যশোরের কেশবপুর ও মৌলভীবাজারের কুলাউড়ায় গত শনিবার রাতে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ দুই ব্যক্তি নিহত হয়েছেন। পুলিশ জানিয়েছে, দুজনই ডাকাত দলের সদস্য।
এ নিয়ে গত ৫ জানুয়ারি দশম জাতীয় সংসদ নির্বাচনের পর থেকে এ পর্যন্ত র্যাব-পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে মোট ৩১ জন নিহত হলেন।
কেশবপুর: পুলিশের ভাষ্যমতে, গোপন সংবাদের ভিত্তিতে কেশবপুর থানার একদল পুলিশ শনিবার রাত পৌনে ১১টার দিকে ঝিকরগাছা উপজেলার বাঁকড়া এলাকা থেকে ডাকাত রজব আলী বিশ্বাস (৪৪) আটক করে। এরপর পুলিশের জিজ্ঞাসাবাদে তিনি জানান, কেশবপুরের মির্জানগর গ্রামে তাঁর বাড়ির উত্তর পাশে একটি কবরের মধ্যে অস্ত্র আছে। অস্ত্র উদ্ধারে পুলিশ তাঁকে নিয়ে রাত পৌনে দুইটার দিকে মির্জানগর গ্রামে যায়। এ সময় রজবের সহযোগীরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছুড়লে পুলিশও পাল্টা গুলি চালায়। এ সময় রজব আলী গুলিবিদ্ধ হন। পুলিশ সেখান থেকে একটি শাটারগান, রিভলবারের দুটি গুলি ও একটি ছোরা উদ্ধার করে। পুলিশ রজব আলীকে কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন।
এলাকাবাসী জানান, মির্জানগর গ্রামের বিলপাড় মসজিদের পাশে গভীর রাতে গুলির শব্দ শোনা যায়। সকালে তাঁরা জানতে পারেন রজব নিহত হয়েছেন।
কেশবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল জলিল জানান, নিহত রজব আলী ডাকাত দলের সদস্য ছিলেন। তাঁর বিরুদ্ধে কেশবপুর, মনিরামপুর, যশোর সদর, সাতক্ষীরার তালা, পাটকেলঘাটা ও সাতক্ষীরা সদর থানায় ২৩টি মামলা রয়েছে। এর মধ্যে চারটি খুনের মামলা, ছিনতাই ও ডাকাতির ১৪টি মামলা এবং বাকিগুলো বোমা ও অস্ত্র মামলা।
কুলাউড়া: পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, পুলিশের কাছে খবর আসে কুলাউড়া থানার ভাটেরা ইউনিয়নের ভাটেরা রাবারবাগান এলাকায় একদল ডাকাত সমবেত হয়েছে। এ খবর পেয়ে শনিবার দিবাগত রাত পৌনে একটার দিকে কুলাউড়া থানার পরিদর্শক (তদন্ত) দিলীপ কুমার দাসের নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থলে যায়। এরপর গ্রামবাসীর সহায়তায় পুলিশ ডাকাতদের আটকের চেষ্টা করে। এ সময় পুলিশ ও গ্রামবাসীকে লক্ষ্য করে ডাকাতেরা গুলি ছোড়ে। পুলিশও তখন পাল্টা গুলি ছোড়ে। একপর্যায়ে ডাকাতেরা পালিয়ে যায়। এরপর স্থানীয় লোকজন নিয়ে রাবারবাগান এলাকায় ব্যাপক তল্লাশি চালিয়ে বাগানের ১০ নম্বর সেকশনের ঘাগরাছড়া নামক স্থান থেকে গুরুতর আহত অবস্থায় এক ডাকাতকে আটক করা হয়। পরে তাঁকে কুলাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। হাসপাতালে উপস্থিত লোকজন নিহত ব্যক্তিকে ডাকাত বাবুল মিয়া (৩০) হিসেবে শনাক্ত করেন।
কুলাউড়া থানার ওসি মো. হাছানুজ্জামান জানান, ডাকাতদের সঙ্গে বন্দুকযুদ্ধে পুলিশের সদস্য হাবিবুর রহমান ও বজলুল করিম আহত হন। তাঁদের কুলাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। ঘটনাস্থল থেকে ডাকাতদের ফেলে যাওয়া একটি একনলা বন্দুক, তিনটি তাজা গুলি, দুটি গুলির খোসা, দুটি বড় রামদা, দুটি ছোট দা ও একটি গ্রিল কাটার উদ্ধার করা হয়েছে।
ওসি আরও জানান, নিহত বাবুল মিয়ার বিরুদ্ধে কুলাউড়া, রাজনগরসহ সিলেট বিভাগের বিভিন্ন থানায় অন্তত অর্ধডজন মামলা রয়েছে। রাজনগরে এক ডাকাত হত্যা মামলারও তিনি আসামি।