'বন্দুকযুদ্ধে' ফাহিম নিহতের ঘটনায় আইনি নোটিশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাদারীপুরে কলেজশিক্ষককে হত্যাচেষ্টার অভিযোগে গ্রেপ্তারের পর রিমান্ডে থাকা অবস্থায় কলেজছাত্র গোলাম ফয়জুল্লাহ ফাহিম কীভাবে ‘বন্দুকযুদ্ধে’ নিহত হলেন, সে বিষয়ে প্রশাসনের কাছে লিখিত ব্যাখ্যা চেয়ে আইনি নোটিশ পাঠিয়েছেন সুপ্রিম কোর্টের এক আইনজীবী।
‘বন্দুকযুদ্ধের’ ওই ঘটনার ‘প্রকৃত কারণ উদ্ঘাটনে’ নিরপেক্ষ বিচার বিভাগীয় তদন্ত কমিটি কেন গঠন করা হবে না, তা-ও লিখিতভাবে জানাতে আইনি নোটিশে অনুরোধ করা হয়েছে।
গতকাল সোমবার স্বরাষ্ট্রসচিব, পুলিশের মহাপরিদর্শক, মাদারীপুরের পুলিশ সুপার ও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে রেজিস্ট্রি ডাকযোগে ওই আইনি নোটিশ পাঠান সুপ্রিম কোর্টের আইনজীবী এস এম জুলফিকার আলী। ১৫ দিনের মধ্যে নোটিশের লিখিত জবাব না পেলে হাইকোর্টে রিট আবেদন করা হবে বলে তিনি জানিয়েছেন।
পত্রিকায় প্রকাশিত প্রতিবেদনের বরাত দিয়ে বিএনপিপন্থী আইনজীবী জুলফিকার আলী তাঁর নোটিশে বলেন, ফাহিম নিহত হওয়ার ঘটনায় নাটকীয়তা ও রহস্য রয়েছে। বন্দুকযুদ্ধে নিহত হওয়ার ঘটনা মানবাধিকার লঙ্ঘন এবং দেশের প্রচলিত ফৌজদারি আইন, হেফাজত আইন ও উচ্চ আদালত কর্তৃক রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ-সংক্রান্ত গাইডলাইন ও আদেশের পরিপন্থী।
১৫ জুন মাদারীপুর সরকারি নাজিমউদ্দিন কলেজের গণিত বিভাগের প্রভাষক রিপন চক্রবর্তীকে কুপিয়ে হত্যাচেষ্টার সময় ফাহিমকে আটক করে মানুষ। পরে তাঁকে পুলিশে দেওয়া হয়। পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত তাঁকে ১০ দিনের রিমান্ডে পাঠান। রিমান্ডে নেওয়ার পরদিন সকালে মাদারীপুরের একটি চরে সন্ত্রাসীদের সঙ্গে পুলিশের ‘বন্দুকযুদ্ধে’ গুলিবিদ্ধ হয়ে ফাহিম নিহত হন।