক্ষীরায় আওয়ামী লীগের সমর্থক একরামুল্যাহ বাবু (৪০)। গতকাল বুধবার ও গত মঙ্গলবার দিবাগত রাতে এসব ঘটনা ঘটে।
পুলিশের দাবি, নিহত জসিমের বিরুদ্ধে চারটি হত্যাসহ ১৯টি মামলা রয়েছে। একরামুল্যাহর বিরুদ্ধে মামলা পাওয়া না গেলেও তিনি ছিনতাইয়ের সঙ্গে জড়িত।
সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদ হোসেনের ভাষ্য অনুযায়ী, চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক এলাকায় সাম্প্রতিক নাশকতার মূল হোতা শীর্ষ সন্ত্রাসী ও শিবিরের ক্যাডার মোহাম্মদ রফিক (২৫) তাঁর সাঙ্গপাঙ্গ নিয়ে উপজেলার ছদাহা-কেঁওচিয়া উচ্চবিদ্যালয় সড়কের বার্মা কলোনি এলাকায় অবস্থান করছেন—এমন সংবাদের ভিত্তিতে এসআই নাজমুল হক ও এএসআই ইয়ামিন সুমনের নেতৃত্বে একদল পুলিশ বেলা ১১টার দিকে সেখানে যায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে শিবিরের ক্যাডাররা পুলিশকে লক্ষ্য করে গুলি ছুড়তে শুরু করে। পুলিশও পাল্টা গুলি ছোড়ে। উভয় পক্ষে অর্ধশতাধিক গুলিবিনিময় হয়। এতে শিবিরের ক্যাডার জসিম ও রফিক গুলিবিদ্ধ এবং পুলিশের তিন সদস্য আহত হন।
ঘটনাস্থল থেকে দুটি এলজি ও আটটি গুলি উদ্ধার করা হয়। গুলিবিদ্ধ রফিক ও জসিমুদ্দিনকে প্রথমে সাতকানিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে তাঁদেরকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে জসিম মারা যান। জসিম ছদাহা ইউনিয়নের ফজুরপাড়া এলাকার ফজল করিম ওরফে বৈদ্য ফজলের ছেলে। আর মোহাম্মদ রফিক একই ইউনিয়নের আফজলনগর এলাকার আবু ছৈয়দের ছেলে। পুলিশের আহত সদস্যরা হলেন কনস্টেবল হুমায়ুন কবির, শাহরিয়ার বাবু ও বিশেষ আনসার মজনু রহমান।
চট্টগ্রাম দক্ষিণ জেলা জামায়াতের ভারপ্রাপ্ত আমির মোহাম্মদ ইসহাক জানান, জসিম ও রফিক মোটরসাইকেলযোগে বাড়ি ফেরার সময় পুলিশ তাঁদের গুলি করে। সাতকানিয়া সার্কেলের সহকারী পুলিশ সুপার এমরান ভুঞা জানান, জসিমের বিরুদ্ধে চারটি হত্যাসহ ১৯টি এবং রফিকের বিরুদ্ধে চারটি হত্যাসহ ১৮টি মামলা রয়েছে।
সাতক্ষীরায় ‘বন্দুকযুদ্ধ’: নিহত একরামুল্যাহ সাতক্ষীরা শহরের সুলতানপুরের খায়বার সরদারের ছেলে। আহত শহীদুল ইসলাম (৩০) শহরের মধুমোল্লারডাঙ্গী এলাকার আবুল হোসেনের ছেলে।
সাতক্ষীরা সদর থানার ওসি ইনামুল হকের বর্ণনা অনুযায়ী, ঢাকার কচুক্ষেত এলাকা থেকে মঙ্গলবার দুপুরে কালো রঙের একটি প্রাইভেট কার ছিনতাই হয়। গাড়িটির মালিক ওই এলাকার লে. কর্নেল ওমর ফারুকের স্ত্রী সানজানা জেরিন। পুলিশ খবর পায়, ছিনতাই হওয়া গাড়িটিকে সাতক্ষীরার দিকে নিয়ে আসা হয়েছে। এ সংবাদের ভিত্তিতে সাতক্ষীরা পুলিশ শহরে বিশেষ টহলের ব্যবস্থা করে। রাত দুইটার দিকে চালতেতলা এলাকায় একটি কালো রঙের প্রাইভেট কার যেতে দেখে টহলরত পুলিশের দল গাড়িটিকে থামার সংকেত দেয়। এ সময় গাড়ির ভেতর থেকে পুলিশকে লক্ষ্য করে গুলি ও বোমা ছোড়া হয়। পুলিশও পাল্টা গুলি চালায়। ১৫ মিনিট সংঘর্ষের পর একরামুল্যাহ ও শহীদুলকে গুলিবিদ্ধ অবস্থায় পাওয়া যায়। তাঁদের সাতক্ষীরা সদর হাসপাতালে নেওয়া হলে ভোররাত সাড়ে চারটার দিকে একরামুল্যাহর মৃত্যু হয়।
সদর হাসপাতালের চিকিৎসক পরিমল কুমার বিশ্বাস জানান, একরামুল্যাহর মাথা, পিঠ ও হাতে গুলি লেগেছিল। আর শহীদুলের ডান পা ও উরুতে।
একরামুল্যাহর ভাই খলিলুল্যাহ ঝড়ু বলেন, ‘আমাদের পরিবারের সবাই আওয়ামী লীগ মনা। আমার ভাই বাবুর বিরুদ্ধে কোনো মামলা ছিল না।’ জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক শেখ সাঈদউদ্দিন বলেন, একরামুল্যাহ আওয়ামী লীগের সমর্থক ছিলেন।
সদর থানার ওসি জানান, এ ঘটনায় একরামুল্যাহ, শহীদুল ও মাহবুবুর রহমানের নাম উল্লেখ করে অজ্ঞাতপরিচয় আরও দুজনের বিরুদ্ধে মামলা হয়েছে। ছিনতাই হওয়া প্রাইভেট কারটি উদ্ধার করা হয়েছে। সংঘর্ষে কনস্টেবল মাহবুবুর রহমানও সামান্য আহত হন।