'বন্দুকযুদ্ধে' নিহত ৪ যুবককে জড়িয়ে আসামির জবানবন্দি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মেহেরপুর সদর উপজেলার সোনাপুর গ্রামের দুই ব্যক্তি একসঙ্গে খুন হওয়ার ঘটনায় আটক এক ব্যক্তি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। এতে তিনি গত সোমবার রাতে জেলায় পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নিহত চার যুবকের নাম বলেছেন বলে জানিয়েছে পুলিশ।
এদিকে ‘বন্দুকযুদ্ধের’ ঘটনায় পুলিশ বাদী হয়ে গতকাল বুধবার সকালে মেহেরপুর সদর থানায় তিনটি মামলা করেছে। এসব মামলায় ২০-২৫ জনকে আসামি করা হয়। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার চৌধুরী বলেন, অস্ত্র ও বিস্ফোরক দ্রব্য আইনে এবং পুলিশের কাজে বাধাদান-হামলার অভিযোগে এসব মামলা করা হয়েছে। ৫ মার্চ জোড়া খুনের ওই ঘটনায় জড়িত সন্দেহে সোনাপুর গ্রামের দুজনসহ চার যুবককে গত সোমবার ঢাকা থেকে গ্রেপ্তার করে পুলিশ। এরপর সেদিন রাতেই মেহেরপুরে কথিত বন্দুকযুদ্ধে একসঙ্গে এ চারজন প্রাণ হারান।
পুলিশ বলেছে, জোড়া খুনের ঘটনায় আটক সন্দেহভাজন আসামি আজিজুল ইসলাম (২০) মঙ্গলবার রাতে মেহেরপুরের বিচারিক হাকিম হাদি উজ্জামানের আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক ওই জবানবন্দি দিয়েছেন। আজিজুল সোনাপুর গ্রামের খোকন সরদারের ছেলে। ওই রাতেই তাঁকে জেলা কারাগারে পাঠিয়ে দেওয়া হয়েছে। তিনি পেশায় কৃষক।
ওসি ইকবাল বাহার বলেন, নিহত চারজনের সঙ্গে আজিজুলকেও আটক করেছিল পুলিশ। আদালতে জবানবন্দিতে তিনি জোড়া খুনের সঙ্গে জড়িত ১০ জনের নাম প্রকাশ করেন। তাঁদের মধ্যে সোমবার রাতে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নিহত চারজনও রয়েছেন। বাকি পাঁচজন পলাতক। এ ছাড়া অজ্ঞাতনামা আরও তিন আসামিকে খুঁজছে পুলিশ।
জোড়া খুনের মামলার তদন্ত কর্মকর্তা মেহেরপুর সদর থানার এসআই রফিকুল ইসলাম বলেন, ‘আজিজুল স্বীকারোক্তিতে জানিয়েছেন, জোড়া খুনের নেপথ্যে ছিল চাঁদাবাজী ও এলাকায় আধিপত্য।’
ঢাকা থেকে আটকের পর সোমবার ‘বন্দুকযুদ্ধে’ নিহত চার যুবক হলেন মেহেরপুর সদর উপজেলার পিরোজপুর ইউনিয়নের সোনাপুর গ্রামের মসিউর মালিথার ছেলে সবুজ মালিথা ওরফে সাদ্দাম (২৩), রশময় কর্মকারের ছেলে রমেশ কর্মকার (২২), টুংগী গ্রামের মনিরুল ইসলামের ছেলে সোহাগ ইসলাম (২১) ও পিরোজপুর গ্রামের আবুল কালামের ছেলে কামরুজ্জামান কানন (২২)।
ওসি বলেন, এলাকায় সাদ্দাম ও রমেশ চাঁদাবাজি চক্রের মূল হোতা ছিলেন। তাঁদের কাজে পথের কাঁটা ছিলেন মজিদ ও আসাদুল। পথের এ কাঁটা সরাতেই তাঁদের হত্যা করা হয় বলে জবানবন্দিতে আজিজুল স্বীকার করেছেন। খুনের ঘটনায় আসামি আজিজুলের স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেওয়া প্রসঙ্গে তাঁর পরিবারের সদস্যদের বক্তব্য জানতে চাইলে তাঁরা বলেন, তাঁরা চাষি মানুষ। চাষবাস করে দিন চলে। তাঁরা কিছু জানেন না। এ ব্যাপারে কিছু বলতে পারবেন না।
এদিকে সোনাপুর এবং পার্শ্ববর্তী বলিয়ারপুর ও কাঠালপোতা গ্রামের কয়েকজন বাসিন্দার সঙ্গে কথা বললে তাঁরা বলেন, কয়েক দিনের ব্যবধানে ছয়জন নিহত হওয়ার ঘটনায় এখানকার মানুষ চরম আতঙ্কে আছে। সন্ধ্যা হলেই দোকানপাট বন্ধ হয়ে যায়। এলাকা থমথমে।