‘বন্দুকযুদ্ধে’ বনদস্যু বাহিনীর প্রধান সোহরাব নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার পিসি বারুইখালী গ্রামে গতকাল রোববার দুপুরে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ একজন নিহত হয়েছেন। পুলিশের ভাষ্যমতে, নিহত ব্যক্তির নাম সোহরাব হোসেন হাওলাদার (৩৮)। তিনি সুন্দরবনের বনদস্যু সোহরাব বাহিনীর প্রধান। পুলিশ জানায়, ‘বন্দুকযুদ্ধের’ সময় পুলিশের আবুল কালাম, রবিউল ইসলাম ও হাফিজুর রহমান নামের তিন সদস্য স্প্লিন্টারে আহত হন। তাঁদের মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। পুলিশ ঘটনাস্থল থেকে একটি পাইপগান, বন্দুকের দুটি তাজা গুলি ও গুলির চারটি খোসা উদ্ধার করেছে। সোহরাব পিসি বারুইখালী গ্রামের মৃত আবদুল জব্বার হাওলাদারের ছেলে।মোরেলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ আলম জানান, সোহরাব এলাকায় অবস্থান করছে—এমন খবরের ভিত্তিতে সাদা পোশাকধারী একদল পুলিশ দুপুর ১২টার দিকে পিসি বারুইখালী গ্রামে তাঁর বাড়িতে অভিযান চালায়। এ সময় সোহরাব ও তাঁর সহযোগীরা পুলিশের উপস্থিতি টের পেয়ে গুলি ছোড়ে। পুলিশও পাল্টা গুলি চালায়। বন্দুকযুদ্ধের সময় সোহরাব গুলিবিদ্ধ হয়ে নিহত হন। একপর্যায়ে সোহরাবের সহযোগীরা পালিয়ে যায়। বাগেরহাটের পুলিশ সুপার (এসপি) খন্দকার রফিকুল ইসলাম জানান, নিহত সোহরাব কয়েক বছর ধরে নিজ নামে দল গঠন করে সুন্দরবনের মোরেলগঞ্জ ও শরণখোলা সংলগ্ন বন এলাকায় ডাকাতি ও চাঁদাবাজি করে আসছিলেন। তাঁর দলে ১২ থেকে ১৫ জন সদস্য এবং পাঁচ-ছয়টি আগ্নেয়াস্ত্র আছে বলে পুলিশের কাছে গোয়েন্দা তথ্য রয়েছে। মোরেলগঞ্জ থানায় সোহরাবের বিরুদ্ধে তিনটি মামলার গ্রেপ্তারি পরোয়ানা এবং শরণখোলা থানায় অস্ত্র ও চাঁদাবাজির দুটি মামলা রয়েছে।