‘বন্দুকযুদ্ধে’ যুবক নিহত
রাজধানীর কাফরুল থানার ভাসানটেক এলাকায় গত শুক্রবার রাতে র্যাবের গুলিতে শহীদ ওরফে নাডু শহীদ (২৮) নামের এক যুবক নিহত হয়েছেন। র্যাবের দাবি, নিহত নাডু শহীদ একজন সন্ত্রাসী। তাদের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ তিনি নিহত হন।গতকাল শনিবার র্যাবের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, পশ্চিম ভাসানটেকের গোলটেক এলাকায় কয়েকজন সন্ত্রাসী অবস্থান করছে—এমন খবরের ভিত্তিতে র্যাব-৪-এর একটি দল সেখানে অভিযান চালায়। র্যাবের সদস্যরা পশ্চিম ভাসানটেকের বালুর মাঠে পৌঁছালে সন্ত্রাসীরা র্যাবকে লক্ষ্য করে গুলি ছোড়ে। র্যাবও পাল্টা গুলি চালালে সন্ত্রাসীরা পালিয়ে যায়। গোলাগুলি শান্ত হওয়ার পর শহীদকে গুলিবিদ্ধ অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। র্যাব ঘটনাস্থল থেকে একটি রিভলবার, একটি গুলি, একটি চাকু, একটি হাঁসুয়া ও গুলির খোসা উদ্ধার করে। শহীদের বিরুদ্ধে বিভিন্ন থানায় হত্যা ও চাঁদাবাজির মামলা রয়েছে বলে র্যাবের বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।নিহত শহীদের স্ত্রী রাবেয়া বেগম প্রথম আলোকে জানান, পরিবার নিয়ে এক নম্বর ভাসানটেক বস্তিতে থাকতেন শহীদ। গত সোমবার দুপুরে আশুলিয়া থেকে র্যাবের সদস্যরা তাঁকে গ্রেপ্তার করেন। এর পর থেকে তাঁর কোনো খোঁজ পাওয়া যায়নি। তাঁর স্ত্রী আরও জানান, শহীদ আগে খারাপ থাকলেও বেশ কিছুদিন ধরে ভালো হওয়ার চেষ্টা করছিলেন। সে কারণে নিজের বাসা ছেড়ে আশুলিয়ায় বসবাস করছিলেন। শহীদের বাড়ি কিশোরগঞ্জের আলমপুর গ্রামে। তাঁর বাবার নাম সিরাজ ভান্ডারি।