যশোরের অভয়নগরে র্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ স্থানীয় সন্ত্রাসী গোষ্ঠী মেজবাহ বাহিনীর প্রধান মেজবাউর রহমান মেজবাহ (৪২) নিহত হয়েছেন। গতকাল শুক্রবার ভোররাতে উপজেলার চাঁপাতলা গ্রামে এ ঘটনা ঘটে। মেজবাহ আওয়ামী লীগের স্থানীয় নেতা চৈতন্য কুমার মণ্ডল ওরফে মধু (৪৮) হত্যা মামলার প্রধান আসামি ছিলেন।
মেজবাহের বিরুদ্ধে অভয়নগর, মনিরামপুর, কোতোয়ালি ও বাঘারপাড়া থানায় হত্যা, ডাকাতিসহ ১০টি মামলা রয়েছে। এর আগে গত ২৭ জানুয়ারি রাতে উপজেলার জিয়াডাঙ্গা গ্রামে পুলিশ ও বিজিবির সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নিহত হন মেজবাহ বাহিনীর সেকেন্ড ইন কমান্ড রবিউল ইসলাম (৩০)।
মেজবাহ উপজেলার মাগুরা গ্রামের রমজান আলীর ছেলে। কয়েক বছর আগে বোমা বানাতে গিয়ে তাঁর বাম হাতের কবজি উড়ে যায়।
অভিযোগ রয়েছে, গত ২৬ জানুয়ারি মেজবাহ ও তাঁর বাহিনীর সদস্যরা উপজেলার মাগুরা বাজারে প্রেমবাগ ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের যুব ও ক্রীড়াবিষয়ক সম্পাদক চৈতন্য কুমার মণ্ডলকে কুপিয়ে ও বোমা মেরে হত্যা করেন। এরপর তাঁর ব্যবসা প্রতিষ্ঠানে আগুন ধরিয়ে দেওয়া হয়। এতে তাঁর লাশ পুড়ে যায়। পেশায় পল্লি চিকিৎসক ছিলেন চৈতন্য। এ ঘটনায় তাঁর বড় ভাইয়ের ছেলে সমীর কুমার মণ্ডল বাদী হয়ে পরের দির অভয়নগর থানায় মেজবাহকে প্রধান আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন। এরপর থেকে র্যাব, পুলিশ ও বিজিবি মেজবাহকে হন্যে হয়ে খুঁজছিল।
র্যাব-৬ যশোরের কোম্পানি কমান্ডার মো. মোজামেঞ্চল হকের ভাষ্য অনুযায়ী, মেজবাহ তাঁর বাহিনীর সদস্যদের নিয়ে চাঁপাতলা গ্রামের মালোপাড়ার পাশে শালবাগানে অবস্থান নিয়ে নাশকতা, সংখ্যালঘুদের ওপর হামলা ও আসন্ন উপজেলা নির্বাচন বানচালের ব্যাপারে বৈঠক করছিলেন। র্যাব-৬-এর অধিনায়ক এনামুল আরেফিন সুমনের নেতৃত্বে র্যাবের একটি দল ভোররাত সাড়ে চারটার দিকে সেখানে পৌঁছালে মেজবাহ বাহিনীর সদস্যরা অতর্কিতভাবে গুলি ছুড়তে শুরু করেন। র্যাবও আত্মরক্ষার্থে পাল্টা গুলি ছোড়ে। এতে সন্ত্রাসী বাহিনীর প্রধান মেজবাহ গুলিবিদ্ধ হন। পরে তাঁকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। অন্যরা সুযোগ বুঝে পালিয়ে যান। ঘটনাস্থল থেকে একটি বিদেশি পিস্তল ও পিস্তলের একটি গুলি, একটি শটগান ও শটগানের দুটি গুলি উদ্ধার করা হয়েছে।
যশোর জেনারেল হাসপাতালের মর্গে ময়নাতদন্তের পর গতকাল বিকেলে মেজবাহর লাশ মাগুরা গ্রামের পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।