'বন্দুকযুদ্ধে' বাহিনীর প্রধান খলিল নিহত!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের মহেশখালী উপজেলায় গতকাল মঙ্গলবার সকালে পুলিশ ও ডাকাতদের মধ্যে এক ‘বন্দুকযুদ্ধে’ গুলিবিদ্ধ হয়ে খলিল বাহিনীর প্রধান মোহামঞ্চদ খলিল (২৫) ওরফে খইল্যা ডাকাত নিহত হয়েছেন।
এ সময় আহত হয়েছেন স্থানীয় কালারমারছড়া পুলিশ ফাঁড়ির দায়িত্বরত উপপরিদর্শক শাহ নেয়াজসহ পুলিশের চার সদস্য। পরে ঘটনাস্থল থেকে পুলিশ তিনটি অস্ত্র ও আটটি কার্তুজ উদ্ধার করে।
মহেশখালী থানার পুলিশের ভাষ্যমতে, গতকাল ভোররাত চারটার দিকে উপজেলার কালারমারছড়া ইউনিয়নের নোনাছড়ি এলাকার বাহিনীর প্রধান খলিল তাঁর লোকজন নিয়ে একটি ফিশিং বোটে করে সাগরে ডাকাতি করার প্রস্তুতি নিচ্ছিল। এ সময় খবর পেয়ে স্থানীয় কালারমারছড়া পুলিশ ফাঁড়ির দায়িত্বরত উপপরিদর্শক শাহ নেওয়াজ একদল পুলিশ নিয়ে ডাকাতদের ধাওয়া করেন। পরে ধলঘাটা ইউনিয়নের পণ্ডিতডেইল এলাকায় ওই ফিশিং বোটটি নোঙর করে ডাকাতেরা পাড়ে নেমে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। কিন্তু সকাল সাতটার দিকে বৈদ্যঘোনা এলাকায় ডাকাতেরা পৌঁছালে পুলিশও তাদের ধরার জন্য আবারও ধাওয়া করে। একপর্যায়ে ডাকাতেরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছুড়লে আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি ছোড়ে। পরে ডাকাত ও পুলিশের মধ্যে বন্দুকযুদ্ধের ঘটনায় বাঁ হাঁটুর নিচে গুলিবিদ্ধ হয়ে বাহিনীর প্রধান খলিল গুরুতর আহত হন।
এ সময় স্থানীয় পুলিশ ফাঁড়ির দায়িত্বরত উপপরিদর্শক শাহ নেওয়াজ ও তিন পুলিশ সদস্য আজগর হোসেন (২২), লিয়াকত আলী (২০) ও মোহামঞ্চদ ইয়াকুব আলী (২০) আহত হন। পরে পুলিশ ঘটনাস্থল থেকে দেশে তৈরি তিনটি অস্ত্র ও আটটি কার্তুজ উদ্ধার করে।
এদিকে আশঙ্কাজনক অবস্থায় খলিলকে দুপুর ১২টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক ঝুলন বড়ুয়া তাঁকে মৃত ঘোষণা করেন। চিকিৎসক ঝুলন বড়ুয়া প্রথম আলোকে বলেন, বাঁ পায়ের হাঁটুর নিচে দুটি হাড় ভেঙে যাওয়ার পাশাপাশি অতিরিক্ত রক্তক্ষরণের কারণে খলিলের মৃত্যু হয়। আহত অপর চার পুলিশ সদস্যকে জরুরি বিভাগে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে বলে তিনি জানান।
স্থানীয় কালারমারছড়া পুলিশ ফাঁড়ির দায়িত্বরত উপপরিদর্শক শাহ নেওয়াজ বলেন, বন্দুকযুদ্ধ চলার সময় প্রথমে গুলিবিদ্ধ হয়ে বাহিনীর প্রধান ডাকাত খলিল গুরুতর আহত হন। পরে হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। আর বন্দুকযুদ্ধ চলার সময় পুলিশের পক্ষে আটটি গুলি ছোড়া হয়েছে বলে তিনি জানান। মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহামঞ্চদ আলমগীর হোসেন বলেন, বাহিনীর প্রধান খলিল থানার তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী। তাঁর বিরুদ্ধে পাঁচটি হত্যাসহ ১৭টি মামলা রয়েছে।