‘বন্দুকযুদ্ধে’ মুন্না নিহত মাদক ব্যবসা থেমে নেই
ঢাকার সাভারের ছোট বলিমেহের মজিদপুরে গত শুক্রবার দিবাগত রাতে র্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ মাদক ব্যবসায়ী মুন্নাফ ওরফে মুন্না (৩৮) নিহত হন। এ ঘটনার পরও ওই এলাকায় মাদক বিক্রি বন্ধ হয়নি। গতকাল রোববার সকালেও সেখানে মাদক বিক্রি করেছে মুন্নার লোকজন।পুলিশ জানায়, মানিকগঞ্জের সিঙ্গাইর উপজেলার সাহরাইল গ্রামের মুন্না বছর বিশেক আগে সাভার বাসস্ট্যান্ড এলাকার একটি হোটেলে চাকরি নেন। সেখানে তাঁর পরিচয় হয় সাভার পৌরসভার ইমান্দিপুর এলাকার মাদক ব্যবসায়ী আলমগীর হোসেন ও ইনসুর সঙ্গে। একপর্যায়ে মুন্না চাকরি ছেড়ে তাঁদের সঙ্গে যোগ দেন। এক যুগ আগে সন্ত্রাসীদের হাতে আলমগীর ও বন্দুকযুদ্ধে ইনসুর মৃত্যুর পর মাদক ব্যবসার নিয়ন্ত্রণ চলে আসে মুন্নার কাছে। মাদকের টাকায় ইমান্দিপুরের পাশে ছোট বলিমেহের মজিদপুর এলাকায় জমি কিনে বিশাল বাড়ি নির্মাণ করেন মুন্না। রাজধানীর বিভিন্ন এলাকায় তাঁর আরও কয়েকটি বাড়ি রয়েছে।স্থানীয় লোকজন বলেন, প্রথমে ফেনসিডিল বিক্রি করলেও বছর সাতেক ধরে মুন্না হেরোইন ও ইয়াবা বড়ি বিক্রি শুরু করেন। সাভার থানা থেকে মাত্র আধা কিলোমিটার দূরে ছোট বলিমেহের মজিদপুরে প্রতিদিন মাদকসেবীরা জড়ো হতেন। কিশোর-কিশোরীরা মুন্নার হয়ে মাদক তুলে দিতেন ক্রেতাদের হাতে। আইন প্রয়োগকারী সংস্থার লোকজন মাঝেমধ্যে অভিযান চালালেও ব্যবসা বন্ধ হয়নি কখনো।র্যাব ও সাভার থানার পুলিশ জানায়, শুক্রবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে মুন্না ও তাঁর কয়েকজন সহযোগী একটি রিকশাভ্যানে করে তাঁর স্পটে যাচ্ছিলেন। পথে র্যাব-৪ সাভার ক্যাম্পের একটি টহল দল ভ্যানটি থামানোর চেষ্টা করলে ওই ভ্যান থেকে র্যাবকে লক্ষ্য করে গুলি ছোড়া হয়। র্যাব পাল্টা গুলি ছুড়লে বুকে ও মাথায় গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মুন্নার মৃত্যু হয়।মুন্নার মৃত্যুর পর গতকাল সকালে ওই মাদকের বাজারে গিয়ে কয়েক শ মাদকসেবীকে দেখা যায়। অনেকেই জানতেন না মুন্নার মৃত্যুর কথা। ঘণ্টা দেড়েক অপেক্ষা করার পর কয়েকজন কিশোর এসে ঝটিকা বেগে তাদের হাতে হেরোইন ও ইয়াবা বড়ি তুলে দিয়ে টাকা নিয়ে দ্রুত সটকে পড়ে। সাভার থানায় চারটি মামলা: বন্দুকযুদ্ধে মুন্নার মৃত্যুর পর র্যাব-৪ সাভার ক্যাম্পের উপসহকারী পরিচালক আবদুর রাজ্জাক বাদী হয়ে গত শনিবার হত্যা, মাদক, অস্ত্র ও র্যাবের ওপর হামলার অভিযোগে সাভার থানায় চারটি মামলা করেন।সাভার মডেল থানার সহকারী পুলিশ সুপার মশিউদ্দৌলা রেজা গতকাল প্রথম আলোকে বলেন, ‘দু-একদিনের মধ্যে সাভারে ঢাকা জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) সদস্যদের নামানো হচ্ছে। শিগগিরই সাভারকে মাদকমুক্ত করা হবে।’