'বন্দুকযুদ্ধে' বিএনপির নেতাসহ নিহত ২
নোয়াখালী ও সিরাজগঞ্জে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে পৃথক ‘বন্দুকযুদ্ধে’ বিএনপির নেতাসহ দুজন নিহত হয়েছেন।
নোয়াখালী: জেলার সোনাইমুড়ি উপজেলায় আজ বৃহস্পতিবার ভোরে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক তৌহিদুল ইসলাম (৪৩) নিহত হয়েছেন।
জেলা পুলিশ সুপার আনিসুর রহমান দাবি করেন, আজ ভোর সাড়ে তিনটার দিকে উপজেলার আমিশাপাড়া ইউনিয়নের মেহেদিপাড়ায় এ ঘটনা। তৌহিদুল থানার তালিকাভুক্ত আসামি।
নোয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালের চিকিত্সা কর্মকর্তা হাসান ইফতেখারের ভাষ্য, আজ ভোর সাড়ে পাঁচটার দিকে অজ্ঞাত দুই-তিনজন ব্যক্তি গুলিবিদ্ধ অবস্থায় এক ব্যক্তিকে হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসেন। রোগীর নাম-পরিচয় খাতায় লিখে তাঁরা দ্রুত হাসপাতাল ত্যাগ করেন। চিকিত্সাধীন অবস্থায় ওই ব্যক্তি মারা গেছেন।
সোনাইমুড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুস সামাদ দাবি করেছেন, গত মঙ্গলবার র্যাবের একটি দল তৌহিদুলকে ঢাকায় আটক ও পল্টন থানায় সোপর্দ করে। সোনাইমুড়ি থানার পুলিশের একটি দল গতকাল বুধবার তাঁকে ঢাকা থেকে নিয়ে আসে। থানায় আনার পর জিজ্ঞাসাবাদে তাঁর দেওয়া তথ্য অনুযায়ী গ্রামের বাড়ি ভদ্রগাঁওয়ের রান্নাঘর থেকে গুলিভর্তি একটি এলজি উদ্ধার করা হয়। এরপর তাঁকে নিয়ে থানায় আসার পথে মেহেদিপাড়া নামক স্থানে বিএনপির কর্মীরা পুলিশের গাড়িতে হামলা চালান। এ সময় দুই পক্ষের মধ্যে গুলিবিনিময় হয়। একপর্যায়ে তৌহিদুল গুলিবিদ্ধ হন। তাঁর বিরুদ্ধে একটি হত্যাসহ সাতটি মামলা রয়েছে।
সিরাজগঞ্জ: জেলার র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ বাবলু মিয়া (৩২) নামের একজন নিহত হয়েছেন। গতকাল বুধবার দিবাগত রাত সোয়া দুইটার দিকে সিরাজগঞ্জ পৌর শহরের কাটা ওয়াপদা এলাকায় এ ঘটনা ঘটে।
সদর থানার ওসি হাবিবুল ইসলামের দাবি, নিহত বাবলু সিরাজগঞ্জ সদর উপজেলার সয়দাবাদ ইউনিয়নের বাঐতারা গ্রামের বাসিন্দা। তাঁর বিরুদ্ধে সদর থানায় তিনটি হত্যা মামলা রয়েছে। সম্প্রতি সিরাজগঞ্জ সদর উপজেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়া সম্পাদক সাইফুল ইসলাম হত্যা মামলার এজাহারভুক্ত আসামি তিনি।
ঘটনা সম্পর্কে সিরাজগঞ্জ র্যাব-১২-এর কোম্পানি অধিনায়ক সহকারী পুলিশ সুপার অশোক পাল জানান, সিরাজগঞ্জের কয়েকজন শীর্ষ সন্ত্রাসী অস্ত্রসহ শহরের কাটা ওয়াপদার চায়না হারবার বালির পয়েন্টে জড়ো হয়েছেন—এমন সংবাদের ভিত্তিতে র্যাবের একটি দল গতকাল রাত সোয়া দুইটার দিকে ওই এলাকায় যায়। এ সময় র্যাব সদস্যদের উপস্থিতি টের পেয়ে সন্ত্রাসীরা তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে। র্যাব সদস্যরা পাল্টা গুলি ছুড়লে দুই পক্ষের মধ্যে প্রায় ১৫ মিনিট গুলিবিনিময় হয়। এই বন্দুকযুদ্ধে বাবলু নামের এক সন্ত্রাসী গুলিবিদ্ধ হয়ে নিহত হন। অন্যরা পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে একটি রিভলবার, একটি শটগান ও বেশ কিছু দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।
সদর থানার ওসি জানান, খবর পেয়ে আজ বৃহস্পতিবার সকালে লাশটি সদর থানায় নেওয়া হয়েছে। ময়নাতদন্তের পর লাশ তাঁর স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।