রাজধানীর মধ্য বাড্ডায় পোস্ট অফিস গলিতে গত বুধবার মধ্যরাতে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ বাদশা মিয়া (৩০) নামের এক যুবক নিহত হয়েছেন। পুলিশের দাবি, নিহত বাদশা অস্ত্রধারী সন্ত্রাসী। সন্ত্রাসীদের গুলির জবাবে পুলিশের করা গুলিতে তিনি মারা যান।
কিন্তু ওই গলির দোকানিরা বলেছেন, সেখানে কোনো বন্দুকযুদ্ধ বা পাল্টাপাল্টি ধাওয়া হয়নি। তাঁরা মাত্র দুটি গুলির শব্দ শুনেছেন। নিহত যুবককেও আগে কখনো দেখেননি। নিহত বাদশার দুই হাঁটুর ওপরে দুটি গুলির চিহ্ন আছে বলে জানিয়েছে মর্গ সূত্র। এ ছাড়া ঘটনার বিষয়ে বাড্ডা থানার পুলিশ ও ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) জনসংযোগ বিভাগের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতেও ভিন্নতা রয়েছে। বাদশার বিরুদ্ধে কোনো থানায় মামলা কিংবা অভিযোগ আছে কি না, তাও জানাতে পারেনি পুলিশ।
বাড্ডা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এ জলিল প্রথম আলোর কাছে গতকাল বৃহস্পতিবার দুপুরে দাবি করেন, বুধবার রাত পৌনে ১২টার দিকে মধ্য বাড্ডার পোস্ট অফিস গলিতে মায়ের দোয়া নামের চায়ের দোকানের পাশে তিন যুবককে সন্দেহ হওয়ায় কর্তব্যরত টহল পুলিশ তাঁদের দাঁড়াতে বলে। এ সময় যুবকদের একজন পুলিশের দিকে গুলি ছুড়লেও তা কারও গায়ে লাগেনি। পুলিশ পাল্টা গুলি করলে বাদশার পায়ে গুলি লাগে। অন্যরা পালিয়ে যায়। গুলিবিদ্ধ বাদশাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পর রাত একটার দিকে তাঁর মৃত্যু হয়। অতিরিক্ত রক্তক্ষরণে তাঁর মৃত্যু হয়েছে। লাশ মর্গে রয়েছে।
ওসি বলেন, বাদশার কাছ থেকে একটি বিদেশি পিস্তল, আটটি গুলি ও দুটি ম্যাগাজিন উদ্ধার করা হয়েছে। আহত অবস্থায় গ্রেপ্তারের পর তিনি পুলিশকে বলেছেন, তাঁরা পোস্ট অফিস গলিতে বিকাশ করে টাকা পাঠানোর দোকানে ডাকাতি করতে যাচ্ছিলেন। বাদশা তাঁর দুই সহযোগীর নামও বলেছেন। তিনি বলেছেন, তিনি পল্লবীর কালসিতে থাকতেন, গ্রামের বাড়ি বরগুনার আমতলীতে। ওই দুই সহযোগী বাড্ডায় থাকেন, বুধবার রাতে তাঁরা বাদশাকে ডেকে এনেছিলেন। ঘটনাস্থল থেকে গুলির একটি খোসা উদ্ধার করা হয়। এর আগে পোস্ট অফিস গলিতে দু-তিনটি ডাকাতি হয়েছে।
এদিকে সন্ধ্যায় ডিএমপির জনসংযোগ বিভাগের সংবাদ বিজ্ঞপ্তির ভাষ্য অনুযায়ী, ছিনতাইয়ের উদ্দেশ্যে কয়েকজন অস্ত্রধারীর পোস্ট অফিস গলিতে অবস্থানের খবর পেয়ে বাড্ডা থানার উপপরিদর্শক (এসআই) মোশারফ হোসেন ফোর্স নিয়ে সেখানে অভিযান চালান। সন্ত্রাসীদের গুলির জবাবে পুলিশ গুলি করলে বাদশা গুলিবিদ্ধ হন। তাঁর কাছ থেকে একটি বিদেশি পিস্তল, তিনটি গুলি ও দুটি চাপাতি উদ্ধার করা হয়। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
পুলিশ কর্মকর্তারা বলেন, বাদশা মিরপুরের বাসিন্দা হওয়ায় সেখানকার থানাগুলোতে তাঁর বিরুদ্ধে মামলা কিংবা অভিযোগ আছে কি না, তা জানতে চাওয়া হয়েছে।
হাসপাতাল ও মর্গ সূত্র জানায়, বাদশার বাঁ ও ডান হাঁটুর ওপরে দুটি গুলির চিহ্ন পাওয়া গেছে। লাশ শনাক্ত করতে রাত নয়টা পর্যন্ত কেউ মর্গে যায়নি।
গতকাল দুপুরে পোস্ট অফিস গলিতে গিয়ে দেখা যায়, ঘটনাস্থলটি তিন গলির সংযোগস্থলের কাছে। সেখানে বেশ কিছু ভাঙা ইট ও সুরকি পড়ে আছে। গলির দুই পাশেই দোকান ও বাড়ি।
ঘটনাস্থলের আশপাশের দোকানি ও বাসিন্দারা প্রথম আলোকে জানান, সেখানে দুই পক্ষের মধ্যে গোলাগুলি কিংবা পাল্টাপাল্টি কোনো ধাওয়া হয়নি। তাঁরা শুধু দুটি গুলির শব্দ শুনেছেন। এক দোকানি বলেন, রাত সাড়ে ১১টার পর তিনি দোকান বন্ধ করার প্রস্তুতিকালে ওই চায়ের দোকানের পাশে হঠাৎ দুটি গুলির শব্দ শোনেন। ওই সময় তিনি কাউকে পালিয়ে যেতে দেখেননি। স্থানটি ঘিরে ছিলেন পুলিশের বেশ কয়েকজন সদস্য। কিছুক্ষণ পর সেখানে স্থানীয় বাসিন্দারা ভিড় করেন।
আবদুল মালেক ও আবদুর রহিম নামের দুজন দোকানি বলেন, নিহত যুবককে তাঁরা আগে কখনো এলাকায় দেখেননি।